ছুটির দিন ছিল, মেলাও খুলেছিল সকাল থেকেই। একাডেমীর ভেতরে বই। বাইরেও খানিকটা। তার পর থেকে ফুটপাতজুড়ে বারোয়ারি পসরা, তাতে হরেক পণ্যের বিচিত্র সমারোহ। লোকজনের সমাগমও অনেক। তবু শুক্র আর শনিবার যেমন এক নয়, তেমনি এই দুই দিনের গ্রন্থমেলার মেজাজটাও ঠিক এক রকমের নয়। গতকাল শনিবারও মেলায় উৎসবের আমেজ ছিল বটে, তবে শুক্রবারের মতো তেমন উপচানো ভিড়, উচ্ছ্বসিত পরিবেশ ছিল না দৃশ্যপটে।বই কেনাটাই যাদের মুখ্য উদ্দেশ্য, তারা মেলায় এসেছিল দিনের প্রথম ভাগে। নিরিবিলি পরিবেশে স্বস্তির সঙ্গে স্টলে স্টলে ঘুরে যাচাই-বাছাই করে বই কিনেছে। নতুন বই বলতে চলতি বছরের বই নয়, প্রকৃত গ্রন্থানুরাগীর কাছে যে বইটি পড়া হয়নি, সেটিই নতুন। তা সে বইটি যত দিন আগেই প্রকাশিত হোক না কেন। সে কারণেই অজস্র বইয়ের বিপুল সম্ভার থেকে না পড়া পছন্দের বইটি খুঁজে বের করা যেমন সময়সাপেক্ষ, সে জন্য আবার স্বস্তিকর পরিবেশটাও প্রয়োজন। ছুটির দিনের মেলা খুলছে সকালে। এ কারণে দিনের প্রথম ভাগটি খোঁজাখুঁজি করে বই কেনার জন্য ভালো সময়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, ভিড় থাকে না, কিন্তু বিক্রি হয় যথেষ্ট।বিচার, নির্বাচন এসব শব্দের মূল্য নেইপ্রথমা প্রকাশন থেকে বিশিষ্ট লেখক সত্যাগ্রহী সৈয়দ আবুল মকসুদের অরণ্য বেতার বইটি এসেছে শনিবার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাসভিত্তিক তথ্যনিষ্ঠ গ্রন্থ এটি। বিক্রি হচ্ছিল ভালো। তিনি বললেন, ‘মেলায় বইয়ের মান ভালো হচ্ছে না। ভুল থাকছে প্রচুর; তার কারণ, এখানে পাণ্ডুলিপি যাচাই-বাছাই করা হয় না এবং সম্পাদনা হয় না। ইউরোপ-আমেরিকায় প্রতিটি প্রকাশকের একটি সম্পাদনা পর্ষদ থাকে। যিনি যত বড় লেখকই হোন না কেন, তাঁর পাণ্ডুলিপি আগে প্রকাশের জন্য নির্বাচিত হতে হবে। তারপর যথাযথ সম্পাদনার পরই কেবল তা প্রকাশিত হবে। আমাদের দেশে বিচার, নির্বাচন—এসব শব্দের কোনো মূল্য নেই। প্রকাশকেরা মুখ দেখে বই ছাপেন। প্রকাশনাটি ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভরশীল। ফলে যে যা লিখছেন, তা-ই বই হয়ে যাচ্ছে। কার ভুল কে সংশোধন করবে। অনেক খ্যাতিমান, অনেক জনপ্রিয় লেখকের বই আছে বহু ভুলে ভরা। অথচ সেই প্রকাশকের সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, তবে যত উঁচু মানের হোক, যত নির্ভুল পাণ্ডুলিপি হোক, ছাপা হবে না। এ রকমই চলছে আমাদের প্রকাশনায়। সে কারণে প্রচুর বই প্রকাশিত হলেও আমাদের বইয়ের মান উন্নত হচ্ছে না।’পরবাসীএবার মেলায় প্রবাসী বাঙালি লেখকদের একটি আলাদা স্টল রয়েছে। ‘পরবাসী’ নামের এই স্টলে রয়েছে ৮০ জন প্রবাসী লেখকের বিভিন্ন ধরনের বই। প্রবাসী লেখকদের পক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে তাঁদের পক্ষে গোলাম মোস্তফা জানান, প্রবাসে কঠিন জীবনযাত্রার মধ্যে থেকেও যাঁরা মাতৃভাষায় সাহিত্যের চর্চা করছেন, তাঁদের রচনাকর্মকে দেশের বৃহত্তর পাঠকের সামনে তুলে ধরতেই এবার একত্রে একটি স্টলে উপস্থাপন করা হয়েছে।