ছুটির দিনে বাজার
বেশ কয়েকটি থ্রি-পিস দেখার পর একটি পছন্দ হলো স্কুলছাত্রী শম্পার। মায়ের হাত ধরে সে কাপড় কিনতে এসেছে শিল্পকলা একাডেমীর দক্ষিণ ফটকের সামনের সড়কে। প্রতিদিনের ব্যস্ত এই সড়ক শুক্রবার ছুটির দিনে হয়ে ওঠে বাজার। ‘বাইরের দোকান থেকে তো সারা বছর থ্রি-পিস কিনি। দোকানে কিনতে গেলে যখন কাপড় পছন্দ না হয়, তখন অনেক দোকানিই বিরক্ত হয়। এখানে এ রকম কিছু নেই। তাই এখানে কাপড় কেনার মজাই আলাদা।’ বলছিল শম্পা।যেখানে বাজার বসে সেই সড়কটি মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমীর সামনে দিয়ে সেগুনবাগিচা চলে গেছে। এ সড়কের একাংশজুড়ে প্রতি শুক্রবার বাজার বসে। এটা মূলত ফুটপাতের হকারদের পুনর্বাসনের জন্য ‘হলিডে মার্কেট’ হিসেবে চালু হয় ২০০৭ সালে। নিত্যপ্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এখানে। পায়ের জুতো থেকে চুলের চিরুনি পর্যন্ত প্রায় সবকিছু। রান্নাঘরের ঘটিবাটি সবই রয়েছে, যেগুলো কিনলে রান্নার কাজটা সহজ হয়ে যাবে অনেকটাই। আবার জামায় লাগানোর লেস, চুমকিদানাও বাদ নেই। ছোটদের স্কুলব্যাগ, বড়দের ব্যাগ, মহিলাদের বিভিন্ন ধরনের হাতব্যাগও রয়েছে হকারদের তালিকায়। তবে এসবের মধ্যে কাপড়ের দোকানই বেশি। হরেক রকমের কাপড়। জামা, বিছানার চাদর, শাড়ি, ওড়নাসহ সব কিছুর পসরা সাজিয়ে বসেছেন হকাররা। থানকাপড়, গজকাপড় আবার পিস-কাপড়ও পাওয়া যায় এখানে। পার্বত্য বান্দরবানের চাকমা উপজাতিদের হাতে তৈরি বিছানার চাদর, জামার কাপড়ও দেখা গেল ছুটির এ বাজারে। রয়েছে শার্ট, প্যান্ট, টি-শার্ট, বেল্টসহ সাজগোজের বিভিন্ন পণ্য।ক্রেতার ভিড়ে হকারদের কথা বলার ফুরসত নেই। ক্রেতাদের কাপড় দেখাচ্ছিলেন আর একটু একটু কথা বলে তাঁরা জানালেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হয়, তখন এ জায়গাসহ আরও কয়েক জায়গায় ‘হলিডে মার্কেট’ চালু হয়। ছুটির দিনের এই বাজার শুধু হকারদের জন্য। কিন্তু পরবর্তী সরকারের সময় আবার হকাররা চলে যায় নিজের জায়গায়। বন্ধ হয়ে যায় বেশির ভাগ ছুটির দিনের বাজার। তবে বন্ধ হয়নি শিল্পকলা একাডেমীর সামনের এ বাজারটি।দোকান থেকে কেনার চেয়ে এখানে কোনো পণ্য কিনলে একটা সুবিধা আছে। এখানে সব পণ্য সাজানো থাকে, একটার পাশে আরেকটা। তাই সহজেই বেছে নেওয়া যায় পছন্দের কাপড়টি। শরীরের সঙ্গে কাপড়ের রং খাপ খায় কি না, কাপড় হাতে নিয়ে দেখতে দেখতে তা-ই জানালেন মোহাম্মদপুরের তাবাসসুম। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাধীনতা উৎসব দেখতে এসে এক ঢিলে দুই পাখি মেরেছেন তিনি। স্বাধীনতা উৎসবও দেখা হয়েছে আবার দরকারি জিনিসপাতিও কেনা হয়েছে।ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি দেখা গেল। এখানে কোনো কিছু কিনতে হলে দামের ব্যাপারে একটু ঝানু হতে হবে। না হয় ঠকতে হবে। কারণ, হকারদের কেউ কেউ চড়া দাম হাঁকিয়ে থাকেন। তবে বেশি দাম যেমন হাঁকায় তেমনি কম দামেও পাওয়া যায় অনেক কিছু, যেটার দাম কোনো শো-রুমে কিংবা দোকানে অনেক বেশি।সড়কের একপাশে পণ্যের পসরা সাজানো, অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। শুক্রবার সকাল নয়টা থেকেই শুরু হয় এ বাজার আর শেষ হতে হতে সন্ধ্যা সাতটা পেরিয়ে যায় কোনো কোনো দিন। এখানে এলে শিল্পকলা একাডেমীর ভেতরেও একটু ঢুঁ মারতে পারেন। সেখানে গিয়ে নাটক, শিল্পকর্ম প্রদর্শনী কিংবা অন্য কোনো অনুষ্ঠান উপভোগ করে বাসায় ফেরা যাবে।