ছিনতাইকারীরা বেপরোয়া, রেহাই পাচ্ছে না পুলিশও
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে গতকাল সোমবার সালমান আবদুল্লাহ (২৬) নামের এক ইন্দোনেশীয়কে এলোপাতাড়ি কুপিয়েছে ছিনতাইকারীরা। তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক। গত মঙ্গলবার গভীর রাতে কাফরুল থানার সেনপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবিউল ইসলাম (২৯) নামের এক অটোরিকশাচালক খুন হন। এর দেড় ঘণ্টা আগে পূর্ব শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক অটোরিকশাচালক কোরবান আলী (৩০) আহত হন। গুলিস্তানে ছিনতাইকারীর গুলিতে আহত বৃদ্ধ গত বৃহস্পরিবার রাতে মারা গেছেন। রাজধানীর আড়াই শ স্থানে প্রতিদিনই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের হিসাবমতে, রাজধানীতে দিনে দুটি করে ছিনতাই হচ্ছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, এই সংখ্যা আরও অনেক বেশি। গত ২০ দিনে রাজধানীতে দেড় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের হাত থেকে বিদেশি নাগরিক, এমনকি পুলিশও রেহাই পাচ্ছে না। ভুক্তভোগী, হাসপাতাল ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ২০ দিনে ছিনতাইকারীদের হাতে সিএনজি অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের হাতে অন্তত ৬০ জন আহত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে মহানগর পুলিশের হিসাব অনুযায়ী গত ২০ দিনে নগরের বিভিন্ন থানায় ছিনতাই (দস্যুতা) ও দ্রুত বিচার আইনে মামলা হয়েছে মাত্র ৪০টি।সূত্রমতে, রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যার বেশির ভাগই প্রকাশ পায় না। কারণ ভুক্তভোগী ব্যক্তিরা হয়রানির ভয়ে পুলিশের কাছে যেতে চান না। ছিনতাইয়ের শিকার হলে আহত হয়ে হাসপাতালে গেলে কিংবা থানায় মামলা হলে তা কেবল গণমাধ্যমে প্রকাশ পায়।গতকাল সোমবার রাতে যোগাযোগের চেষ্টা করেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাই বেড়েছে কি না, পরিসংখ্যান না দেখে বলা যাবে না। তবে প্রতিদিনই কিছু কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে তিনি স্বীকার করেন। কয়েকটি ঘটনা: গত রোববার রাতে নগরের গুলশান-১-এর শ্যুটিং ক্লাবের কাছে ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান (২৮)। কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে একটি ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। গাড়ির আরোহীর চিৎকার শুনে টহলরত ওই কনস্টেবল মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা গুলি ছুড়লে তাঁর পেটের বাঁ পাশে গুলি লাগে।গত রোববার রাতে সেগুনবাগিচায় ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্রের মুখে সরকারি কর্মকর্তা আফতাব হোসেনের কাছ থেকে টাকা-পয়সা ও তাঁর স্ত্রীর অলংকার নিয়ে যায়। ঈদ উদ্যাপন শেষে তিনি সপরিবারে গ্রামের বাড়ি থেকে ঢাকায় পৌঁছার পর একটি ট্যাক্সিক্যাবে বাসার সামনে নামেন। এ সময় প্রাইভেটকারে চড়ে চার ছিনতাইকারী এসে আগ্নেয়াস্ত্রের মুখে তাঁর শিশুসন্তানদের জিম্মি করে। ঘটনার পর থেকে তাঁর সন্তানদের আতঙ্ক কাটছে না।স্থানীয় আনোয়ার হোসেন জানান, বেশ কিছুদিন ধরে শেওড়াপাড়ায় ছিনতাই হলেও তা প্রতিকারে কাফরুল থানার পুলিশের কোনো তৎপরতা নেই। ছিনতাইয়ের সঙ্গে শেওড়াপাড়া জামতলা মাঠের মুরগি বাদশার নেতৃত্বে একটি একটি চক্র তৎপর বলে এলাকাবাসী অভিযোগ করেন।কূটনীতিক এলাকা: গুলশান ও বনানীর অভিজাত এলাকায়ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে, কোরীয় রাষ্ট্রদূত গত ২৪ জুন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন। রাষ্ট্রদূত তাইয়াং চো ওই চিঠিতে বনানী বাজারে গত জুন মাসে তিন কোরীয় নাগরিকের ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানান এবং তাঁর দেশের নাগরিকদের নিরাপত্তা চান। কূটনৈতিক মিশনগুলোর সংস্থা ইউএনডিএসএসের এক প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ছয় মাসে গুলশান ও বনানীতে ২৩টি ছিনতাই ও দস্যুতার রেকর্ড হয়েছে, যার মধ্যে কয়েকটির শিকার পর্যটকসহ বিদেশি নাগরিক। জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম ইসলাম প্রথম আলোকে বলেন, হঠাৎ করে অনেক সময় ছিনতাই বেড়ে যায়, আবার তা পুলিশের চেষ্টায় কমেও আসে। গত রোববার রাতে গুলশান-১ নম্বরে ছিনতাইকারীর গুলিতে পুলিশের কনস্টেবল আসাদুজ্জামান আহত হওয়ার পর পুলিশের নিরাপত্তা চৌকি বসানো ও টহল বাড়ানো হয়েছে।গ্রেপ্তারও আছে: গত রোববার সন্ধ্যায় মালিবাগে একটি মাইক্রোবাস ছিনতাইয়ের সময় তরুণী শিল্পী আক্তার দোলনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে মিরপুর থানার পুলিশ গত শনিবার অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রমজান মাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় র্যাব চরমপন্থা অবলম্বন করে। ওই সময় বেশ কিছু ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এরপর রাজধানীতে ছিনতাই কিছুটা কমে যায়। কিন্তু হঠাৎ কিছুদিন ধরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।যেসব জায়গায় ছিনতাই বেশি: ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, সম্প্রতি বিভিন্ন থানার ওপেন হাউস ডের (উন্মুক্ত দিবস) আলোচনা-পর্যালোচনা করে দেখা যায়, মহানগরের প্রায় আড়াই শ স্থানে নিয়মিত ছিনতাই হচ্ছে। তবে চিহ্নিত স্থানে সার্বক্ষণিক পুলিশ দেওয়া সম্ভব হয় না। ভুক্তভোগী ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে, নগরের যাত্রাবাড়ী, জুরাইন, গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর, মিরপুর বেড়িবাঁধ, মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে, পীরেরবাগ মুক্তি হাউজিং, মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, কাটাসুর, ধানমন্ডির ৮ নম্বর ব্রিজ মোড়, শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও আশপাশের মূল সড়কে, আগারগাঁও থেকে তালতলা মোড়, যাত্রাবাড়ী থেকে কাজলার পাড়, ফার্মগেটসংলগ্ন ইন্দিরা রোড ও টিঅ্যান্ডটি কার্যালয়ের পেছনের গলি, বনানীর ঢাকা গেট, গুলশান নিকেতন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত মোড়, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগ রেলগেট, কাকলী মোড়, গুলশান শ্যুটিং ক্লাবের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, তিন নেতার মাজারের সামনের রাস্তায়, মহাখালী কাঁচাবাজারের সামনে প্রায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে।