ছিনতাইকারীর কবলে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও তাঁর ধানমন্ডির বাসায় আসা কয়েকজন অতিথি গত শুক্রবার রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা বাসার সামনেই তাঁদের ওপর চড়াও হয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু দামি মালামাল ছিনিয়ে নিয়েছে।ধানমন্ডি থানার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এবং তাঁর স্ত্রী আসফিয়া আজিম শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কয়েকজন অতিথিকে বিদায় দিতে তাঁদের ১১/এ নম্বর সড়কের বাসার সামনে নামেন। রাস্তায় নামতেই রুপালি রঙের একটি ব্যক্তিগত গাড়ি তাঁদের সামনে এসে থামে। এ সময় অজ্ঞাতনামা চারজন লোক গাড়িটি থেকে নেমে তাঁদের ঘিরে ধরে। তারা পিস্তল ও চাপাতির ভয় দেখিয়ে সবার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা, দুটি ব্ল্যাকবেরিসহ ছয়টি মুঠোফোন এবং স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে গতকাল শনিবার ধানমন্ডি থানায় ছিনতাইয়ের মামলা করা হয়।সাজ্জাদ শরিফ বলেন, ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি জানান, খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লুণ্ঠিত টাকা ও জিনিসপত্র উদ্ধার এবং এর সঙ্গে জড়িত লোকদের গ্রেপ্তার করতে ‘সোর্স’ লাগানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তারা ধরা পড়বে বলে তিনি আশা করেন। মো. আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি পুলিশ রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে বেশি ব্যস্ত থাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। তুলনামূলকভাবে নিরিবিলি এলাকা ধানমন্ডির কয়েকজন বাসিন্দা বলেন, রাতে এখানকার বেশির ভাগ সড়কে পুলিশের টহল থাকে না। লোকজন রাস্তায় বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানের ফটকেও ছিনতাই হচ্ছে। ছিনতাই-আতঙ্কে এলাকার মানুষ সন্ধ্যার পর বিশেষ প্রয়োজন ছাড়া বের হন না। কয়েকজন বাসিন্দা বলেন, বেশ কিছুদিন আগে একবার ছিনতাই ঠেকাতে পুলিশ ধানমন্ডির কয়েকটি রাস্তায় রাতের বেলায় গাড়ি চলাচল বন্ধ রাখার মতো চরম ব্যবস্থা নিয়েছিল।