রাজধানীতে প্রতিনিয়তই কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে, যার বেশির ভাগই প্রকাশ পায় না
ছিনতাইকারীরা বেপরোয়া
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা আবার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত সপ্তাহে অন্তত তিনটি বড় ছিনতাই হয়েছে, যাতে প্রায় ৬০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর মধ্যে একটি ঘটনায় দুজনকে গুলি করে আহত করা হয়েছে।ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, মহানগর পুলিশে জনবলের সংকট রয়েছে। এর পরও ছিনতাই ঠেকাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। কয়েকটি বড় ঘটনা: গত রোববার ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুব আলম ব্যাংকটির যাত্রাবাড়ী শাখা থেকে ৫০ লাখ টাকা তুলে প্রাইভেট কারে করে নারায়ণগঞ্জে যাওয়ার সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে টাকা লুটে নেয়। গত বৃহস্পতিবার উত্তরায় দিনদুপুরে ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে প্রায় পৌনে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। এর দুই দিন আগে মঙ্গলবার মিরপুর ৬ নম্বর সেকশনে ছিনতাইকারীরা ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে তিন লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। অনেক ঘটনাই প্রকাশ পায় না: এ রকম কিছু ঘটনায় মামলা হওয়ায় গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে। কিন্তু রাজধানীতে প্রতিনিয়তই কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে, যার বেশির ভাগই প্রকাশ পায় না। কারণ ভুক্তভোগীরা হয়রানির ভয়ে থানা-পুলিশ করতে চায় না। মামলা হলেও লুট হওয়া টাকা বা মাল সাধারণত উদ্ধার হয় না। পুলিশ এ পর্যন্ত ওয়ান ব্যাংকের ৫০ লাখ ও মিরপুর ৬ নম্বরে ছিনতাই হওয়া পৌনে চার লাখ টাকা উদ্ধার করতে পারেনি। তবে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দাবি করেন, তাঁরা ছিনতাইকারী সন্দেহে দুটি দলকে চিহ্নিত করেছেন। টাকা উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীসহ বিভিন্ন সূত্র থেকে গত ১৫ দিনে রাজধানীতে অন্তত ১০০ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। আর এই সময়ে ছিনতাইকারীদের হাতে আহত হয়ে অন্তত ৫০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। কিন্তু মহানগর পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই সময়ে মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই (দস্যুতা) ও দ্রুত বিচার আইনে মামলা হয়েছে মাত্র ২৮টি।গত বৃহস্পতিবার রাতে মিরপুর বেড়িবাঁধে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্রের মুখে অটোরিকশা আটকে যাত্রী সাইফুর রহমানের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। সাইফুর প্রথম আলোকে জানান, পুলিশি হয়রানির আশঙ্কায় তিনি থানায় মামলা করতে যাননি। এর আগে ওই দিন সকালে মগবাজার চান বেকারি গলির জহুরা টাওয়ারের সামনে থেকে দুই ছিনতাইকারী নাক-মুখ চেপে ধরে এক কলেজছাত্রীকে পাশের ওয়্যারলেস কলোনিতে নিয়ে যায়। তারা ভয় দেখিয়ে ওই কলেজছাত্রীর কাছ থেকে সোনার কানের দুল, চার হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরিচিতজনেরা ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। স্থানীয় লোকজন জানায়, জহুরা টাওয়ারের পাশে যুবকেরা আড্ডা দেয় এবং তারাই সুযোগ বুঝে ছিনতাই করছে। কূটনীতিকের চিঠি: অভিজাত এলাকায়ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে গেছে যে কোরীয় রাষ্ট্রদূত গত ২৪ জুন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে খোদ পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন। রাষ্ট্রদূত তাইয়াং চো ওই চিঠিতে বনানী বাজারে জুন মাসে দুই সপ্তাহের মধ্যে (৭ ও ১৯ জুন) তিন কোরীয় নাগরিকের ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানান এবং তাঁর দেশের নাগরিকদের নিরাপত্তা চান।কূটনৈতিক মিশনগুলোর সংস্থা ইউএনডিএসএসের এক প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ছয় মাসে গুলশান ও বনানীতে ২৩টি ছিনতাই ও দস্যুতার রেকর্ড হয়েছে, যার মধ্যে কয়েকটির শিকার পর্যটকসহ বিদেশি নাগরিক।এর আগে গত বছর ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পুলিশ চরম পন্থা অবলম্বন করে। ওই সময় বেশ কয়েকজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এরপর কিছুদিনের জন্য রাজধানীতে ছিনতাই বেশ কমে যায়। র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, হঠাৎ করে বড় অঙ্কের ছিনতাইয়ের কিছু ঘটনা ঘটলেও তা গুরুতর আকার ধারণ করেনি কিংবা উদ্বেগজনকও নয়। তবে ছিনতাই প্রতিরোধে র্যাব ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে।পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, নগরে ছিনতাইয়ের কিছু ঘটনা ঘটেছে। এর আগে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টাকা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে।যেসব জায়গায় ছিনতাই বেশি: ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, সম্প্রতি বিভিন্ন থানার ওপেন হাউস ডের পর্যালোচনায় দেখা যায়, মহানগরের প্রায় আড়াই শ স্থানে নিয়মিত ছিনতাই হচ্ছে। কিন্তু চিহ্নিত স্থানে সার্বক্ষণিক পুলিশ দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে ছিনতাইকারীরা পুলিশের দায়িত্বে পালাবদলের সময়ে বেশি ছিনতাই করে। খোঁজ নিয়ে জানা যায়, যাত্রাবাড়ী, জুরাইন, গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর, মিরপুর বেড়িবাঁধ, মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে, পীরেরবাগ মুক্তি হাউজিং, মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, কাঁটাসুর, ধানমন্ডির ৮ নম্বর ব্রিজ মোড়, শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও আশপাশের মূল সড়কে, ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোড ও টিঅ্যান্ডটি কার্যালয়ের পেছনের গলি, বনানীর ঢাকা গেট, গুলশান নিকেতন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত মোড়, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগ রেলগেট, কাকলী মোড়, গুলশান শ্যুটিং ক্লাবের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, তিন নেতার মাজারের সামনের রাস্তায়, মহাখালী কাঁচাবাজারের সামনে, বনানী বাজার, মগবাজার, নয়াটোলা, শ্যামপুরের দনিয়া, পোস্তগোলা সেতুর কাছে, আলমবাগ, সূত্রাপুরের ঢালকা নগর ও ভজহরি সাহা স্ট্রিটে প্রায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে।