ছিমছাম মেলায় নতুন বইয়ের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিমছাম মেলা। নতুন বইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে নারী-পুরুষ। মায়ের তর্জনী ছেড়ে শিশুর দল নিশ্চিন্ত মনে ঘুরছে স্টলে স্টলে। এমন ভিড় নেই যে গায়ে গায়ে ধাক্কা লাগবে, এমন ফাঁকা নয় যে বিক্রেতাদের কপালে ভাঁজ পড়বে।গতকাল মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলা পার করেছে অষ্টম দিন। প্রথম সপ্তাহে ক্রেতার সংখ্যা যেমন ছিল কম, তেমনি কম বইয়ের সংখ্যাও। গত দুই দিনে বইমেলায় লোকসমাগম অনেক বেড়েছে, আড়াই শর মতো বই এসেছে।দৃষ্টিপ্রতিবন্ধীরা বই পড়ছে মেলায়গতকাল কমবেশি ভিড় ছিল প্রায় সব স্টলেই। এই ভিড়ের মধ্যে ব্যতিক্রম ছিল বটতলার কাছের একটি স্টল। স্টলটির নাম প্রেরণা ব্রেইল কর্নার। ভেতরে বসে ছিলেন এক তরুণী, দৃষ্টিহীন। হাতের স্পর্শে গভীর মনোযোগে পড়ছিলেন তিনি। বাইরে আরও কয়েকজন। প্রেরণার সদস্য নাজিয়া জাবীন জানান, গ্রন্থমেলায় অগণিত মানুষের মধ্যে অনেক দৃষ্টিপ্রতিবন্ধীও থাকে। তাদের নিশ্চয়ই নিত্যনতুন বই পড়ার ইচ্ছে হয়, তাদেরও অধিকার আছে পড়ার। এই বিষয়টি চিন্তা করে প্রেরণা ব্রেইল কর্নার মেলায় ব্রেইল পদ্ধতিতে লেখা আটটি বই নিয়ে এসেছে। উৎসুক দৃষ্টিপ্রতিবন্ধীরা এখানে এসে বই পড়তে পারছে। তিনি জানালেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বেশ কিছু ব্রেইল পদ্ধতির গ্রন্থ প্রকাশের পরিকল্পনা আছে। দৃষ্টিপ্রতিবন্ধী মুনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘এটা আমাদের জন্য বিশাল অর্জন এবং আনন্দের বিষয়।’লেখক আড্ডা ও লিটল ম্যাগ চত্বর সরগরমলেখকদের জন্য বাংলা একাডেমী এবার পুকুরের পাশে লোকজ উপাদান দিয়ে একটি লেখককুঞ্জ তৈরি করেছে, নাম ‘লেখক আড্ডা’। এখন তা জমে উঠেছে। তরুণ কবিদের দেখা যায় স্বরচিত কবিতা পড়তে। ব্লগে লেখালেখি করেন এমন তরুণদের ভিড় দেখা গেল বিকেলে|মেলায় লোকসমাগম যেমনই হোক, লিটল ম্যাগাজিন চত্বর সর্বদাই থাকে জমজমাট। গতকালও এর ব্যতিক্রম দেখা যায়নি। এ চত্বরটিতে সব সময়ই সম্ভাবনাময় তরুণ লেখক-কবিদের সঙ্গে থাকেন কবিযশপ্রার্থীরাও। তাঁদের অনেকেই পকেটের টাকা খরচ করে বই প্রকাশ করেন এবং আবার পাঠকের জন্য নিজেরাই বই সাজিয়ে বসেন। তবে বেচাকেনা নিয়ে মূলধারার প্রকাশকদের মধ্যে যে রকম ভাবনাচিন্তা দেখা যায়, তা এখানকার লেখক ও প্রকাশক কারও থাকে না। অবশ্য অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন জানান, তরুণদের বইয়ের প্রতি প্রকাশকদের আগ্রহ বাড়ছে। তিনি নিজেই লেখকের প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি আহ্বানের ভিত্তিতে তিনটি উপন্যাস প্রকাশের উদ্যোগ নিয়েছেন। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বিচারকমণ্ডলী নির্বাচিত উপন্যাস তিনটি হলো মোস্তাক শরীফের সেদিন অনন্ত মধ্যরাতে, পরিতোষ হালদারের গাঙ পরাণ এবং শুভাশিস সিনহার কুলিমানুর ঘুম।