ছিনতাইয়ের শিকার মাছরাঙার দুই সাংবাদিক (ভিডিও)
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ ক্যামেরাপারসন গৌতম কুমার সিনহা ছিনতাইয়ের শিকার হন। পেশাগত দায়িত্ব পালন শেষে কুমিল্লা থেকে ফেরার পথে গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে প্রতিবেদন তৈরি করতে এই দুজন কুমিল্লায় যান। ফেরার পথে রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাঁদের গাড়ির গতিরোধ করে। তারা গাড়ির ভেতরে ঢুকে দুই সাংবাদিককে মারধর করে ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর যাত্রাবাড়ী থানায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে। যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রবিন ও সোহাগ নামের দুজনকে আটক করে। তবে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক দুজন পেশাদার ছিনতাইকারী।