ঈদ যতই ঘনিয়ে আসছে, রাজধানীতে ছিনতাইকারীরা ততই বেপরোয়া হয়ে উঠছে। তাদের হাত থেকে রেহাই পাননি র্যাব সদস্যও। ১৬ জুলাই দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে মো. জাফর নামের এক র্যাব সদস্যকে গুলি করে তাঁর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।মহানগর পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ছিনতাই বন্ধে তল্লাশি চৌকি ও টহল পুলিশের কার্যক্রম আরও জোরদার করা, বিভিন্ন এলাকার পুলিশ ক্যাম্প ও ফাঁড়িগুলোকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়।এদিকে পেশাদার দুর্বৃত্তদের পাশাপাশি একশ্রেণীর পুলিশ সদস্যও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এমনই একটি ঘটনা ঘটেছে ৩ জুলাই মানিক মিয়া এভিনিউতে। ওই দিন দুপুরে সাদা পোশাকের চার পুলিশ এক রিক্রুটিং এজেন্সির কর্মচারী লিটন চন্দ্র দাসকে ধরে চোখ বেঁধে মাইক্রোবাসে তোলে। তখন সেখানকার ফুটপাতের এক চা-বিক্রেতা পুলিশদের উদ্দেশে বলেন, ‘স্যার, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন’? এ কথা বলার সঙ্গে সঙ্গে বাবু নামের ওই চা-বিক্রেতাকেও মাইক্রোবাসে তোলা হয়। দুজনকে গাড়িতে তুলে মারধর করা হয়। এরপর লিটনের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে ওই চা-বিক্রেতাসহ তাঁকে বনানীর চেয়ারম্যানবাড়ির রাস্তায় নামিয়ে দেওয়া হয়। ওই রিক্রুটিং এজেন্সির মালিক মহিবুর রহমান জানান, লিটন তাঁর কর্মচারী। ঘটনার দিন আসাদগেটের ব্র্যাক ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে ফেরার সময় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। পরে ঘটনাস্থলে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, শেরেবাংলা নগর থানার কয়েকজন পুলিশ এই ছিনতাইয়ে জড়িত। ওই চা-বিক্রেতা তাদের আগে থেকে চেনেন। তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে মামলা করতে ২৩ দিন ধরে চেষ্টা করছেন। কিন্তু গতকাল পর্যন্ত শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি। ৫ জুলাই এই প্রতিবেদক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেনের কাছে এ বিষয়ে জানতে চান। তিনি ওই দিন বলেন, ‘এ রকম একটা ঘটনার কথা আমিও শুনেছি। যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাই ঘটনাটি তদন্তের জন্য শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছিনতাইয়ে পুলিশ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।’ তিনি এ-ও বলেন, সত্যতা পাওয়া গেলে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবশ্যই থানায় মামলা নেওয়া হবে।দুদিন পর আবার যোগাযোগ করা হলে উপকমিশনার প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তাকে ডেকে নিয়ে বিষয়টি তিনি জেনে পরদিন জানাবেন। পরদিন আবার জানতে চাইলে তিনি আর ফোন ধরেননি। এরপর ৯ জুলাই আবার টেলিফোনে যোগাযোগ করা হলে উপকমিশনার ইমাম হোসেন বলেন, ব্যস্ততার কারণে এ বিষয়ে তিনি খোঁজ নিতে পারেননি। তাই পরদিন ১০ জুলাই এই প্রতিবেদককে ফোন করতে বলেন। পরদিন আবার ফোন করার পর তিনি জানান, ‘থানার ওসি ছুটিতে গেছেন, তিনি কাল ফিরে আসবেন। কাল ফোন দিয়েন।’ পরামর্শ অনুযায়ী, ১১ জুলাই আবার মুঠোফোন করা হলে উপকমিশনার ধরেননি। ১২ জুলাই ফোন ধরেননি। এরপর ১৬ জুলাই দুপুরে আবার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি শেরেবাংলা নগর থানায় আছেন। তিনি এই প্রতিবেদককে লাইনে রেখে ওসির কাছে জানতে চান, ওই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর দেওয়া মামলাটি নেওয়া হয়েছে কি না। ওসি জবাব দেন, মামলা নেওয়া হয়নি। এরপর উপকমিশনার এই প্রতিবেদককে বলেন, ‘একটু পরে আপনাকে বিষয়টি জানাচ্ছি।’ ওই দিন তিনি আর কিছু জানাননি। পরদিন ১৭ জুলাই তিনি এই প্রতিবেদকের ফোন আর ধরেননি।সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে জানতে আবার ফোন করা হলে উপকমিশনার বলেন, ‘আমি বাইরে আছি, একটু পরে কথা বলব।’ সর্বশেষ শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা গতকাল বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি।