ছুটির দিনে থাকল ক্রিকেটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটিটাই নাকি তাড়াতাড়ি শেষ হয়! কিছু বুঝে ওঠার আগেই চলে যায় অখণ্ড অবসর। আয়ারল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ দলের কালকের ছুটিটা যেমন চলে গেল ফুড়ুত করে।সকালে হোটেলে জিম ছিল। তারপর পুরো দিনই ছুটি। ছুটির দিনে কেউ হোটেলে কাটিয়েছেন অলস সময়, অনেকে বাসায় গেছেন পরিবারের সান্নিধ্যে। কেউ আবার অনুশীলনও করেছেন। যে যেভাবেই ছুটি কাটান, সবার জন্যই কালকের অবসর ছিল চাঙা হওয়ার উপলক্ষ।ছুটিতে ক্রিকেট যে একেবারেই নির্বাসিত ছিল, তা নয়। তবে ক্রিকেটটা এদিন পেশার চেয়ে নেশা হয়ে ধরা দিয়েছিল বেশি। খেলোয়াড় নয়, অনেকে ক্রিকেটে বুঁদ হয়েছেন দর্শক হয়ে। সন্ধ্যায় তামিম ইকবালের সঙ্গে কথা হলো টেলিফোনে। কণ্ঠে আলস্য নিয়ে সহ-অধিনায়কের পাল্টা প্রশ্ন, ‘খেলা দেখছেন না...হল্যান্ড-ইংল্যান্ড?’ উত্তরের অপেক্ষা না করে নিজেই নেমে গেলেন বিশ্লেষণে, ‘ইংল্যান্ডের সোয়ানই যা একটু বল করল। হল্যান্ড কিন্তু খুবই ভালো দল...দেখলেন তো!’হল্যান্ড বাংলাদেশের গ্রুপেরই দল, তামিমের শহর চট্টগ্রামে বাংলাদেশ-হল্যান্ড ম্যাচটা ১৪ মার্চ। আয়ারল্যান্ড ম্যাচের আগে তামিম অবশ্য অত দূরে তাকাচ্ছেন না। আর তাকালেও খুব যেন গুনছেন না ডাচদের, ‘ওরা পেস বল ভালো খেলে, আমরা জানি। কিন্তু আমাদের তো স্পিন আছে। আমরা ভালো খেললে হল্যান্ড আমাদের ধারেকাছেও আসতে পারবে না।’ আর আয়ারল্যান্ড? কাল বাদে পরশুই তো ম্যাচ আইরিশদের সঙ্গে। টেলিফোনে দেখার উপায় নেই, তবে মনে হলো, তামিম যেন একটু নড়েচড়ে বসলেন, ‘জিততে হলে সব দলের সঙ্গেই আমাদের ভালো খেলতে হবে। আর ভালো খেললে আমরা যেকোনো দলকে হারাতে পারব, এই বিশ্বাস আছে। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই, বড় করে দেখারও কিছু নেই।’ছুটিতে অলস সময় কাটাতে পছন্দ করেন সাকিব আল হাসান। ভারত ম্যাচের পরদিনের ছুটিটায় ছিলেন বাসায়, কাল সারা দিনই হোটেলে। বেড়ানো-টেড়ানোর চাইতে ঘরে বসে টেলিভিশন দেখাটাই বেশি আনন্দের অধিনায়কের কাছে, ‘আমার টিভি হলে আর কিছু লাগে না। খেলা, নাটক, সিনেমা, খবর, টক শো—সবই দেখি।’ কাল সন্ধ্যায় অবশ্য সাকিবের রুমে খোলা থাকল খেলার চ্যানেলই, ‘হল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দেখছি টিভিতে। হল্যান্ড তো খুবই ভালো ব্যাট করল!’ছুটির দিনে বাসায় গিয়ে বিশ্বকাপের এই ম্যাচ দেখছিলেন শাহরিয়ার নাফীসও। হল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের অবস্থা দেখে তাঁর বিশ্বাস জন্মেছে, ‘ওদের (ইংল্যান্ডের) বিপক্ষে আমাদের পারা উচিত...।’ তার আগে অবশ্য শাহরিয়ারও পরশুর আয়ারল্যান্ড ম্যাচটাকেই দিচ্ছেন সর্বোচ্চ গুরুত্ব, ‘পরের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খোদা না করুক, এই ম্যাচে যদি কোনো অঘটন ঘটে, বিশ্বকাপে মনে হয় না আর সে ক্ষতি কাটিয়ে উঠতে পারব।’দুপুরে অনুশীলন করে কাটিয়েছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিক ও রকিবুল হাসান। কিন্তু ছুটির দিনেও অনুশীলনে কেন গেলেন এই চতুষ্টয়! খুব সিরিয়াস কারণ নেই। ইমরুল জানালেন, আগের ম্যাচে প্রকাশিত দুর্বলতাগুলো নিয়েই এদিন গবেষণা হলো নেটে, ‘যে যার মতো কাজ করেছি আসলে। যে শট খেলে আউট হয়েছি, সেটাই ভালোভাবে অনুশীলন করলাম।’ প্র্যাকটিস শেষে হোটেলে ফেরার আগে বিকেল আর সন্ধ্যাটা তিনিও কাটিয়ে এসেছেন বাসায়।ইমরুলদের অনুশীলনে সঙ্গী ছিলেন জেমি সিডন্স। কী আর করবেন, তিনি যে কোচ! ছোটখাটো ছুটির দিনগুলো ভবিষ্যৎ পরিকল্পনা করেই কাটে।্রছুটির দিনেও কোচের চিন্তায় ঘুরে বেড়াল আয়ারল্যান্ড ম্যাচের ব্লু-প্রিন্ট। এই ম্যাচটাকে বেশ বড় করেই দেখছেন বাংলাদেশ কোচ, ‘গুরুত্বপূর্ণ ম্যাচ। হারলে আমাদের আর কোনো সম্ভাবনা থাকবে না। ভারত ম্যাচ জেতার আশা সেভাবে করিনি, তবে আয়াল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আশা করছি। আমাদের বিশ্বাস আছে, ম্যাচ দুইটা জিততে পারব।’আয়ারল্যান্ড দলে বাঁহাতি ব্যাটসম্যান চারজন। পরের ম্যাচে তাই অফ স্পিনারদের দিকেই তাকিয়ে কোচ, ‘তাদের চারজন বাঁহাতি ব্যাটসম্যান, আমাদের তাই অফ স্পিনার লাগবে। আশরাফুল দলে এলে কিছুটা কাজ হবে। তবে হাতে এখনো দুই দিন থাকায় এ নিয়ে ভাবার সময় আছে।’ আয়ারল্যান্ড ম্যাচে আশরাফুলের খেলার কথা আগের দিন জানা গিয়েছিল টিম ম্যানেজমেন্ট সূত্রে। কাল সেই খবরে কিছুটা হলেও অনিশ্চয়তা ঢেলে দিলেন সিডন্স, ‘হাতে যেসব সুযোগ আছে, আমরা তার সবই পরীক্ষা করে দেখব। এমনও হতে পারে, সবাইকে আরেকটা করে সুযোগ দিতে পরের ম্যাচে আগের দলটাই খেলল।’ছুটির দিনে এটাই বোধ হয় সবচেয়ে বড় খবর বাংলাদেশ শিবির থেকে।