ছুটির দিনে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকিলের ডাক এই ইট-পাথরের শহরে আর কোথায় শোনা যাবে রমনা-সোহরাওয়ার্দীর সবুজ ভূমিটুকু ছাড়া? বসন্ত আসতে এখনো সপ্তাহখানেক বাকি। কিন্তু কোকিলের তর সইছিল না। শাহবাগের মোড় থেকেই ভিড়ের আভাস পাওয়া যাচ্ছিল। টিএসসির মোড়ে এসে সেই তুমুল ভিড়ের সাক্ষাত্ যেমন পাওয়া গেল, তেমনি শোনা গেল সোহরাওয়ার্দী উদ্যান থেকে ভেসে আসা কুহুকুহু ডাকও। বসন্তের দূত জানিয়ে দিচ্ছিল, ফুরিয়ে এসেছে শীতের দিন।উত্সবের আমেজ: গতকাল শুক্রবার উত্সবের আমেজ ছড়িয়ে পড়েছিল বাংলা একাডেমীর গ্রন্থমেলায়। বিকেল থেকেই মাঠ উপচানো ভিড়। উভয় দিকের প্রবেশপথেই লাইন পড়েছিল মেলার প্রথম শুক্রবারের ছুটির দিনেই। পথের মাঝখানে ঢোল, বেলুন, রঙিন আলোর ঘূর্ণিসহ হরেক রকমের জিনিসপত্র নিয়ে হাঁকডাক শুরু করেছিল ফেরিওয়ালারা। বাহুতে-চিবুকে শহীদ মিনার, পতাকার নকশা এঁকে দিতে রং-তুলি নিয়ে আঁকিয়েরা প্রস্তুত মাঠে, বটতলায়। মেলার মাঠ নতুন ভবন নির্মাণে সংকুচিত। দুই সারি স্টলের মাঝখানে জনস্রোত। চলাচল করাই মুশকিল।আলোর উদ্ভাস: ‘অন্ধকার সময় পেরিয়ে এখন আলোর উদ্ভাস ঘটেছে। মানুষের মন থেকে উদ্বেগ দূর হয়েছে বলেই মেলায় এত লোকসমাগম।’ বলছিলেন কবি রবীন্দ্র গোপ। এবার তাঁর মুজিব আমার অন্তরে বাহিরে নামের একটি দীর্ঘ কবিতা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে মিজান পাবলিশার্স থেকে। তিনি বললেন, ‘১৯৭৪ সাল থেকে নিয়মিতই মেলায় আসি, কিন্তু প্রথম সপ্তাহে আজকের মতো এমন লোকসমাগম হয়েছে মনে পড়ছে না।’ একই রকম প্রতিক্রিয়া প্রকাশকদেরও। সময় প্রকাশনীর ফরিদ আহমেদও বললেন, প্রথম সপ্তাহেই এবার প্রত্যাশার চেয়ে বেশি লোকসমাগম হয়েছে। বিক্রিও ভালো।আগে না পিছে: অন্য প্রকাশের স্টলের সামনে এত ভিড় যে ক্রেতাদের রীতিমতো হুড়োহুড়ি করতে হয়েছে বই কিনতে গিয়ে। প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বললেন, আজকেই তো লোকজন চলতে পারছে না। এরপর লোকসমাগম আরও বাড়বে। তখন ভেতরে চলাচলের জায়গাই থাকবে না। ক্রেতারা বই বাছাই করতে পারছে না। আগে থেকে কোনো বইয়ের নাম জেনে এসে তারা সে বইটি চাইছে। ফলে নতুন যেসব লেখকের বই এসেছে, সেগুলো তারা দেখার সুযোগই পাচ্ছে না। মেলার পরিসর অবশ্যই বাড়ানো দরকার। আগে স্টলের আকার ছিল আট ফুট বাই ২৪ ফুট। এখন আট ফুট বাই ১৮ ফুট করা হয়েছে।ভিড় বটতলায়ও: ক্রেতাদের মতো লেখকদেরও ভিড় জমেছিল কাল বটতলার নজরুল মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য। অন্তত ২০টির মতো বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম তরুণ কবি ইউসুফ রেজার সিডি আকারে প্রকাশিত ডিজিটাল কবিতার বই প্রেমের কবিতা। অন্যান্য বইয়ের মধ্যে ছিল হাবিবুর রহমানের কাব্য নির্বাসনে দাও আমায়, শাহজাহান সিদ্দিকীর মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ গান যখন কমান্ডো হামলার সিগন্যাল ইত্যাদি।