ছিনতাইয়ে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ চক্রের অনেকে আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত। নগরে এক ব্যবসায়ীর অর্থ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন গতকাল রোববার সন্ধ্যায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা জানান, তাঁদের দলে মোট ১২ জন সদস্য রয়েছেন।জানা গেছে, দলের কয়েকজন সদস্যের গ্রেপ্তারের খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগে কর্মরত আনসার সদস্য ননী গোপাল ওরফে ননী ওস্তাদ এবং পূবালী ব্যাংকের মিরসরাই শাখায় কর্মরত আনসার সদস্য মেহেদী হাসান পালিয়ে গেছেন। পালানোর আগে তাঁরা কর্তৃপক্ষের কাছে তাঁদের রাইফেলও বুঝিয়ে দেননি। আনসারের চট্টগ্রাম জেলার অ্যাডজুট্যান্ট মীর আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ননী গোপাল ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের পাওয়ামাত্র আমরা পুলিশে সোপর্দ করব।’ পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি নগরের এ কে খান গেট এলাকা থেকে এক ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই হয়। নিজেদের র্যাব ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাত ব্যক্তি নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী খুরশিদ আলমের বৃদ্ধ বাবা হাবিবুর রহমান ও কর্মচারী এয়াকুব হোসেনকে একটি মাইক্রোবাসে তুলে নেন। তাঁরা দুজনের সঙ্গে থাকা নগদ ১৫ লাখ টাকা নিয়ে চট্টগ্রাম সেনানিবাসের কাছাকাছি বায়েজীদ বোস্তামি এলাকায় তাঁদের নামিয়ে দেন। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি ছিনতাই মামলা হয়।পাহাড়তলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান ও তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল ভোরে চট্টগ্রাম সেনানিবাসের কাছে বালুছড়া এলাকার বাসা থেকে সংঘবদ্ধ দলটির নেতা সাবেক আনসার সদস্য কুদ্দুস রানাকে (৩২) গ্রেপ্তার করে। প্রায় এক বছর আগে রানা র্যাব পরিচয় দিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইকালে গ্রেপ্তার হন। তখন তিনি আনসার বিভাগে কর্মরত ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তাঁর চাকরি চলে যায়। পাঁচ মাস আগে তিনি জামিনে মুক্তি পান।পুলিশ জানায়, এর আগে দিনাজপুরে গ্রামের বাড়ি থেকে এ চক্রের সদস্য রাজ্জাক ওরফে মাস্টার রাজ্জাক, রেজাউল ওরফে পশু ডাক্তার রেজাউল সালমান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনকে গত শনিবার চট্টগ্রাম আনা হয়। পরে ছিনতাই কাজে ব্যবহূত মাইক্রোবাসসহ চালক সলিমুল্লাহ ওরফে সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ চারজনকে গতকাল আদালতে হাজির করা হয়।এদের মধ্যে রেজাউল ও রাজ্জাক গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের বিচারিক হাকিম আজিজুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাঁরা ছিনতাই কাজে জড়িত চক্রটির ১২ সদস্যের নাম উল্লেখ করেন। তাঁরা জবানবন্দিতে বলেন, এ চক্রের অন্যতম সদস্য সিপাহি সালাহউদ্দীন ও ল্যান্স করপোরাল শাকিল। গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামে ১৫ লাখ টাকা ছিনতাই ঘটনার আগে এ দুজন চট্টগ্রাম আসেন। পাহাড়তলী থানার ওসি বশির আহমেদ বলেন, ‘আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সালাউদ্দীন ও শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা করছি। দুই আনসার ননী ওস্তাদ এবং মেহেদি হাসান পালিয়ে গেছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ চক্রের নেতা কুদ্দুস রানা ১৫ লাখ টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। গতকাল সন্ধ্যায় পাহাড়তলী থানায় তিনি প্রথম আলোকে বলেন, ‘লোভে পড়ে আমি এ কাজ করেছি। ছিনতাইকাজে আমার সঙ্গে সেনাসদস্য সালাহউদ্দীন ও শাকিল এবং আনসার সদস্য মেহেদি ও ননীপোগাল অংশ নেন। লুণ্ঠিত টাকা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। আমার ভাগে সাড়ে সাত লাখ টাকা পড়েছে।’ পুলিশ জানায়, কুদ্দুস রানার তথ্যমতে, গতকাল রাতে ছিনতাই হওয়া ১৫ লাখ টাকার মধ্যে এক লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকায় তিনি জমি ও একটি নতুন মোটরসাইকেল কিনেছেন।জানা গেছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনকে গতকাল আদালতে সোপর্দ করা হয়। তাঁদের মধ্যে রেজাউল ও রাজ্জাক সন্ধ্যায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক এই দুজনসহ চারজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রানাকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।