ছুটি নিচ্ছেন ড্রিউ ব্যারিমোর
অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। ভালোবাসার মানুষটির কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ তারকা।চলতি বছরের জানুয়ারিতে শিল্পনির্দেশক উইল কোপেলম্যানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ড্রিউ। ভবিষ্যতে অভিনয়ের চেয়ে বাগদত্ত উইলকে সময় দেওয়ার প্রতিই বেশি গুরুত্ব দিতে চান তিনি। এ প্রসঙ্গে ড্রিউর উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘মাত্র ১১ মাস বয়সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। সেই হিসাবে ৩৫ বছর ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। এবার অভিনয়ের পরিবর্তে কিছু সময়ের জন্য হলেও জীবনকে সামনে আনতে চাই। আমার ভেতরে এই অনুভূতিটা এসেছে মাত্র কিছুদিন হলো। একদমই নতুন এবং উত্তেজনায় পরিপূর্ণ এই অনুভূতি। ভালোবাসার আবেশে ডুবে থাকতে খুবই ভালো লাগে আমার।’ড্রিউ আরও বলেছেন, ‘এত দিন কাজকেই পুরোপুরি ভালোবেসেছি এবং নিজেকে উজাড় করে দিয়েছি। উইল আমার জীবনে আসার পর এখন ভালোবাসাকেই একমাত্র কাজ বলে মনে হচ্ছে। কিন্তু পেশাগত কাজের ব্যস্ততায় আমার নতুন এ কাজটির পেছনে সেভাবে সময় দিতে পারছিলাম না। মূলত এ কারণেই অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করছি।’অন্তত এক বছরের অভিসার পর্বের পর গত বছরের ডিসেম্বরে ড্রিউকে আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাব দেন উইল। এরপর ২০১২ সালের জানুয়ারিতে নিজেদের বাগদানের ঘোষণা দেয় এই জুটি।