এদিকে ঘটনার ছয় দিন পর ৯ জুলাই পুলিশ নিজেরা লিখে তাতে ওই রিক্রুটিং এজেন্সির কর্মচারীর সই নিয়ে একটি জিডি করেন। তাতে বলা হয়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ছিনতাই করেছে। এ জিডির বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে ঘটনার শিকার লিটন ও তাঁর প্রতিষ্ঠানের মালিক মহিবুর রহমান র্যাব-২-এর কার্যালয়ে একটি দরখাস্ত দেন। এর পর তাঁদের দুজনকে র্যাব কার্যালয়ে ডেকে নেন এবং লিটনকে ব্যাপক মারধর করে বিদায় করেন র্যাবের (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।অভিযোগকারীকে উল্টো মারধরের বিষয়ে জানতে চাইলে র্যাব-২-এর পরিচালক এস এম কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। তিনি অভিযোগকারীকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন।’বন্ধ করা হয়েছে পুলিশের সিভিল টিম: রাজধানীর বিভিন্ন থানার অধীন সাদা পোশাকে কর্তব্যরত ‘সিভিল টিমের’ অনেক সদস্যের বিরুদ্ধে এ রকম ছিনতাই এবং অপহরণ করে মুক্তিপণের অভিযোগ পুরোনো। মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, এ রকম অভিযোগ বাড়তে থাকায় ছয় মাস আগে পুলিশ কমিশনারের সঙ্গে উপকমিশনারদের এক বৈঠকে থানাগুলোর অধীন সিভিল টিম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। অবশ্য মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল দাবি করেন, সাদা পোশাকে পুলিশ ছিনতাই করেছে—এমন অভিযোগ তিনি পাননি। তবে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ভুয়া সেনাবাহিনী ও পুলিশ সেজেও ছিনতাই হচ্ছে বলে তিনি জানান।পুলিশের হিসাব ও বাস্তবতার বিরাট ফারাক: পুলিশের হিসাবমতে, রাজধানীতে দিনে গড়ে একটির বেশি ছিনতাই হচ্ছে। থানায় দায়ের হওয়া মামলার হিসাব থেকে পুলিশ এ গড় হিসাব বের করেছে। তবে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি। বেসরকারি হিসাবে শুধু গত ২০ দিনেই রাজধানীতে দেড় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এই ২০ দিনে ছিনতাইকারীদের হাতে আক্রান্ত অন্তত ৬০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু মহানগর পুলিশের হিসাবে, গত ২০ দিনে নগরের বিভিন্ন থানায় ছিনতাই ও দ্রুত বিচার আইনে মামলা হয়েছে মাত্র ২৫টি। এর আগে গত জুনে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে মাত্র ১৫টি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ছিনতাইকারীর হামলায় আহত হয়ে হাসপাতালে গেলে কিংবা থানায় মামলা হলে তা গণমাধ্যমে প্রকাশ পায়। এর বাইরে প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাই, কিন্তু ভুক্তভোগীদের বেশির ভাগই উল্টো হয়রানির আশঙ্কায় থানা-পুলিশ পর্যন্ত যেতে চান না। আবার কেউ কেউ থানায় গেলেও পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে বিদায় করে বলে অভিযোগ আছে। ফলে ছিনতাইয়ের প্রকৃত হিসাব পুলিশ বা সরকারের কাছে থাকে না।পুলিশের একটি সূত্র জানায়, অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখাতে থানার ওসি ছিনতাইয়ের মামলা না নিয়ে জিডি হিসেবে গ্রহণ করে।১২ জুলাই আগারগাঁও এলাকায় মোটরসাইকেলযোগে দুজন ছিনতাইকারী আগারগাঁও ক্রসিংয়ের রিকশার গতিরোধ করে যাত্রী কাজী রোবায়েত ইসলামের কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নেয়। রোবায়েত অভিযোগ করেন, শেরেবাংলা নগর থানায় মামলা করতে লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তা জিডি হিসেবে গ্রহণ করে। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল দাবি করেন, জিডি হলেও তদন্তে সত্যতা পাওয়া গেলে তা মামলায় রূপান্তর করা হয়। কয়েকটি ঘটনা: গত বৃহস্পতিবার ভোরে পুরান ঢাকার কে এম দাস লেনে কথাকলি স্কুলের সামনে তিন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে আরোহী ফটোসাংবাদিক সুবীর কুমারকে ছুরিকাঘাত করে এবং তাঁর মুঠোফোন ও হাতঘড়ি নিয়ে যায়। ১১ জুলাই ছিনতাইকারীরা অস্ত্রের মুখে বনানীর ৪ নম্বর সড়ক থেকে সংগীত পরিচালক নুরুল ইসলাম খানের গাড়িটি নিয়ে যায়। একই দিন শাহবাগে মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী পথচারী কাজী মো. আবদুল্লাহর কাছ থেকে এবং শাহবাগে শিশুপার্কের সামনে হাসান আক্তার নামের এক যুবককে ছুরি মেরে টাকা ও মুঠোফোন নিয়ে গেছে। পুলিশ কমিশনারের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রমজান ও ঈদ সামনে রেখে যাতে ছিনতাইকারী তৎপর না হতে পারে, সে জন্য পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে অনেক ছিনতাইকারী ধরাও পড়ছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আগারগাঁও ক্রসিংয়ে ও শেরেবাংলা নগরের পেছনে বছরের পর বছর ধরে ছিনতাইয়ের স্থায়ী ‘স্পট’। বিভিন্ন সময় এখানে ছিনতাইকারীদের হাতে খুনের ঘটনাও ঘটেছে। গত সপ্তাহে আগারগাঁও ক্রসিংয়ে ফিজিওথেরাপি শিক্ষার্থী ফাতেহা-তুজ-জোহরার ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। তিনি বলেন, একই স্থানে তাঁর অন্তত ১০ সহপাঠী সম্প্রতি ছিনতাইকারীর কবলে পড়েন। এর মধ্যে শিক্ষানবিশ ফিজিওথেরাপিস্ট তানজিনা আক্তার রিকশা থেকে ছিটকে পড়েন। তাঁর পা ভেঙে যায়।