রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজী হাসপাতালে বাবাকে চিকিৎসা করাতে এসেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল হাই। তিনি জানালেন, বিকেল তিনটায় সিএনজিচালিত অটোরিকশায় আজিমপুর থেকে কাঁটাবন, হাতিরপুল, বাংলামোটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেটে এসেছেন। আসতে লেগেছে দেড় ঘণ্টা।রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নতুন সময়সূচি অনুসারে গতকাল মঙ্গলবার অঞ্চল-৪ এলাকায় ছুটি ছিল। যে পথ ধরে আবদুল হাই এসেছেন, সেসব এলাকা এই অঞ্চলেই পড়ে।যানজট কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নতুন নিয়ম চালু করা হয় ১৯ ফেব্রুয়ারি থেকে। দেখা গেছে, এই অঞ্চলের বেশির ভাগ বিপণিবিতান খোলা ছিল। যথারীতি রাজপথেও ছিল যানজট। আবার এই অঞ্চলে লোডশেডিংও ছিল বলে আবাসিক গ্রাহকেরা জানান।শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গত সোমবার প্রথম আলোকে বলেছিলেন, নিয়ম লঙ্ঘন করে যাঁরা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গতকাল ব্যবস্থা নেওয়ার নজির কোথাও দেখা যায়নি। বিপণিবিতান বন্ধ রাখা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণেও কাউকে পাওয়া যায়নি।ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, এলাকাভেদে দেড় দিনের পরিবর্তে এক দিন বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল। সে রকম হলে সবাই নিয়ম মানত।অত্যাবশ্যকীয় পণ্য বেচাকেনার জন্য কারওয়ান বাজারের কাঁচাবাজার ও পাইকারি পণ্যের আড়ত খোলা ছিল। কিন্তু কারওয়ান বাজারের সুপার মার্কেট, রেলওয়ে মার্কেট ও ডিআইটি মার্কেট বন্ধ ছিল না। এই এলাকার পোশাক কারখানায়ও কাজ হয়েছে। আন্ডারপাস এলাকা, সোনারগাঁও হোটেলের সামনে এবং পাশের রাস্তায় অন্য দিনের তুলনায় কম হলেও যথারীতি যানজট ছিল।হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে ব্যানার টাঙিয়ে বড় বড় হরফে লেখা রয়েছে—‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক অত্র মার্কেট রোববারের পরিবর্তে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে।’ কিন্তু ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, নাহার প্লাজাসহ আশপাশের বিপণিবিতানগুলো খোলা ছিল।ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতির নেতা শাহীন নিয়াজী প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ তারপরও খোলা কেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে পুরোপুরি মেনে চলা সম্ভব হবে। রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য খোলা রাখা হয়েছে। ফার্মগেটে ফার্মভিউ মার্কেট, সিটি করপোরেশন মার্কেটসহ আশপাশের বেশির ভাগ বিপণিবিতান বন্ধ রাখা হলেও ইন্দিরা রোডে যাওয়ার পথের সামনের অংশে ও আশপাশে হকারদের বসতে দেখা যায়। বিকেল চারটার দিকে আনন্দ সিনেমা, আল-রাজী হাসপাতাল, খামারবাড়ির সামনের রাস্তায় যানবাহনের যথেষ্ট ভিড় দেখা গেছে।অঞ্চল-৪-এর বেশির ভাগ অংশ মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ-পশ্চিম এলাকাভুক্ত। যোগাযোগ করা হলে পুলিশের উপমহাপরিদর্শক সেলিম জাহাঙ্গীর বলেন, ফার্মগেট এলাকাটি রাজধানীর চারদিক থেকে আসা যাত্রীবাহী বাসগুলোর স্টপেজ হিসেবে ব্যবহূত হয়। তাই এখানে যানজট থাকাটা স্বাভাবিক। তিনি বলেন, ঢাকায় রাস্তা অনুযায়ী যে সংখ্যক যানবাহন চলাচলের কথা, তার তুলনায় ছয়গুণেরও বেশি চলছে।এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট এলাকাও অঞ্চল-৪-এর মধ্যে পড়েছে। এসব এলাকার বেশির ভাগ বিপণিবিতান বন্ধ ছিল। তবে গতকালও বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির মোড় পর্যন্ত যানজটের কমতি ছিল না।