মোড়ক উন্মোচনগতকাল এক ডজন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে নজরুল মঞ্চে। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো: দিব্যপ্রকাশ থেকে আসজাদুল কিবরিয়ার ভ্রমণকাহিনি আমির তৈমুরের দেশে। মোড়ক উন্মোচন করেন করুণাময় গোস্বামী ও ফজলে রাব্বী। ঝিঙে ফুল থেকে মুহম্মদ নূরুল ইসলামের গভীর অরণ্যে বন্যহাতি দেখার রোমাঞ্চকর অভিযান এবং ভাষাচিত্র থেকে আসিফ জাহানের প্রকৃতির গান-এর মোড়ক উন্মোচন করেন মুহম্মদ নূরুল হুদা।নতুন বইগতকাল নতুন বই এসেছে ১২০টি। এর কয়েকটি হলো: সন্ধানী থেকে নির্মলেন্দু গুণের মুক্তিযুদ্ধের কবিতা, সুশান্ত মজুমদারের গল্পগ্রন্থ এখনো জ্বলে যায়। ইত্যাদি থেকে ভীষ্মদেব চৌধুরীর প্রবন্ধগ্রন্থ নিয়তির পক্ষ-বিপক্ষ ও বিবিধ প্রবন্ধ। ঐতিহ্য থেকে মাহবুব মোর্শেদের গল্পগ্রন্থ দেহ, কেনেথ এন্ডারসনের শিকারকাহিনি জঙ্গলে সাবধান। মাওলা ব্রাদার্স থেকে অধ্যাপিকা সিদ্দিকা কবীরের রান্না খাদ্য পুষ্টি, হাসান আজিজুল হকের গল্পসমগ্র-১। হাতেখড়ি থেকে শেখ আনোয়ারের বিজ্ঞানবিষয়ক শিশুতোষ গ্রন্থ আপন মনে বিজ্ঞান খেলি। সিঁড়ি থেকে রফিকুর রশিদের উপন্যাস দারুচিনি দ্বীপের ভেতর। নান্দনিক থেকে শওকত আলীর উপন্যাস মাদার ডাঙার কথা। শুদ্ধস্বর থেকে সৈয়দ শামসুল হকের কবিতা তোমার নক্ষত্র এই রক্তের লোহিতে, মোহাম্মদ রফিকের প্রবন্ধগ্রন্থ জীবনানন্দ, প্রশান্ত মৃধার প্রবন্ধগ্রন্থ নিজের জন্য খসড়া, আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ব্যবহূতা, মামুন হুসাইনের উপন্যাস নিক্সপালস, আবদুল মান্নান সৈয়দের কাব্যগ্রন্থ মাছ সিরিজ, দারা মাহমুদের উপন্যাস কালো রোদের কাহিনী। হাওলাদার প্রকাশনী থেকে অধ্যাপক ডা. নজরুল ইসলামের চিকিৎসাবিষয়ক গ্রন্থ গ্লকোমার সাথে বসবাস। সময় থেকে আলম তালুকদারের ছড়াকারের নির্বাচিত ছড়া, ধ্রুব এষের বৈজ্ঞানিক কল্পকাহিনি ত্রিস্তান, মুক্তধারা থেকে রবীন্দ্রনাথ সাহা সম্পাদিত প্রবন্ধগ্রন্থ বিজ্ঞানী মেঘনাদ সাহার জীবন ও দর্শন ইত্যাদি। এ ছাড়া গতকাল প্রথমা প্রকাশনের স্টলেও গ্রন্থানুরাগীদের ভিড় ছিল। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলোর প্রতি পাঠকদের ছিল বিশেষ আগ্রহ। এ ছাড়া উপন্যাসের মধ্যে গত বছর প্রকাশিত আনিসুল হকের সুদূরতমা এবং মুহম্মদ জাফর ইকবালের এবারের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রডিজি ও নকশায় প্রকাশিত রান্নার সংকলনগুলো বেশ বিক্রি হয়েছে।সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে যারা এসেছিল মেলায়, তারা বই কিনে, গান শুনে চমৎকার একটি সন্ধ্যা কাটিয়ে গেছে।