ছুটির দিনেও প্রাণচঞ্চল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের শুক্রবারের চেয়ে ঢাকায় গতকালের শুক্রবার ছিল বেশ আলাদা। সাপ্তাহিক ছুটি। দিনের শুরু হয়েছিল বেশ ঢিমেতালেই। তার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল শহরের প্রাণচাঞ্চল্য। ঈদের আগের সম্ভাব্য শেষ শুক্রবার বলে কথা!বলা বাহুল্য, ঈদের কেনাকাটাই গতকালের শুক্রবারটিকে অন্য ছুটির দিনের চেয়ে আলাদা করে তোলে। ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই সময় ফুরিয়ে আসছে দ্রুত। যদি রোজা ৩০টি হয়, তাহলেই কেবল আরেকটি শুক্রবার পাওয়া যাবে, নয়তো গতকালই ছিল রমজান মাসের শেষ জুমা। বিপণিবিতানমুখো মানুষের পাশাপাশি রাজপথে ছিল মুসল্লিদের ভিড়। জুমায় মসজিদে উপস্থিতি ছিল বিপুল। মহানগরের সব মসজিদেই মুসল্লিদের জায়গা দিতে ছাদে বা পথের ওপর নামাজের ব্যবস্থা হয়েছে। রোজাদার মুসল্লিরা নিজেদের ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেছেন। নামাজ শেষে হাজার হাজার মানুষ যখন মসজিদগুলো থেকে বেরিয়ে আসছিলেন, তখন শহরের দৃশ্যই গিয়েছিল বদলে।রাজধানীবাসীর গত কাল দিনের বেশির ভাগ সময় গেছে মার্কেটগুলোতে ঘুরে ঘুরে। অনেকেই ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন। তাঁরা কেনাকাটার পর্ব শেষ করে ফেলতে সাপ্তাহিক ছুটির দিনটিকেই বেছে নিয়েছিলেন। অফিসপাড়া ফাঁকা থাকলেও কেনাকাটার এলাকা, বিশেষ করে, নিউমার্কেট, গাউছিয়া, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল, ধানমন্ডির মিরপুর রোড ও সাতমসজিদ রোড, গুলিস্তান, মৌচাক, নয়া পল্টন, শান্তিনগর এলাকায় ছিল উপচে পড়া ভিড়। সে কারণে এসব এলাকায় যথারীতি যানজটও সৃষ্টি হয়েছিল প্রচণ্ড।ঢাকার রাস্তায় যে দুর্বিষহ যানজট, তাতে এ মার্কেট সে মার্কেট ঘুরে পছন্দের জিনিসটি ঘরে আনা এক রীতিমতো দুঃসাহসী অভিযান চালানোর মতো ব্যাপার। তবু ঈদ বলে কথা। উৎসবের দিনে নতুন পোশাক আনন্দকে পূর্ণ করে তোলে। তাই ঈদের সময় ধনী-গরিব সবাই চেষ্টা করে পরিবারের সবার জন্য সাধ্যমতো কিছু না কিছু কেনাকাটা করতে। পথের ধকল এবং অনেক ক্ষেত্রে দামও তখন আর বিবেচ্য থাকে না।এখন চলছে সেই কেনাকাটা অভিযানের শেষ অধ্যায়। অধিকাংশ লোকই পোশাকটা কিনে ফেলেছে। তারা এখন নজর দিচ্ছে জুতা-স্যান্ডেল, প্রসাধনী ও সাজসজ্জার আনুষঙ্গিক উপকরণের দিকে।জুতার দোকানের জন্য সুপরিচিত নিউ এলিফ্যান্ট রোডের কয়েকটি মার্কেট। সেখানে দোকানগুলোতে উপচে পড়া ভিড়। গতকাল এ এলাকার জুতার দোকানগুলোতে গিয়ে দেখা গেল, বিক্রেতাদের দম ফেলার ফুসরত নেই। এবার তরুণেরা বেশি কিনছে নানা রঙের কেডস ও উঁচু হিলের জুতা। চীনের তৈরি কেডসের দাম ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা। জুতার দাম ৮০০ থেকে দুই হাজার। নামী ব্র্যান্ডের দাম আরও বেশি। ‘টপসুজ’-এর মালিক কবির চৌধুরী জানালেন, বিক্রি বেশ ভালো। তবে তাঁদের সমস্যা হচ্ছে, বিদেশি মাল আনার জন্য বিমানে প্রয়োজনীয় বুকিং পাচ্ছেন না। এ কারণে অনেকেই মাল আনতে পারছেন না। দ্রুত মাল আনতে না পারলে বিক্রি হবে না। এ নিয়ে তাঁরা খানিকটা দুশ্চিন্তায় আছেন। এই মার্কেটে মেয়েদের নানা ধরনের জুতা-স্যান্ডেল পাওয়া যাচ্ছে ২৫০ থেকে এক হাজার ৫০০ টাকায়। শিশু ও কিশোর-কিশোরীদের পাদুকা মিলবে ১০০ থেকে ৮০০ টাকায়।পোশাকের বিক্রি কমে এলেও একেবারে বন্ধ হয়নি। তা কিছু হলেও চলবে চাঁদরাত পর্যন্তই। আসলে সময়-সুযোগ, সামর্থ্য আর পছন্দের নানা সমীকরণ মেলাতে কেনাকাটা চলে শেষ মুহূর্ত পর্যন্ত। এ এলাকারই সানরাইজ ভবনের ‘চার্লিস’-এর স্বত্বাধিকারী শাহ আলম জানালেন, চারপাশে অনেক বড় বড় বিপণিবিতান গড়ে ওঠায় এখন এলিফ্যান্ট রোডে আগের মতো জমজমাট কেনাবেচা নেই। তবু পুরোনো নামকরা মার্কেট বলে ক্রেতারা আসে। চার্লিসে বিদেশি জিন্সের দাম এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা, শার্টের দাম ৫০০ থেকে ৮০০। ‘মেনজ ক্লাব’-এর বিক্রয় ব্যবস্থাপক আলীমউজ্জামান জানালেন, তাঁদের বিক্রি বেশ ভালো। শার্ট ৮৫০ থেকে দুই হাজার ২০০ টাকা, প্যান্ট ৮৯০ থেকে দুই হাজার ৪০০ টাকা।মিরপুর রোডে ঢাকা কলেজের সামনের ফুটপাতে সারা বছরই থাকে সস্তা পোশাকের পসরা। ঈদের হাওয়া সেখানেও। শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবির বিশাল পসরা। ১২০ থেকে ৪০০ টাকার মধ্যে পছন্দের পোশাক কেনা যাবে এখানে। গাউছিয়া ও ধানমন্ডি হকার্স মার্কেটে থ্রি পিসের দাম ৪৫০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে। মধ্যবিত্তের কেনাকাটার এই এলাকায় লোকসমাগমও ছিল বিপুল, সঙ্গে তাল মিলিয়ে যানজট। সন্ধ্যায় রাস্তা বন্ধ করে দিয়ে ইফতারের আয়োজন। ভিড়ভাট্টা ঠেলে এই কেনাকাটা, সাধ আর সাধ্যের নিদারুণ টানাপোড়েন, চাওয়া-পাওয়া নিয়ে হাসি-রাগ-অভিমান, গোপন কষ্ট আর প্রকাশ্য উচ্ছ্বাস—সব মিলিয়ে নাগরিক জীবনযাপনের যে অনুপম মাধুর্য ঈদের মতো আর কোনো কিছুই তা মনে করিয়ে দেয় কি?