ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. নবাব আলী (৩০) নামের এক চশমা ব্যবসায়ী নিহত হয়েছে। জিনজিরা বটতলা ব্যাংক ঘাট-সংলগ্ন সড়কে আজ শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, নবাব আলী ঢাকার পাটুয়াটুলী থেকে চশমা কিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। গত বুধবার চশমা বিক্রির উদ্দেশ্যে তিনি বরিশাল যান। সেখান থেকে লঞ্চে করে শুক্রবার ঢাকার সদরঘাটে পৌঁছান। ভোর পৌনে ছয়টার দিকে কেরানীগঞ্জের ভাড়া বাসায় ফেরার ছিনতাইকারীদের কবলে পড়েন।স্থানীয় সূত্র জানায়, ছিনতাইকারীরা নবাব আলীর কাছে থাকা সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে। নিহত নবাব আলীর বাবার নাম মো. শরীফ। গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানাধীন সোনাউটা এলাকায়। সে সস্ত্রীক কেরানীগঞ্জের গোলজারবাগ আজাদ চেয়ারম্যানের বাড়িতে ভাড়া থাকতেন।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নবাব আলীকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন।