আগের সন্ধ্যায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী তাক লাগানো অনুষ্ঠানের রেশ জমে ছিল মনের কোণে। গতকাল শুক্রবার ছুটির দিনে সেই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছিল বইমেলায় যাওয়ার তাগিদ। সংসারের গৎ বাঁধা রুটিন এড়িয়ে নগরবাসীর গন্তব্য হয়ে উঠেছিল বাংলা একাডেমীর চত্বর। বই কেনা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মেলার দিকে যাত্রা শুরু হয়েছিল সকাল থেকেই। বিকেলে সেখানে আক্ষরিক অর্থেই মানুষের ঢল। আমজনতার বিপুল স্রোতে শামিল হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।বিকেলে মেলার মাঠে এক দম্পতি জানালেন, বারডেম হাসপাতালে চিকিৎ সাধীন এক আত্মীয়কে দেখে ফেরার পথে তাঁরা এসেছেন মেলায় ঢুঁ দিতে। সন্ধ্যা নাগাদ দোয়েল চত্বর থেকে টিএসসি জনসমুদ্রে পরিণত। টিএসসি মোড়ে যাত্রীর জন্য অপেক্ষমাণ মিরপুরের অটোরিকশার চালক নাদিমও ভিড় দেখে বিস্মিত। ‘এত ভিড় ক্যান, আজ কি মেলা শেষ নাকি’—প্রশ্নটি করেই ফেললেন তিনি। বেশুমার মানুষের পদচারণে মেলার মাঠে ধুলোর মেঘ। তবে চরণধুলায় বেশভূষা ধূসর হয়ে উঠলেও তাতে ভ্রুক্ষেপ নেই কারও।শিশুদের রাজত্বগতকাল সকালে মেলায় শিশুদের উপস্থিতি ছিল বেশি। হাঁটতে হাঁটতে বড়রা ক্লান্ত হলেও শিশুদের ক্লান্তি ছিল না। কী বই কিনেছ তোমরা? এ ধরনের প্রশ্নের মুখে পড়ে নিতান্তই বিরক্ত তারা। কেউ কেউ কোনো রকমে এক-দুটি বইয়ের নাম বলেই আবার দে ছুট। উটকো কথায় সময় নষ্ট করার আগ্রহ নেই তাদের মোটেই।স্কয়ার কনজুমার প্রোডাক্ট লিমিটেডের মহাব্যবস্থাপক আলী কাউসার প্রথম আলোকে বলেন, ‘বাচ্চার চাহিদা পূরণের মতো বই পাওয়া যাচ্ছে। তবে বইগুলো এমনভাবে সাজানো যে রূপকথা বা ভূতের বইগুলো চোখে পড়ছে আগে। ফলে শিশুদের তখন আর অন্য কোনো বই কিনে দেওয়া সম্ভব হয় না।’ছড়াকার লুৎ ফর রহমান রিটন প্রথম আলোকে বলেন, ‘রাবেয়া খাতুন, সেলিনা হোসেন, আনিসুল হক, কাইজার চৌধুরীসহ দেশে শিশুসাহিত্যিকের সংখ্যা হাতেগোনা। অথচ শিশুতোষ বইয়ের চাহিদা প্রচুর। কাটতিও বেশি। কিন্তু বেশির ভাগ বই ভুল বাক্য, বানান ও তথ্যে ঠাসা। দেখলে মন খারাপ হয়। অভিভাবকেরা সে বইগুলোই শিশুর হাতে তুলে দিচ্ছেন। ফলে অবস্থা হয় আরও ভয়াবহ। তাই বই কেনার সময় অভিভাবকদেরও সচেতন হতে হবে।’ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী রায়দা মুহম্মদ জাফর ইকবালের শুকনো ফুল রঙিন ফুল বইটি কিনেছে। একটু আগেই সেই বইটিতে তার প্রিয় লেখক অটোগ্রাফ দিয়েছেন, তা বিশ্বাসই করতে পারছিল না। মুহম্মদ জাফর ইকবাল ঘণ্টার পর ঘণ্টা হাসিমুখে খুদে পাঠকদের কেনা বইয়ে স্বাক্ষর দিচ্ছিলেন। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমও মেলায় এসে গতকাল অটোগ্রাফ-শিকারিদের কবলে পড়েন।টম অ্যান্ড জেরি, ছড়ার সিডি, সুকুমার রায়ের ছড়ার বইগুলো যেসব শিশু সবেমাত্র পড়তে শিখেছে, তাদের জন্য কিনছিলেন অভিভাবকেরা।নালন্দা স্কুলের খুদে শিক্ষার্থী রোদশীর বাবা স্কুল থেকে দেওয়া তালিকা ধরে ধরে হজরত মোহাম্মদ (সা.), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেলেন কেলার, গৌতম বুদ্ধসহ বিভিন্ন জীবনীগ্রন্থ খুঁজছিলেন। রাজারবাগ পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আরা জানাল, স্কুলের শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে মেলায় এসেছে। তাদের বইয়ের তালিকায় হুমায়ূন আহমেদের বই প্রাধান্য পাবে।