ছিয়ানব্বইতে যে পদ্ধতি আ.লীগ গ্রহণ করেনি, তা এখন চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ছোট মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, ছিয়ানব্বই সালে যে পদ্ধতি আওয়ামী লীগ গ্রহণ করেনি, সে পদ্ধতি এখন চলতে পারে না।দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে গতকাল রোববার বিকেলে ১৮ দলীয় জোটের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনাদের আত্মীয়স্বজনের কেউ আওয়ামী লীগ করলে তাঁদের প্রশ্রয় দেবেন না। দিলে নিজেদের বিপদ ডেকে আনবেন।’বিএনপির চেয়ারপারসন বলেন, ১৯৯৬ সালে স্যার নিনিয়ান এসে এক মাস খেটে আলোচনা করে একটা পথ বের করেছিলেন। সেটা ছিল নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী থাকবেন, একটা ছোট মন্ত্রিসভা হবে। তাতে বিএনপির পাঁচজন ও আওয়ামী লীগের পাঁচজন থাকবে। সেটা তখন আওয়ামী লীগ মানেনি। এখন কীভাবে তাঁরা ছোট মন্ত্রিসভার সেই একই পদ্ধতি কথা বলেন? তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, যে পদ্ধতি তখন তাঁরা গ্রহণ করেননি, সে পদ্ধতি এখন চলতে পারে না।’ তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাঁর অধীন কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। খালেদা জিয়া বলেন, ‘গত নির্বাচনের সময় ফখরুদ্দীন-মইনুদ্দীন জুটেছিল। এখন আরেক সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দিয়ে একটা মনমতো রায় লিখে নিয়েছেন ১৬ মাস পর। আওয়ামী লীগের সভানেত্রী যে ভাষায় কথা বলেন, সে ভাষায় রায় লিখে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে ছোট মন্ত্রিসভা করে নির্বাচন করার জন্য বলেছেন তিনি।’ খালেদা জিয়া বলেছেন, সরকার নাকে খত দিয়ে কানে ধরে ওঠবস করে বিশ্বব্যাংকের সব শর্ত মেনে নিয়েছে। ১০ মাস আগে দুর্নীতিবাজদের বরখাস্ত করলে এই অবস্থা হতো না। তিনি বলেন, ‘যখন পদ্মা সেতু হওয়ার আর কোনো উপায় নেই, তখন প্রধানমন্ত্রী বললেন, নিজেদের টাকায় করবেন, চান্দা ওঠাবেন। চান্দাবাজ সরকার কেবল চান্দাই ওঠাতে জানে। তারা চান্দা ওঠানো শুরু করল। এতে ছাত্রলীগ, আওয়ামী লীগ—সব লীগের পোয়াবারো হলো। এমনকি বাচ্চাদের টিফিনের টাকাও নেন প্রধানমন্ত্রী।’ খালেদা জিয়া সরকারের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি না করেন পরে সমস্যা হতে পারে। মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ী না। প্রত্যেকেরই নামধাম সবকিছু আমাদের কাছে আছে। ভুলে যাবেন না, আওয়ামী লীগ নেতারা টাকা বানিয়েছেন। নির্বাচনে হেরে গেলে তাঁরা হয়তো পালিয়ে যাবেন, আপনারা কোথায় যাবেন? তাই বিরোধী দলকে নির্যাতন বন্ধ করুন, নইলে পরিণতি শুভ হবে না।’খালেদা জিয়া জোটের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যদি শান্তি চান, বেঁচে থাকতে চান, দেশের উন্নয়ন চান, এই চোরদের থেকে দেশকে রক্ষা করতে চান, তা হলে সামনে কঠিন কর্মসূচি দিয়ে যে ডাক দেব, তাতে শরিক হবেন।’ ১৮ দলের এ জনসভাকে কেন্দ্র করে সমগ্র দিনাজপুর উৎসবের শহরে পরিণত হয়। বেলা তিনটায় জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে পড়ে। সকাল ১০টা থেকেই আশপাশের আটটি জেলা থেকে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের শরিক দলগুলো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে জনসভায়। জনসভা শেষে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হন।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, এলডিপির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।