ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মারুফ রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর ছাত্র। বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র তিনি।মারুফ জানান, গতকাল রাতে ব্যক্তিগত কাজ শেষে তিনি হলে ফিরছিলেন। হলের মাঠ দিয়ে যাওয়ার সময় তিন-চারজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁর মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। মারুফ জানান, তাঁর মানিব্যাগে আড়াই হাজার টাকাসহ পরিচয়পত্র ছিল।বিষয়টি হলের আবাসিক শিক্ষার্থীরা জানতে পারলে রাত নয়টার দিকে হল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনে সামনে গিয়ে থামে। শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এ সময় উপাচার্যের বাসভবন ঘেরাও করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনায় শিক্ষার্থীদের একটি লিখিত স্মারকলিপি দিতে বলেছি। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’ ক্যাম্পাসে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটে, এজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।