ছুটিতে থাকায় শিক্ষক-কর্মচারী অপসারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক শিক্ষক ও এক কর্মচারীকে অপসারণ করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৮৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।সিন্ডিকেট সূত্রে জানা গেছে, অপসারণ হওয়া শিক্ষক হলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল। তিনি ২০১১ সালের ১ জুলাই থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অপসারণ হওয়া কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অফিস সহকারী মোহাম্মদ রেজাউল করিম। তিনি ২০১১ সালের ১৯ জানুয়ারি থেকে কোনো ধরনের ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত আছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম শিক্ষক-কর্মচারীর অপসারণের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি ও সিন্ডিকেট সদস্য কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, অপসারিত শিক্ষক ও কর্মচারীকে চাকরিতে যোগদানের জন্য কয়েক-দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা চাকরিতে যোগদান করেননি। তাই বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির ৮(২) ধারা অনুযায়ী তাঁদের অপসারণ করা হয়েছে।সিন্ডিকেট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগে এক প্রভাষক নিয়োগের ব্যাপারে দ্বিমত পোষণ করে নোট দিয়েছেন দুই সিন্ডিকেট সদস্য কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এবং নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী। সিন্ডিকেটের সভায় এ বিভাগে প্রভাষক পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের একজন হচ্ছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রাক্তন শিক্ষক তামিম মাহমুদ ফয়সাল। তাঁর ব্যাপারে আপত্তি জানিয়ে লিখিত মত দেন দুই সিন্ডিকেট সদস্য।