যাচাই-বাছাই করে যারা বই কিনতে চায়, তাদের জন্য গতকাল সোমবার মেলার পরিবেশ ছিল চমত্কার, ছিমছাম। যারা বই কেনার পরিকল্পনা করে এসেছিল, তারা বেশ স্বস্তির সঙ্গেই কেনাকাটা করেছে। আর যারা বেড়াতে এসেছিল, তারাও স্বচ্ছন্দে ঘুরেফিরে ও গান শুনে সন্ধ্যা কাটিয়ে গেছে। শিল্পীরা মেলার মঞ্চে ভাষার গান শুনিয়েছেন, ‘ওমুই না বলুম না বলুম অন্য ভাষার বুলিরে/ মোর মায়ের ভাষা ভুলিরে...।’ এবার অমর একুশে গ্রন্থমেলার ভেতরের পরিসর ছোট বলে ছুটির দিনগুলোতে যে প্রচণ্ড ভিড়ভাট্টা হয়, তাতে স্টলে স্টলে খোঁজ নিয়ে পছন্দমাফিক বই কেনা বেশ কঠিন। তাই যারা পছন্দফামিক বই কিনতে চায়, তাদের জন্য এখনকার পরিবেশ চমত্কার। প্রকাশনাশিল্পে সুদিন: ‘খবরের কাগজে দেখলাম, এবার মেলার প্রথম সাত দিনে ৮০০ বই প্রকাশিত হয়েছে। এটা আমার কাছে অভূতপূর্ব বিষয় বলেই মনে হয়েছে। যেন প্রকাশনার জোয়ার এসেছে। নতুন বইগুলো দেখলাম। তাড়াহুড়ো করে যেনতেনভাবে বইগুলো প্রকাশ করা হয়েছে, তাও নয়। প্রকাশনাশৈলী খুব উঁচুমানের। আমি তো খুব আশাবাদী যে আমাদের প্রকাশনাশিল্পের সামনে সুদিন অপেক্ষা করছে। এ শিল্প দ্রুত বিকশিত হবে।’ বলছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসালম। গতকাল মেলায় এসেছিলেন তিনি। জানালেন, এবার মেলায় তাঁর একটি প্রবন্ধের বই আসবে ঐতিহাসিকের নোটবুক নামে।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে যথারীতি বিপুল উত্সাহ-উদ্দীপনায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন চলে বিকেল থেকে। গতকাল যেসব বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, এর মধ্যে ছিল যুক্ত প্রকাশনী থেকে মিলা মাহফুজা রহমানের প্রবন্ধ জীবনানন্দ দাশ, মহসিন হোসাইনের জীবনীগ্রন্থ রমেশ শীল, এস এম সারোয়ারের প্রবন্ধ বাঙালি জাতীয়তাবাদ, ম্যাগনাম ওপাস থেকে প্রকাশিত এম এ কাফি সরকারের মুক্তিযুদ্ধে দিনাজপুর, উত্স থেকে প্রকাশিত চাঁদ সুলতানা মাহমুদের উপন্যাস যুগান্তর ইত্যাদি।নতুন বই: তথ্যকেন্দ্রে গতকাল জমা পড়েছে ১০১টি নতুন বই। এর মধ্যে ছিল মিজান পাবলিশার্স থেকে শফিক আলম মেহেদীর নির্বাচিত প্রেমের কবিতা, ঐতিহ্য থেকে সুব্রত অগাস্টিন গমেজের কাব্য মর্নিং গ্লোরি, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ থেকে প্রিন্সিপাল আবুল কাশেমের ছড়া চোখের পানি, সময় থেকে আবদুল্লাহ আবু সায়ীদের ভ্রমণবিষয়ক ওড়াউড়ির দিন, চারুলিপি থেকে সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা, দিব্য থেকে দিলীপ দেবনাথের শব্দ নিয়ে ব্যতিক্রমী একটি বই শব্দচিন্তা চমত্কারা, ইত্যাদি থেকে জামিলা খাতুনের উপন্যাস স্মৃতির ভিতর জীবন, রোদেলা থেকে চঞ্চল আশরাফের স্মৃতিকথা আমার হুমায়ুন আজাদ, আলেয়া বুক ডিপো থেকে মুহাম্মদ শামীমের গণিতবিষয়ক গণিতের কারচুপি, উত্স থেকে ড. মো. তাজউদ্দিনের বিজ্ঞানগ্রন্থ আইনস্টাইনের বিশ্ব, প্রথমা থেকে এসেছে শিল্পী আব্বাসউদ্দীন আহ্মদের আত্মজীবনী দিনলিপি ও আমার শিল্পীজীবনের কথা, পলল থেকে নিতাই সেনের সাহিত্য সমালোচনা শিল্প জটিলতা ও অনুভব কর্ম, আগামী থেকে এসেছে ড. মোহাম্মদ ফরাসউদ্দীনের প্রথম দর্শনে বঙ্গবন্ধু, মুস্তাফা হাবিবের কবিতা একটু দাঁড়ও সুমিত্রা, একুশে বাংলা থেকে আল মাহমুদের উপন্যাস চরণধ্বনি, দ্য রয়েল পাবলিকেশন থেকে আসলাম সানীর আমাদের ছড়াগুলো ছোটে ঝাঁকে ঝাঁকে, সূচীপত্র থেকে শামসুজ্জামান খান সম্পাদিত বাংলা সন ও পঞ্জিকা: ইতিহাস ও ঐতিহ্য, অনন্যা থেকে হাসান হাফিজের কবিতা ধুলোমাটি আসক্তির বীজ, জনান্তিক থেকে দন্ত্যস রওশনের অনুকাব্য পরের চশমা: নিজের আঁখি, বাতিঘর থেকে এসেছে ফরহাদ খান চৌধুরীর কাব্য যে দোলক দোলে ও দোলায়, ঝিঙেফুল থেকে সারওয়ার-উল-ইসলামের ছড়া লাল সবুজের ঘুড়ি, শুদ্ধস্বর থেকে আবু মুস্তাফিজের গল্প লুহার তালা, পাঠসূত্র থেকে গোলাম কিবরিয়ার গল্প বিশে বিষ ইত্যাদি।শহীদ জব্বার শীর্ষক আলোচনা: মেলার মূল মঞ্চে বিকেলে ছিল ভাষাশহীদ আবদুল জব্বার শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন আখতার হুসেন। আলোচনা করেন অধ্যাপক আশরাফউজ্জামান, আবদুস সেলিম ও ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী। পরে ছিল কণ্ঠশীলনের আবৃত্তি। শিল্পী রূপু খানের নেতৃত্বে শ্রোতাদের গান শোনান ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমীর শিল্পীরা।