ছুটির দিনে জমজমাট প্রচারণা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর গতকাল ছিল প্রথম শুক্রবার। ছুটির এই দিনটিকে পুরোপুরি কাজে লাগিয়েছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। দিনভর তাঁরা শহরবাসীকে শুনিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।আলোচিত তিন মেয়র প্রার্থীর মধ্যে সেলিনা হায়াত আইভী কাল বন্দর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। অতীতের মতোই উন্নয়নমূলক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় আইভীর কাছে ছুটে আসে বৃদ্ধ-নারী-শিশুসহ সর্বস্তরের জনতা।শামীম ওসমান প্রচারণা চালান বন্দর এলাকায়। তিনি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী উল্লেখ করে ভোট চান। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিজের কর্মীরা। আর বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারও বন্দর এলাকায় প্রচারণা চালান।আইভীর পেছনে জনস্রোত: সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী কাল সারা দিন বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। তিনি কাটিয়াখালী, মাছুয়াবাজারসহ আশপাশের সব এলাকার বাড়ি বাড়ি যান। যেখানেই তিনি গেছেন, সেখানে তাঁর পেছনে ছিল জনস্রোত। গৃহবধূরা আইভীর সঙ্গে হাত মেলাতে ব্যস্ত ছিলেন। অনেকে আইভীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন।জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত, বন্দর আওয়ামী লীগের নেতা জি এম আরমান, মিয়া বাবুসহ অনেকেই তাঁর সঙ্গে ছিলেন। এ ছাড়া শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির অন্যান্য এলাকায় আইভীর পক্ষে প্রচারণা চালান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিনা হায়াত আইভী বলেন, ‘এখন পর্যন্ত দল কাউকে সমর্থন দেয়নি। আর এটি কোনো দলীয় নির্বাচন নয়। দলের সমর্থন কোনো মুখ্য বিষয় নয়। তিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যা বলেছেন, তা তাঁদের ব্যক্তিগত বক্তব্য, দলীয় নয়। দলের মুখপাত্র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকই তা স্পষ্ট করেছেন। আর আমাকে যাঁরা নির্বাচন থেকে সরে যেতে বলছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে জয়ী হয়ে আমি মেয়র পদটি আমাদের দলীয় সভানেত্রীকে উপহার দিয়ে আসতে চাই।’উৎফুল্ল শামীম-সমর্থকেরা: শামীম ওসমান কাল সকালে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। বিকেলে তিনি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া ও কালীবাজারে প্রচারণা চালান। শামীম দলীয় সমর্থন পেয়েছেন—এমন খবরে তাঁর কর্মীরা ছিলেন উৎফুল্ল। শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘দল যে আমাকে সমর্থন দিয়েছে, এ বিষয়ে আর কোনো লুকোছাপা নেই। আইভীর উচিত, আমাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো।’ তিন সাংগঠনিক সম্পাদক দলীয় সিদ্ধান্তে এসেছেন কি না, জানতে চাইলে শামীম ওসমান বলেন, তিনজন একসঙ্গে ব্যক্তিগত সিদ্ধান্তে আসেননি। দলীয় সিদ্ধান্তেই এসেছেন।আনারস নিয়ে তৈমুর: বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার বন্দরের ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ, মাহমুদনগর, এলাহীনগর, ইস্পানিবাজার, খানবাড়ি, কদমরসুলসহ বিভিন্ন এলাকায় আনারস হাতে নিয়ে প্রচারণা চালান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৈমুর খন্দকার বলেন, ‘বিএনপি এলেই নারায়ণগঞ্জের উন্নয়ন হবে। তাই নারায়ণগঞ্জবাসীকে আনারস প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা: আচরণবিধি ভঙ্গের অভিযোগে একজন কাউন্সিলর পদপ্রার্থী ও সংরক্ষিত নারী আসনের এক কাউন্সিলর পদপ্রার্থীর দুই সমর্থককে কাল জরিমানা করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর ফারুক তাঁর প্রতীক পদ্মফুল নিয়ে গতকাল সকালে মিছিল করেন। মিছিল করা নিষিদ্ধ হওয়ায় নির্বাচন কর্মকর্তারা ওমর ফারুককে থানায় নিয়ে যান। এরপর দুপুর দুইটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন মিয়া এসে আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেন। সকাল নয়টায় সংরক্ষিত নারী আসনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আসমা বেগমের পক্ষে মাইকে প্রচারণার সময়ে দুটি মাইক জব্দ করা হয়। তখন দুই যুবককে আটক করা হয়। পরে আসমা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ইভিএম নিয়ে কর্মশালা: নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন। কাল বিকেলে শহরের চাষাঢ়া জিয়া হলে ইভিএম ব্যবহার করে ভোট প্রদান সম্পর্কে সবাইকে জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফুল কবীর।ইভিএমে কারচুপির অভিযোগ সম্পর্কে বুয়েটের এই অধ্যাপক বলেন, এ ধরনের কোনো আশঙ্কা নেই। এর ফলাফল পাল্টে ফেলারও কোনো সুযোগ নেই। ইভিএমের তথ্য ১০০ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।কর্মশালায় তৈমুর আলম খন্দকার বলেন, ইভিএম পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে বাতিল করা হয়েছে। এতে কারচুপির আশঙ্কা রয়েছে।লুৎফুল কবীর জানান, ইভিএম পদ্ধতিতে পছন্দের প্রতীক ও প্রার্থীর নামের পাশের বোতামে চাপ দিলেই সবুজ বাতি জ্বলে উঠবে। ভোট দেওয়া শেষ হলে শব্দ করে লাল বাতি জ্বলবে। ভোট বাতিল হওয়া বা ফলাফল পাল্টানোর কোনোই সুযোগ নেই।