ছিনতাইয়ের সময় পুলিশ সদস্য গণপিটুনির শিকার, বরখাস্ত
চট্টগ্রামে পথচারীর কাছ থেকে টাকাপয়সা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মোজাম্মেল হক নামের একজন পুলিশ সদস্য। তিনি নগর পুলিশের সিআরবি ফাঁড়ির একজন কনস্টেবল (নং-৪৫২৬)। পরে টহল পুলিশ জনতার হাত থেকে মোজাম্মেলকে উদ্ধার করে। গত বুধবার রাত নয়টার দিকে নগরের বিআরটিসি মার্কেটের পাশের বাটালি রোডে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর ভূমি অফিসের সহকারী অসিত চাকমা রিকশায় চড়ে এনায়েত বাজারের বাসায় ফিরছিলেন। তাঁর রিকশা বিআরটিসি মার্কেট হয়ে বাটালি রোডে ঢোকার পথে গতিরোধ করেন মোজাম্মেল হক ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি। তাঁরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অসিতকে রিকশা থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে দেন এবং তাঁর শরীর তল্লাশি শুরু করেন। এই সময় মোজাম্মেল সাদা পোশাকে ছিলেন। অসিত বলেছেন, তিনি নিজেকে সরকারি কর্মচারী বলে পরিচয় দেন এবং প্রয়োজনে কোনো টহল পুলিশের কাছে তিনি তাঁকে নিয়ে যেতে বলেন। কিন্তু তাঁরা অসিতকে উদ্দেশ করে বলেন, ‘তোমার কাছে অবৈধ জিনিস আছে।’অসিত বলেন, তিনি ছিনতাইয়ের শিকার হচ্ছেন বুঝতে পেরে চিৎকার শুরু করেন। এতে ব্যস্ত বাটালি রোডের লোকজন এসে জড়ো হয়। তারা এসে মোজাম্মেলকে গণপিটুনি দিতে থাকলে মোজাম্মেলের সঙ্গে থাকা লোকটি পালিয়ে যায়। খবর পেয়ে এনায়েত বাজার মোড়ে দায়িত্ব পালনরত টহল পুলিশ ঘটনাস্থলে এসে মোজাম্মেলকে উদ্ধার করে নিয়ে যায়। মোজাম্মেলের সঙ্গে থাকা লোকটির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি পুলিশের কেউ নন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।থানায় দেওয়া অসিতের লিখিত অভিযোগে বলা হয়, ‘আমার (অসিত) সন্দেহ হলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। তাৎক্ষণিকভাবে লোকজন এসে মোজাম্মেলকে গণপিটুনি দেয়। এরপর টহল পুলিশ এবং ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আক্তার হোসেন এসে মোজাম্মেলকে উদ্ধার করে নিয়ে যান।’এই ঘটনা জানার পর বুধবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে যাওয়া হয় মোজাম্মেলকে। তাঁকে জেরা করেন নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসসি) মনজুর মোরশেদ।মোজাম্মেল প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, একজন আসামির পালানোর খবর পেয়ে তিনি সন্দেহজনকভাবে অসিতকে হাতকড়া পরিয়েছিলেন। এ প্রসঙ্গে মনজুর মোরশেদ প্রথম আলাকে বলেন, ‘এভাবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে হলে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে তা জানাতে হয়। এ ছাড়া যে সময় ঘটনা ঘটেছে, সেই সময় মোজাম্মেলের ডিউটি ছিল না।’পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে নগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগমের উপস্থিতিতে দ্বিতীয় দফায় মোজাম্মেলকে থানায় তলব করা হয়। দীর্ঘ দুই ঘণ্টার জেরার জবাবে মোজাম্মেল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য মনজুর মোরশেদকে দায়িত্ব দেওয়া হয়। এরপর বুধবার রাতের ঘটনার ব্যাপারে গতকাল কোতোয়োলি থানায় একটি সাধারণ ডায়েরি লেখা হয়।আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে সাময়িক বরখাস্ত করেছি। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি অঞ্চলের এসি তদন্ত করছেন। কেন এবং কী উদ্দেশ্যে একজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে তাঁর দেহ তল্লাশি করা হয়েছে, তা তদন্তে জানা যাবে। এরপর আমরা মোজাম্মেলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করব।’