ছুটি নিয়ে ক্লিয়ার করার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান তাঁর ছুটি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘ছুটি নিয়ে ক্লিয়ার করার কিছু নেই। প্রধানমন্ত্রীর কাছ থেকে ছুটি নিয়েছি। ছুটি শেষে ফিরে এসেছি।’ সরকার ও বিশ্বব্যাংকের আলোচনায় যেন কোনো বাধার সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনে আবার ছুটিতে যাওয়ার ইঙ্গিতও দেন তিনি। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মসিউর রহমান এসব কথা বলেন। বেলা তিনটার দিকে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিশ্বব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ সম্পর্কে তথ্য-উপাত্ত পাওয়ার জন্য মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের চেয়ারম্যান আরও বলেন, দুদকের অনুসন্ধান দলের হাতে যে মুহূর্তে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত পৌঁছাবে, সেই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্পে মামলার প্রস্তুতি শুরু হবে।