বহুল আলোচিত এই একটি স্থানের ছিনতাইও গত ১০ বছরে পুলিশ বন্ধ করতে পারেনি। অবশ্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ‘আগারগাঁও ক্রসিংয়ের ছিনতাই স্পটের ব্যাপারে পদক্ষেপ নিয়ে র্যাব-২কে বলে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বেড়ে যায়। এসব বিবেচনায় নিয়ে র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিপণিবিতানের সামনে ছিনতাই ঠেকাতে র্যাবের নারী সদস্যরা দায়িত্ব পালন করছেন।শাহ আলী থানার গড়ান চটবাড়ির বাসিন্দা মো. বেলায়েত হোসেন বলেন, মিরপুর বেড়িবাঁধের গড়ান চটবাড়ির তামান্না পার্ক থেকে শাহ আলী থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ডে পুলিশের টহল না থাকায় প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সেখানে মূলত কালো ও হলুদ রঙের ট্যাক্সিক্যাবে করে ছিনতাইকারীরা সক্রিয় থাকে। মিরপুরের ব্যবসায়ী আফরোজউদ্দিন বলেন, ভোরে নৈশকোচে আসা যাত্রীরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের আশপাশে প্রায় প্রতিদিন ছিনতাইকারীর কবলে পড়েন। জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, রমজান ও ঈদ সামনে রেখে মিরপুর সনি সিনেমা হলের সামনেসহ বেশ কিছু স্থান চিহ্নিত করে পুলিশের টহল বাড়ানো হয়েছে।৪৪৪ স্থানে ছিনতাই ঢাকা মহানগর পুলিশ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিনতাইয়ের ৪৪৪টি স্থান চিহ্নিত করে ছিনতাই প্রতিরোধ নির্দেশিকা প্রকাশ করেছে। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল বলেন, বর্তমান সরকারের আমলে ছিনতাইয়ের স্থানগুলোর তালিকা হালনাগাদ করা হয়েছে।নির্দেশিকায় উল্লিখিত স্থানের মধ্যে রমনার টঙ্গী ডাইভারসন রোড, মালিবাগ মোড়, কাকরাইল মোড়, মগবাজার মসজিদ গলি, মগবাজার ডাক্তার গলি, গ্রিন রোড, ধানমন্ডি ৮ নম্বর রোডের ব্রিজ, ১৩ ও ১৪ নম্বর ও ৩২ নম্বর রোডের আশপাশ, কলাবাগান, শংকর বাসস্ট্যান্ড, হাতিরপুল কাঁচাবাজারের সামনে, শাহবাগ শিশুপার্কের সামনের রাস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর থেকে তিন নেতার মাজার পর্যন্ত, কাঁটাবন ক্রসিং, ঢাকা কলেজের সামনে, শ্যামলী শিশুমেলা থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের মাঝামাঝি এলাকা, মানিক মিয়া এভিনিউ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, রোকেয়া সরণি, শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশ, শেরেবাংলা নগর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেছনের সড়ক, আগারগাঁও ক্রসিং, আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সামনের সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে শেওড়াপাড়া ওভারব্রিজ, কাজীপাড়া বাসস্ট্যান্ড ও এর আশপাশের বিন্দুবৃত্ত গলি, কল্যাণপুর বাসস্ট্যান্ডের আশপাশ, সরকারি বাঙলা কলেজের সামনে, দারুসসালাম সড়কের মিরপুর ১ নম্বর থেকে আনসার ক্যাম্প পর্যন্ত, চিড়িয়াখানা রোড থেকে মিরপুর ১ নম্বর সড়ক পর্যন্ত, মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংক ভবনের সামনের সড়ক, গাবতলী বাসস্ট্যান্ড থেকে মাজার রোড, নূরজাহান রোড, আসাদগেট, কলেজগেট থেকে জেনেভা ক্যাম্পের দিকের রাস্তা, পুরান কচুক্ষেত এলাকা, বনানী ১৮ থেকে ২৭ নম্বর রোড ক্রসিং ও আশপাশের এলাকা, বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাজার, মহাখালীর আমতলী ও উড়ালসেতুর নিচের এলাকা, মহাখালী ওয়্যারলেস গেট, জয়কালী মন্দির এলাকা, রথখোলা মোড়, কে এম দাস লেন, সূত্রাপুরের ভজহরী সাহা স্ট্রিট, দয়াগঞ্জ বাজার মোড়, কাজলা ব্রিজ এলাকা ও যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে সায়েদাবাদ ব্রিজ অন্যতম।