ছিল মনের কোণে গোপন ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে খেলোয়াড়দের সাক্ষাৎকার নিতে গেলে ধাক্কাধাক্কিতে মেজাজ খুব খারাপ হয়। হুড়োহুড়িতে কাজ করা পছন্দ নয় চিং এসার। নারী ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন এটিএন বাংলায়। বাংলাদেশে নারী সাংবাদিকতার সূচনা পুরোনো হলেও ক্রীড়া প্রতিবেদক হিসেবে নারীর অবস্থান এখনো তেমন চোখে পড়ে না। যে পাঁচজন নারী ক্রীড়া প্রতিবেদক আছেন, তাঁদের মধ্যে চিং এসাও একজন।চিং এসা মারমা মেয়ে। সাংবাদিকতার শুরু ২০০৭ সালে। সিএসবি নিউজ চ্যানেলের ক্রীড়া প্রতিবেদক হিসেবে শুরু। এরপর একুশে টেলিভিশন ও বৈশাখী টিভিতে কাজ করেন।ছোটবেলা থেকেই মনের কোণে একটা ইচ্ছা লুকিয়ে ছিল, নিজের পরিচয়ে আলাদা কিছু করতে হবে। আর সেই ভাবনা থেকে এসএসসি পাসের পর ১৯৯৮ সালে ঢাকায় চলে আসেন এসা। মা সব সময় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। আর সে পথেই এগোচ্ছেন সাহস অবলম্বন করে। মা-বাবা তাঁকে রোজি বলে ডাকেন। বদরুন্নেসা কলেজ থেকে এইচএসসি পাস করে গণিতে ভর্তি হন ঢাকার তিতুমীর কলেজে।ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো। গতানুগতিকভাবেই সব বাবার মতো চিং এসার বাবাও চেয়েছেন, মেয়ে বড় হয়ে চিকিৎসক হবেন। তা হতে না পারলেও বাবার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে গণিতে স্নাতকোত্তর শেষ করেন।বান্দরবানের পুরোনো রাজবাড়িতে জন্ম চিং এসার। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। তাই দায়িত্বও বেশি। ঢাকায় এখন ভাই-বোন থাকেন একসঙ্গে।চিং এসা কাজ শেষে বাড়ি ফিরে রান্না করেন এখনো, তারপর খান দুই ভাই-বোন মিলে। মায়ের হাতের রান্না করা খাবার ভীষণ প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় শুঁটকি মাছ; সে যে পদের রান্নাই হোক না কেন।প্রিয় পোশাক জিনস আর ফতুয়া। ছোটবেলায় গান শিখতেন। তাই অবসর পেলেই গান শুনতে ভালোবাসেন চিং এসা। তাঁর মা-বাবা বান্দরবান থাকেন। পাহাড় যাঁর ঠিকানা, তিনি কীভাবে যান্ত্রিক নগরে বাস করেন—এ কথায় তিনি জানান, সুযোগের অপেক্ষায় থাকেন, কখন মা-বাবার কাছে যাবেন।ধারাবাহিক পরিশ্রমের ফলাফল শুভ হতে বাধ্য—মনে করেন চিং এসা। কর্মক্ষেত্রে ছেলেমেয়ে বিষয়টি আলাদা করে ভাবেন না। চিং বলেন, ‘আমার কখনোই মনে হয় না, এই পেশা মেয়েদের জন্য কঠিন। মেয়েরা শুধু সংবাদ উপস্থাপক হতে চান। আদিবাসী বলে আলাদা করার প্রয়োজন নেই। মেয়েরা অনেক পরিশ্রমী ও ধৈর্যশীল। অনেক যত্ন নিয়ে কাজ করেন তাঁরা। মারমা মেয়েরা সুযোগ পেলে অবশ্যই ভালো করবেন এই পেশায়।’