ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্র খুন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাব্বির হোসেন (১৬) নামের এক ছাত্র খুন হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাব্বির আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের টিকিট কাটতে গেলে এই খুনের ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ছিনতাইকারী মো. হানিফকে গ্রেপ্তার করেছে। সাব্বিরের বাড়ি গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি ট্যাংকির পাড় এলাকায়। সে গাজীপুরের একটি বেসরকারি পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। সাব্বির ময়মনসিংহে তার মামার বাড়ি বেড়াতে এসেছিল। সাব্বিরের মামা সুমন রহমান প্রথম আলো ডটকমকে জানান, সাব্বির মা-বাবার সঙ্গে ঈদ করতে চেয়েছিল। তাই তিনি ভাগ্নেকে টিকিট কাটতে টাকা দিয়ে স্টেশনে পাঠান। কিছুক্ষণ পর সে বুকে ছুরিকাঘাতের ক্ষত নিয়ে দৌড়ে স্টেশনের কাছে তাঁর দোকানে আসে। সঙ্গে সঙ্গে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সুমন রহমান অভিযোগ করেন, ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত সাব্বির রেলওয়ে পুলিশকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও তারা তাকে নিয়ে যায়নি।অভিযোগ অস্বীকার করে রেলওয়ে থানার কর্তব্যরত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর ছিনতাইকারীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। সাব্বির আহত অবস্থায় দৌড়ে তার মামার দোকানে চলে যায়। রেলওয়ে পুলিশ এ ঘটনায় বাদী হয়ে আজ মঙ্গলবার মামলা করেছে।