ছুটির দিনেও ছুটি নেই সৈয়দপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের ছুটির দিন শুক্রবারেও বাণিজ্যিক শহর সৈয়দপুরে দোকানপাট ও কলকারখানা বন্ধ থাকছে না। শ্রমিকেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত ছুটির স্বাদ, ফলে শ্রম আইন চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ মিলেছে।পৌরসভার সূত্রমতে, দেশের অষ্টম বৃহত্তম জনবহুল শহর সৈয়দপুর। ৩৪ বর্গকিলোমিটারের এ শহরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা অবস্থিত। বৃহত্তর রংপুর-দিনাজপুরের আট জেলার কেন্দ্রস্থল হওয়ায় সৈয়দপুরকে ঘিরে এই এলাকার ব্যবসা অঞ্চল (ট্রেড জোন) গড়ে উঠেছে।সূত্রটি জানায়, শহরে প্রায় ১৫ হাজার ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে দোকান ও প্রতিষ্ঠান পর্যায়ে। একইভাবে পৌরসভার নিজস্ব দোকান রয়েছে এক হাজার। এসব দোকান ও শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এ জনপদে।সাবেক সাংসদ আলিম উদ্দিন জানান, সৈয়দপুরে দিন কী রাত তা বোঝার উপায় নেই। রাত জেগে শ্রমিকেরা কাজ করেন বলে এখানকার ব্যবসা-বাণিজ্য চলে রাতেই বেশি। ফলে বেশির ভাগ দোকানপাট ও খাবারের রেস্তোরাঁতে জমজমাট বেচাকেনা হয়। তবে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সরকারের কিছু বিধিনিষেধ থাকায় রাতের সৈয়দপুরের ঐতিহ্য এখন কিছুটা ম্লান বলে তিনি জানান।সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, লক্ষাধিক শ্রমিক সৈয়দপুরের শিল্পপ্রতিষ্ঠান ও দোকানপাটে কাজ করেন। কিন্তু ওই শ্রমিকেরা কোনো বিনোদনের সুযোগ পান না। কারণ হিসেবে তিনি জানান, শুক্রবার দোকানপাট বন্ধ থাকছে না, মালিকেরা শ্রমিকদের কাছে অতিরিক্ত শ্রম আদায় করলেও তাঁদের দেওয়া হয় না ওভারটাইম কিংবা বেশি কাজের জন্য প্রণোদনা বোনাস (ইনসেনটিভ)। অথচ এসব দেখভালের জন্য সৈয়দপুরে রয়েছে দোকান ও প্রতিষ্ঠান পরিদর্শকের কার্যালয়।শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হচ্ছে শহীদ ডা. শামসুল হক সড়ক। সরেজমিনে ওই এলাকায় গেলে শুক্রবার ৯ এপ্রিল অধিকাংশ দোকানপাট খোলা থাকতে দেখা যায়। ওই এলাকার জুতা ব্যবসায়ী সৈয়দ মোবিন জানান, শুক্রবার ভালো বেচাকেনা হয়। রেলকারখানা বন্ধ থাকে এবং ক্যান্টনমেন্টে সৈনিকদের ছুটি থাকে, এ জন্য প্রচুর ভিড় হয় বাজারে। অনুরূপ ছুটির দিন বলে আশপাশের জেলা ও উপজেলাগুলো থেকেও ক্রেতারা আসে সৈয়দপুরে।সোহাগ সাজ ঘর নামের একটি কসমেটিক দোকানের মালিক নিয়াজ আহমেদ জানান, দোকান বন্ধ রাখার ইচ্ছা থাকলেও অন্যান্য দোকান খোলা থাকায় সেই নিয়ম মানা হচ্ছে না। উত্তরাঞ্চলের বৃহত্তম বিপণি সৈয়দপুর প্লাজার অধিকাংশ দোকানও খোলা থাকে শুক্রবার।নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, দোকান ও প্রতিষ্ঠানের পরিদর্শককে মোটা অঙ্কের বখরা দিয়ে শুক্রবার ব্যবসায়ীরা দোকান খোলা রাখছেন। একই অবস্থা দেখা যায় সৈয়দপুর বিসিক শিল্প নগরীর শিল্পকারখানাগুলোর বেলাতেও। প্রায় প্রতিটি শিল্পকারখানা সচল দেখা গেছে সেখানে। এর বাইরের কারখানাগুলোতেও দিন-রাত কাজ হতে দেখা গেছে।সৈয়দপুর প্লাজার দোকান-কর্মচারী রেজাউল হক জানান, সপ্তাহে ছুটি না থাকায় কর্মচারীদের কাজে স্পৃহা নষ্ট হচ্ছে, ছুটির জন্য বারবার মালিকের কাছে ধরনা দিয়ে কোনো ফল মিলছে না।সৈয়দপুর সার্কেলের দোকান ও প্রতিষ্ঠান পরিদর্শক নজরুল ইসলাম স্বীকার করেন, শ্রম আইন লঙ্ঘন হচ্ছে এখানে। শুক্রবার কিংবা সপ্তাহের ছুটির দিনে সৈয়দপুরে দোকানপাট বন্ধ রাখা যাচ্ছে না। তবে তিনি বখরা বা উেকাচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, খুব শিগগিরই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পৌর মেয়র ও এলাকার কাউন্সিলরদের সহযোগিতা চান তিনি।