ছিনতাইয়ের প্রতিবাদে পেট্রোলপাম্প বন্ধের ঘোষণা
যশোরের কোতোয়ালি থানা-সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে আজ রোববার বোমা বিস্ফোরণ ঘটিয়ে করিম গ্রুপের ২৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ টাকা উদ্ধারের দাবিতে আজ সন্ধ্যা ছয়টা থেকে যশোর সদর উপজেলার ২৭টি পেট্রোলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটার্স এজেন্ট অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি মুজিবুর রহমান এ ঘোষণা দেন।করিম গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুল করিম জানান, যশোর শহর ও শহরতলিতে করিম গ্রুপের আটটি পেট্রোলপাম্প রয়েছে। গত দুই দিনে (শুক্র ও শনিবার) পাম্পগুলোর জ্বালানি তেল বিক্রির ২৭ লাখ টাকা জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মশিউর রহমান ও ক্যাশিয়ার নূর মোহম্মদ আজ শহরের কারবাল এলাকার কার্যালয় থেকে এম কে সড়কে পূবালী ব্যাংকে যান। বেলা ১১টার দিকে ব্যাংকের সামনে পৌঁছানোর পর নয়জন ছিনতাইকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।ছিনতাইয়ের প্রতিবাদে বেলা দেড়টার দিকে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে চেম্বার কার্যালয়ে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মুজিবুর রহমান জানান, ১ মের মধ্যে টাকা উদ্ধার না হলে, ২ মে থেকে অনির্দিষ্টকালের জন্যে খুলনা বিভাগের সব পেট্রোলপাম্পে ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাস্থলে একটি বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে টাকা ছিনতাই হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ প্রথমে বলা হয়েছে ৩০ লাখ পরে বলা হচ্ছে ২৭ লাখ ছিনতাই হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে করিম গ্রুপের ক্যাশিয়ার নূর মোহম্মদকে থানায় আনা হয়েছে।