ছুটি নিয়ে বিড়ম্বনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও এর আশপাশে কয়েক শ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর। একই এলাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম—বৃহস্পতিবার যেখানে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হবে। এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সরকারি ছুটি মেনে ওই দিন বেলা দুইটার পর রাজধানীতে নামবে ঘরমুখী মানুষের স্রোত; একই সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামমুখী হবে অনুষ্ঠান উপভোগ করতে কয়েক হাজার দর্শক। নিত্য যানজটের ঢাকার কী রূপ দাঁড়াবে ওই সময়ে? কীভাবে রাস্তা সামলাবে ট্রাফিক পুলিশ? গতকাল এমন প্রশ্ন এসেছে অনেক।জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব এলাকায় সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ কারণে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হচ্ছে।’মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় (ইউবিএল ক্রসিং), সেখান থেকে জিরো পয়েন্ট হয়ে গোলাপ শাহ মাজার এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে গোলাপ শাহ মাজার থেকে আন্ডারপাস হয়ে রাজউক ক্রসিং এবং সেখান থেকে শিল্প ব্যাংক ভবন (২৪ তলা ভবন) দৈনিক বাংলার মোড় পর্যন্ত সব রাস্তা। এ ছাড়া রাজউক এভিনিউ, বায়তুল মোকাররম সড়ক এবং বায়তুল মোকাররম-জিপিও লিংক রোডে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন পার্ক করা যাবে না।তাহলে এসব এলাকায় লোকজন কীভাবে চলাচল করবে? দুইটায় অফিস ছুটি হলে লোকজন কীভাবে ঘরে ফিরবে? জানতে চাইলে মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, এসব সড়ক ব্যবহারকারীকে অনুষ্ঠান চলার সময় সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছুটি ঘোষণা করা হবে এমন প্রচারণা সরকারি মহলে অনেক আগে থেকেই ছিল। খোদ অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, উদ্বোধনের দিনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত ছুটি ঠিক হয় বেলা দুইটা। তবে এ দিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।উদ্বোধনী দিনে ছুটি ভেবে যাঁরা চার দিন ঢাকার বাইরে কাটানোর পরিকল্পনা করেছিলেন, তাঁরাও পড়েছেন মহা সংকটে। তাঁদের বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত কর্মসূচি এখন কাটছাঁট করতে হচ্ছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা নিয়েও আছে বিভ্রান্তি। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় মনে করছে, এ ছুটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বলতে সবকিছুই বোঝায়।অভিযোগ এসেছে এত বড় একটি আয়োজনে প্রস্তুতির শৈথিল্য নিয়েও। রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ের কাছে উন্মুক্ত পার্ক ঢেকে বসানো হয়েছে ইসলামী ব্যাংকের বিশাল বিশাল বিলবোর্ড। এভাবে পার্ক ঢেকে দিয়ে আরোপিত সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীদের অনেকেই। তবে বিশ্বকাপ সামনে রেখে রাজধানীর কিছু ফুটপাত খালি হয়েছে, কিছু রাস্তায় ঝাড়ু পড়েছে, রঙের পোঁচ লেগেছে। রাতে কিছু ভবন ও সড়কদ্বীপে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। আপাতত এটুকুতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে নগরবাসীকে। জোড়াতালি দিতে গিয়ে রাজধানীকে স্থায়ী ও পরিকল্পিতভাবে সাজানোর কোনো সুযোগই নেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।