ছিনতাইয়ের অভিযোগে পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মিরপুরের শাহ আলী থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উত্তর শাজাহানপুরের রেন্ট-এ কার ব্যবসায়ী মো. মনিরুজ্জামান রানা এ মামলা করেন।মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন—শাহ আলী থানার পরিদর্শক আবুল হোসেন, উপপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, আজিজুর রহমান, আনোয়ার ও কনস্টেবল মিজানুর রহমান।মামলার বাদী মো. মনিরুজ্জামান রানা আরজিতে উল্লেখ করেন, মিরপুর-১ নম্বর গোলচত্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের রাস্তা থেকে তাঁকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে বেদম মারধর করে এবং তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে শাহ আলী থানায় মামলা করা হয়। পরে জামিন নিয়ে থানায় এ বিষয়ে মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকার করে। তাই তিনি আদালতে মামলা করেছেন।