মেলায় আসা নতুন বইবাংলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুর্শিদুদ্দিন আহম্মদের দেওয়া হিসাব অনুযায়ী, মেলায় গতকাল ৬৭টি নতুন বই এসেছে। এর মধ্যে রয়েছে প্রথমা প্রকাশন থেকে কর্নেল শওকত আলীর সত্য মামলা আগরতলা, হাসান ফেরদৌসের ১৯৭১, বন্ধুর মুখ শত্রুর ছায়া। মুক্তধারা থেকে বদরুদ্দীন উমরের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কয়েকটি দিক, শুদ্ধস্বর থেকে আনোয়ারা সৈয়দ হকের ব্যবহূতা, অবসর থেকের অনুপম সেনের প্রবন্ধগ্রন্থ আদি-অন্ত বাঙালি সত্তার ভূত-ভবিষ্যৎ, জাগৃতি প্রকাশনী থেকে আসজাদুল কিবরিয়ার অর্থনীতির বিক্ষেপ, দিব্যপ্রকাশ থেকে শওকত হোসেন মাসুমের অর্থনীতিবিষয়ক গ্রন্থ সাদা-কালোর অর্থনীতি, জাহানারা নওশীনের উপন্যাস দুহিতা, নন্দিতা প্রকাশ থেকে রেহানা জাহান চৌধুরীর উপন্যাস স্বপ্নের বৃদ্ধাশ্রম, কাশবন প্রকাশন থেকে ঋতুশ্রী ঘোষের আকালিক উপাখ্যান, বিভাস থেকে তপন বাগচীর নির্বাচিত ১০০ কবিতা, বিজয় প্রকাশ থেকে শেখ আনোয়ারের পাতায় পাতায় বিজ্ঞানের খেলা, অনিন্দ্য প্রকাশ থেকে আশরাফুল আলমের শিশুসাহিত্যগ্রন্থ আনন্দ বনের পাখিরা, মুক্তচিন্তা প্রকাশনা থেকে আল ওয়াহিদের গবেষণাগ্রন্থ সবার জানা উচিত মানবাধিকার কি?, আহমদ পাবলিশিং হাউজ থেকে অনুবাদগ্রন্থ কবিতা ওয়ান হান্ড্রেড পোয়েমস অব কবীর, এশিয়া পাবলিকেশনস সম্পাদিত শাহরিয়ার হোসেনের পড়তে পড়তে জানা বিলিভ ইট অর নট, সময় প্রকাশন থেকে ধ্রুব এষের থানাডু গ্রহের ইহা, জামান রেজার উপন্যাস ফাও প্যাঁচাল, শ্রাবণ প্রকাশনী থেকে সেলিনা তাসনীমের কবিতা বৃষ্টির জানালায়, পার্ল পাবলিকেশন্স থেকে শহীদ লোটাসের কাল কি সুন্দরী, জব্বার হোসেনের প্রবন্ধ নারীর শৃঙ্খল?, ঐতিহ্য থেকে শাহাদুজ্জামানের প্রবন্ধগ্রন্থ লেখালেখি, নির্লিপ্ত নয়নের রাত্রির অদ্ভুত নিমগাছ, উৎস প্রকাশন থেকে জালাল কবীরের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা, আনোয়ার আজাদের পাখিদের প্রেম, হাক্কানী পাবলিশার্স থেকে মাহবুবুর রহমানের কিছু স্মৃতি কিছু ধৃতি, ধ্রুবপদ থেকে কাজী মাহমুদুর রহমানের তিন ভুবনের নাটক, অধ্যাপক আকতার কামালের মহাবিদ্রোহের আখ্যানতত্ত্ব ও কথাশিল্প ও অধ্যাপক সিরাজ সালেকীনের রবীন্দ্রকাব্যে আলোকভাবনা ইত্যাদি।নতুন বই যেমন আসছে তেমনি মোড়ক উন্মোচনের অনুষ্ঠানও শুরু হয়েছে। গতকাল নজরুল মঞ্চে বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর কয়েকটি হলো: গণসংগীতশিল্পী ফকির আলমগীরের গণসংগীত ও মুক্তিযুদ্ধ, গৌতম দাসের সবার কাছে যাবো, মমতাজ রহমানের কালো কাফন, মঈন মুনতাসীরের প্রজাপতির ডুবসাঁতার, মাহবুবুল হাসানের ম্যাপল সৌন্দর্যে আত্মাহুতি ও পরবাসে প্রায়শ্চিত্ত প্রভৃতি। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংবাদিক মিজানুর রহমান খান, লেখক ইমদাদুল হক মিলন, ক্রিকেটার জাবেদ ওমর প্রমুখ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মেলামঞ্চের আয়োজনবর্ধমান হাউসের সামনে সবুজ চত্বরে মেলার মূল মঞ্চে বিকেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শামসুজ্জামান খান রচিত ‘রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশের রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমীর কর্মকর্তা সায়েরা হাবীব। আলোচনায় অংশ নেন রবীন্দ্র একাডেমীর সাধারণ সম্পাদক কবি শাহেদ রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ শফিউল হাসান ও প্রাবন্ধিক-শিশুসাহিত্যিক আহমাদ মাযহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘মুক্তধারা’ এবং বিশেষ গীতি-আলেখ্য ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।