ছিনতাইকারীর ছুরিতে মাছ ব্যবসায়ী নিহত
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে আজ বৃহস্পতিবার ভোররাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৩০) নামের একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকভর্তি মাছের চালক ইউসুফ আলী।ইউসুফ আলী প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোররাত সাড়ে চারটার দিকে গাজীপুর থেকে ট্রাকভর্তি মাছ নিয়ে কারওয়ান বাজারে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন হাফিজুর। মহাখালীর ফ্লাইওভারের কাছে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁদের ট্রাকের গতিরোধ করে। একপর্যায়ে তারা হাফিজকে ছুরিকাঘাত করে। হাফিজকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হন ইউসুফ। রক্তাক্ত অবস্থায় ওই দুজনকে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক হাফিজকে মৃত ঘোষণা করেন। ইউসুফ আলী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ট্রাকে প্রায় তিন লাখ টাকার মাছ ছিল বলে জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাটি কাফরুল থানা এলাকায় ঘটেছে। এ ব্যাপারে কাফরুল থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।