ছুটির দিনে মেলায় চিরচেনা জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমন হয় বরাবর ঠিক তেমনই, গতকাল শুক্রবার গ্রন্থমেলার প্রধান বৈশিষ্ট্য ছিল সকাল থেকে রাত অবধি অবিরাম জনস্রোত। মূলমঞ্চে শিশু-কিশোরদের আবৃত্তির চূড়ান্ত প্রতিযোগিতার পর্ব ছিল সকাল সাড়ে ১০টায়। তখনই মেলার দোর খুলে দেওয়া হয় শিশু ও নারীদের জন্য। দুপুর একটা পর্যন্ত ছিল শিশুপ্রহর। তার পর থেকেই প্রবেশের জন্য আমজনতার সারি। বিকেলের দিকটায় সারির উত্তরের প্রান্ত রোকেয়া হলের কাছাকাছি, দক্ষিণে শহীদ মিনার ছুঁইছুঁই। একপর্যায়ে ভেতরে অবস্থা এমন, যেন পা ফেলার জায়গা নেই। পথের যানজটের মতোই মেলার ভেতরে জনজট। তা সত্ত্বেও ধৈর্য ধরে মন্থর পায়ে এগিয়েছেন গ্রন্থানুরাগীরা। ঠেলা-ধাক্কা সামলে নিয়ে স্টলের সামনে জায়গা করে পছন্দের বইটি কিনেছেন। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা ছিল বহুগুণ বেশি। আজ শনিবারও মেলার ফটক খুলবে সকালে। শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে সাড়ে ১০টায় মূলমঞ্চে।মেলার চরিত্র নির্ধারণ করা দরকার: কবি ও কথাশিল্পী আবুবকর সিদ্দিকের সঙ্গে গতকাল কথা হলো মেলা প্রাঙ্গণে। তিনি বললেন, ‘মেলা অনেক দিনের পুরোনো হয়ে গেল। এখন এর নিজস্ব চরিত্র নির্ধারণ করা দরকার। এই বই-বাণিজ্য, তাৎপর্যহীন ভিড়, লঘু এবং নিম্নমানের লেখার গাদা গাদা প্রকাশনা নিয়ে যে মেলা চলছে, তাতে যে উদ্দেশ্যে মেলা করা, তা কতটা পূরণ হচ্ছে সে প্রশ্ন থেকে যায়। প্রকাশনার গুণগত মান কীভাবে উন্নত করা যায়, যেনতেন বইয়ের ভিড়ে যাতে মানসম্মত বই হারিয়ে না যায়—আমার মনে হয় এ বিষয়ে এখন গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। নিম্নমানের এসব বইয়ের জন্য পাঠক মানসম্মত ও ভালো বই খুঁজে নিতে পারছেন না। এ ক্ষেত্রে মেলার পরিসরের সংকীর্ণতাও সমস্যা সৃষ্টি করেছে।’ এবার মেলায় অঙ্কুর থেকে আসছে তাঁর স্মৃতিকথা বৃতিময় স্মৃতিময়, কথা প্রকাশনী থেকে কাব্য হাওরের হাহাকার, ইত্যাদি থেকে মুক্তিযুুদ্ধভিত্তিক উপন্যাস একাত্তরের হূদয়ভস্ম এবং শুদ্ধস্বর থেকে শ্রেষ্ঠ গল্প।পুরস্কার: গতকাল ঘোষণা করা হয়েছে ২০০৯ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। প্রচলিত রীতি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মেলামঞ্চে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হবে। এ ছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার।