ছিনতাইকারীদের হাতে চট্টগ্রামে রেলওয়ের কর্মকর্তা খুন
চট্টগ্রাম মহানগরে রোববার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা খুন হয়েছেন। নিহত কর্মকর্তার নাম আবদুল হাই মজুমদার (৫৬)। তিনি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তরের জ্যেষ্ঠ বাজেট কর্মকর্তা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল হাই ঢাকা থেকে বিরতিহীন ট্রেন ‘সুবর্ণ’তে করে রোববার রাতে চট্টগ্রামে আসেন। পুরোনো স্টেশন থেকে তিনি রিকশায় করে কদমতলীর অদূরে অফিসার্স মেসের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে বাইশমহল্লা কবরস্থানের বিপরীতে তাঁর রিকশার গতি রোধ করে তিন-চারজন ছিনতাইকারী। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নেয় এবং ডান পায়ের নিচের অংশে ছুরিকাঘাত করে চলে যায়। তিনি দীর্ঘক্ষণ সেখানে পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্র জানায়, প্রচুর রক্তক্ষরণে আবদুল হাইয়ের মৃত্যু হয়েছে। আহত হওয়ার অনেক পরে তাঁকে জরুরি বিভাগে আনা হয়। দ্রুত হাসপাতালে আনা হলে তাঁকে বাঁচানোর সুযোগ ছিল। ঘটনার খবর পুলিশও পেয়েছে অনেক দেরিতে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, রাত পৌনে ১২টার দিকে আবদুল হাইকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আবদুল হাইয়ের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ফতেপুর গ্রামে। ময়নাতদন্তের পর গতকাল সোমবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমেনা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুল হাই খুন হন। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক জাহিদুল কবির বলেন, নিহত আবদুল হাই রেলওয়ে অফিসার্স মেসে থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। এ ঘটনায় তাঁর ভাতিজা সাজ্জাদ হোসেন মজুমদার মামলা করেছেন।