ছুটির দিনে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধনের পর গতকাল শুক্রবার প্রথম ছুটির দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী মেলায় এসেছেন এবং স্বাচ্ছন্দ্যে ঘুরে-ফিরে পছন্দের পণ্য কিনে ঘরে ফিরেছেন।গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দলবেঁধে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে মেলায় আসছে মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যার সময় এই ভিড় পর্যায়ক্রমে বাড়তে থাকে। তবে প্রবেশ টিকিট ক্রয়ের পর্যাপ্ত বুথ থাকায় মেলায় ঢুকতে খুব একটা বেগ পেতে হয়নি দর্শনার্থীদের। রাজধানীর আগারগাঁওয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে মাসব্যাপী ১৭তম এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, সাধারণ স্টল, রেস্টুরেন্ট ও একটি বিনোদন পার্কসহ ৫০৬টি স্টল আছে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ও শিশুদের জন্য ১০ টাকা প্রবেশ মূল্য ধরা হয়েছে।বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে মেলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ প্যাভিলিয়ন রাখা হয়েছে। মেলায় আগতদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছেন স্কাউট সদস্যরা। এ ছাড়া ইপিবি এবার বর্ধিত আকারে ‘বাণিজ্য তথ্যকেন্দ্র’ স্থাপন করেছে। এখান থেকে মেলা সম্পর্কিত যেকোনো তথ্য নিতে পারবেন দর্শনার্থীরা। এমনকি ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিয়েও সেবা করেছেন ইপিবির কর্মকর্তারা। ইপিবির কর্মকর্তা শেখ শহীদুর রহমান বলেন, বিভিন্ন বিষয় জানতে প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় করেন। এ ছাড়া এখানে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে মেলায় আগতদের।মেলায় পাটজাত পণ্যের বিশেষ একটি প্যাভিলিয়ন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। একটি প্যাভিলিয়নের ভেতর ২৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টল আছে এখানে। এসব স্টলের পাটের বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা, ম্যাটসহ বিভিন্ন পণ্য কিনতে ভিড় করতে দেখা যায় অনেককে। এবারের মেলায় হাতিল ফার্নিচার নতুন ধরনের আসবাব নিয়ে এসেছে। এসবের মধ্যে সোফা সেট, সেন্টার টেবিল, ডাইনিং টেবিল সেট, খাটের সেট অন্যতম। মেলা উপলক্ষ পাঁচ থেকে ২৫ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। এই সুযোগ মেলা চলাকালীন সময়ে সারা দেশের ৪৫টি বিক্রয়কেন্দ্রে থেকে পাওয়া যাবে বলে জানান কাস্টমার কেয়ার কর্মকর্তা দীল মাহমুদ। গতকাল মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেশি মূল্য রাখার অভিযোগে ‘হামজা’ নামের এক খাবার দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরপরই মেলা কর্তৃপক্ষ সব খাবারের দোকানে মূল্য তালিকা টাঙাতে নির্দেশ দেয়। মেলা আয়োজক কমিটির সদস্যসচিব সৈয়দ বেলাল হোসেন বলেন, ভবিষ্যতে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গতকালও কয়েকটি স্টল ফাঁকা দেখা গেছে। সাজসজ্জার কাজও চলছে কয়েকটি স্টলে।