নতুন বই: প্রচন্ড ভিড়ের মতো গতকালও প্রচুর বই মেলায় এসেছে। তথ্যকেন্দ্রে জমা পড়েছে ২০৬টি নতুন বই। সব মিলিয়ে ১৯ দিনে মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৭২। এর মধ্যে কবিতা সর্বাধিক: ৫২৬টি। এ ছাড়া উপন্যাস এসেছে ৪২০টি ও গল্পগ্রন্থ ২৫০টি। শুক্রবারের নতুন বইয়ের মধ্যে কয়েকটি ছিল: ইত্যাদি থেকে রফিকুর রশীদের মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর; ইসহাক কাজলের গবেষণাগ্রন্থ সুরমা উপত্যকার চা-শ্রমিক আন্দোলন: অতীত ও বর্তমান; জ্যোতি প্রকাশ থেকে আব্দুশ শাকুরের রম্যরচনা সব মিথ্যে মিথ্যে নয়; মাওলা ব্রাদার্স থেকে মাহমুদ আল জামানের কাব্য কোন একদিন ভুবনডাঙায়; শোভা প্রকাশ থেকে তারেক শামসুর রেহমানের প্রবন্ধ বাংলাদেশের পূর্বমুখী পররাষ্ট্রনীতি, একটি মূল্যায়ন; জাতীয় সাহিত্য প্রকাশ থেকে যতীন সরকারের প্রবন্ধ আমার রবীন্দ্র অবলোকন, আফসার থেকে বদরুদ্দীন উমরের প্রবন্ধ কার দিন বদল হলো; সৃজনী থেকে আহসান হাবীবের ভৌতিক গল্প শুধু ভূত; মাওলা ব্রাসার্স থেকে বেবী মওদুদের প্রবন্ধ আমার রোকেয়া; পারিজাত প্রকাশনী থেকে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বধ্যভূমি ও গণকবর নিয়ে মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর প্রবন্ধ বধ্যভূমি: বিচ্ছিন্ন স্মৃতি। এ ছাড়া অন্যান্য বইয়ের মধ্যে ছিল সাহিত্য প্রকাশ থেকে আনোয়ার কবিরের গবেষণাগ্রন্থ সশস্ত্র বাহিনীতে গণহত্যা: ১৯৭৫—১৯৮১; গতিধারা থেকে আবুল হোসেনের কবিতাসমগ্র; অন্যপ্রকাশ থেকে এসেছে ডা. সজল আশফাকের চিকিত্সাবিষয়ক গ্রন্থ সুখের দিনে অসুখ বিনে; পাঠসূত্র থেকে প্রথম আলো ব্লগারদের উপন্যাস নির্বর্ষ শ্রাবণ; হামিদ কায়সারের গল্প আদম হাওয়া বন্দুক; রিদম থেকে দেলোয়ার হোসেনের কাব্য জলে রূপের ছায়া ইত্যাদি।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে গতকাল যে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়েছে তার মধ্যে কয়েকটি ছিল: ক্যাথার্সিস থেকে প্রকাশিত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ও ডিগবাজী, যুক্ত থেকে প্রকাশিত ফজলে এলাহীর মাহমুদের একাত্তরের বিদেশী বন্ধু, বার্ড থেকে প্রকাশিত মোসলে উদ্দিনের ইতিহাসের রূপরেখায় লালমোহন এবং একুশে বাংলা থেকে তরুণ বড়ুয়ার ভ্রমণকাহিনি ফ্লোরেন্সের পথে।অনুষ্ঠান: মেলার মূলমঞ্চে গতকালের আলোচনায় বিষয় ছিলেন ভাষা-সংগ্রামী কবি হাসান হাফিজুর রহমান। সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন রফিকউল্লাহ খান, আলোচনা করেন হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা ও অসীম সাহা। পরে মোহাম্মদ রফিকের কাব্যনাটক কপিলা পরিবেশন করে আবৃত্তি সংগঠন ধ্বনি। ভোরের পাখি ও নটরাজের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আজ শনিবার এবং এর পরদিনই তো সেই চিরগৌরবোজ্জ্বল অমর একুশে। মেলার জনসমুদ্রের এ রূপ অব্যাহত থাকবে এ দুই দিন।