ভূতের হাতছানিমেলায় ছোটদের প্রচুর বই এসেছে। তবে হরেক রকম বইয়ের মধ্য থেকে শিশুদের চোখগুলো আটকে যাচ্ছিল ভূত-পেত্নীর বইগুলোতে। ‘এখন ভূতের বই পড়লে ভয় পাবে, আরেকটু বড় হও, তারপর পোড়ো।’ মা-বাবার এ ধরনের উপদেশবাণী কানেই যাচ্ছিল না তাদের। স্টলের সামনে তারা আঠার মতো লেগে থাকায় বাধ্য হয়েই তাদের বায়না মেটাচ্ছিলেন মা-বাবারা। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া কাইফ ইশরাক ভয়ংকর দানবের কবলে নরখাদকের দেশে নামের দুটি বই কিনেছে। গতকাল মেলায় আসা নতুন বইয়ের তালিকায়ও ছিল ভূতের রাজত্ব। ভূতের বাড়িতে এক রাত, ভূতের শহর, ভূতের নাচন, প্রেতাত্মা, মিস্টার ড্রাগন, ভয়ংকর ভূতের কবলে এক রাত, ওরে বাবা ভূ-উ-ত নামের ভূতের গল্প ও উপন্যাসগুলো শিশুদের আকর্ষণ করে।মোড়ক উন্মোচননজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন নিত্যনৈমিত্তিক ঘটনা। বিষয়টিতে খানিকটা নতুনত্ব আনার চেষ্টায় গতকাল সিমু নাসেরের তিতিরের বর্ণমালা বইটির মোড়ক উন্মোচনের সময় বইয়ের বাক্স থেকে জীবন্ত একটি মোরগকে মুক্তি দান করেন উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব। বইটি শুভ্র প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। শুদ্ধস্বর থেকে প্রকাশিত মাহফুজ রহমানের শীত বুড়োর ঠান্ডা লেগেছিল বইটিরও মোড়ক উন্মোচন করেন আহসান হাবীব।গতকাল মেলায় ৩৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তরুণ লেখক আলীম ধ্রুবের চিত্রপট বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। কৌশিক আহমেদ এবং অন্যদের ব্লগ সংকলন অপরবাস্তব ৫, মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প, ইভ টিজিংয়ের বিষবৃক্ষ, ভূমিকম্প ও আমাদের করণীয়সহ বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।নতুন বইবাংলা একাডেমীর দেওয়া তথ্যমতে, গতকাল পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা এক হাজার ৮৬৩। গতকাল মেলায় ১৬৪টি নতুন বই এসেছে। উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে: নবযুগ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর বৌদ্ধ ধর্ম; মম প্রকাশ থেকে কাইয়ুম আলফাজের মজার গণিত শেখার গণিত; হাতেখড়ি থেকে মোহাম্মদ জিল্লুর রহমানের সম্পাদনায় মানবদেহের রোগ ও চিকিৎ সা; সময় প্রকাশন থেকে আনিসুল হকের প্রবন্ধ লেখা নিয়ে লেখা, মাসউদ আহমেদের অন্তরঙ্গ আনিসুল হক; শুদ্ধস্বর থেকে রাজীব হাসানের কিশোর উপন্যাস অভিরূপের অভিযান; জাগৃতি থেকে রহিমা করিমের কালো মেয়ের মুক্তি; নওরোজ থেকে দেবব্রত মুখোপাধ্যায়ের ড. ফারুকির অভিযান; অগ্রদূত থেকে চট্টগ্রামের ভাষায় লেখা তরুণ লেখক কাফি কামালের গল্পগ্রন্থ মেইট্টাল; মিজান পাবলিশার্স থেকে আহমেদ ফিরোজ সম্পাদিত বাংলা ভাষায় নির্বাচিত ১০০ ছড়া প্রভৃতি।এ ছাড়া শ্রাবণ থেকে এসেছে লেখক বদরুদ্দীন উমরের ড. মুহাম্মদ ইউনূসের দারিদ্র্য বাণিজ্য বইটি। বইটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়। বইটির কথা মেলার তথ্যকেন্দ্র থেকে প্রচার করা হয়নি। নতুন বইয়ের তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রসঙ্গে বাংলা একাডেমীর পক্ষ থেকে অমর একুশে গ্রন্থমেলা ২০১১-এর নীতিমালা ও নিয়মাবলির কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনো বরেণ্য ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গাত্মক লেখা মেলায় প্রচার করা হয় না।