নতুন বই: নতুন বইও এসেছে অনেক। তথ্যকেন্দ্রে জমা পড়েছে ২৩৫টি। উল্লেখযোগ্য হচ্ছে সূচীপত্র থেকে আবদুল মান্নান সৈয়দের উপন্যাস একাত্তর। বিভাস থেকে মোকারম হোসেন খানের সংগীতবিষয়ক ছোটদের বাদ্য বাজে, বুলবন ওসমানের গল্প ছিঁচকের বায়না। অনুপম থেকে মুনতাসীর মামুনের ঢাকায় প্রথম। সময় থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ বিষয় ইতিহাস, রাবেয়া খাতুনের উপন্যাস হিরণ্ময় দুঃখ এবং প্রতিদিন একটি পাপ, আনিসুল হকের উপন্যাস জননী সাহসিনী: ১৯৭১। নওরোজ কিতাবিস্তান থেকে গোলাম মোক্তাদিরের উপন্যাস কাছের মানুষ দূরের মানুষ। সূচীপত্র থেকে এসেছে রণজিত্ বিশ্বাসের রম্য আকারে সঠিক নিয়মে বাংলা শেখার বই শুদ্ধ বলা শুদ্ধ লেখা। জ্ঞানকোষ থেকে শেখ আনোয়ারের বিজ্ঞানবিষয়ক বই মহাকাশে যাবে? পাঠসূত্র থেকে এসেছে হামিদ কায়সারের গল্প আদম হাওয়া বন্দুক। তাম্রলিপি থেকে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস রাশা, মোহিত কামালের মনোবিজ্ঞান টিন এজ মন। শুদ্ধস্বর থেকে মোহাম্মদ রফিকের কাব্য দোমাটির মুখ। অন্যপ্রকাশ থেকে সাগরিকা নাসরিনের উপন্যাস পুুনশ্চ প্রেম। ইত্যাদি থেকে বেলাল চৌধুরীর আত্মজীবনী নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়। উত্স থেকে শাকুর মজিদের ভ্রমণকাহিনি নদীর নাম টে। মাওলা ব্রাদার্স থেকে কবীর চৌধুরীর প্রবন্ধ আমার রবীন্দ্রনাথ, আমার নজরুল। কথা প্রকাশ থেকে সরদার ফজলুুল করিমের প্রবন্ধ সেইসব দার্শনিক। রূপ প্রকাশন থেকে আহসান হাবীবের রম্যরচনা আমি কেউ না। পারিজাত থেকে দীলতাজ রহমানের ভালো ভূত। অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের উপন্যাস লিলিয়ান উপাখ্যান। অন্বেষা থেকে হুমায়ূন আহমেদের কিশোর উপন্যাস রাক্ষস খোক্কস এবং ভোক্কস। প্রজ্ঞালোক থেকে শান্তনু চৌধুরীর সাক্ষাত্কারবিষয়ক বই কথা প্রসঙ্গে এবং পার্ল থেকে সারওয়ার-উল-ইসলামের উপন্যাস আহ্ বালিকা।বাংলা আমার চেতনা: সন্ধ্যায় মেলার মূল মঞ্চে ছিল বাংলা আমার চেতনা নামের কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু-কিশোরদের গীতিনৃত্যালেখ্য। এ ছাড়া দৃষ্টি ও মৃদঙ্গর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এর আগে বিকেলে ছিল গণপরিষদ বিতর্ক বিষয়ে আলোচনা। প্রবন্ধ পড়েন শান্তনু কায়সার, আলোচনা করেন সাজ্জাদ আলী জহির ও কাবেরী গায়েন। সভাপতিত্ব করেন অধ্যাপক হারুন-অর-রশীদ। ছুটির দিন আজকেও। গ্রন্থানুরাগীরা মেলা প্রাঙ্গণ প্রাণস্পন্দনে ভরিয়ে দিতে আসবে আগের মতোই।