ছুটির দিনেও বুয়েটে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্যের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার ঘোষণা দিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে উপাচার্য ও সহ-উপাচার্য অপসারিত হওয়ার আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও গতকাল শুক্রবার পর্যন্ত শিক্ষক সমিতিকে আলোচনার প্রস্তাব দেননি উপাচার্য এম নজরুল ইসলাম।১১ জুলাই থেকে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলছে। গতকাল ছুটির দিন হওয়ায় আন্দোলনকারীদের উপস্থিতি ছিল কম। তবে শিক্ষার্থীদের ছাত্রলীগ নেতা-কর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মৌন মিছিলের সিদ্ধান্ত হয়। সভা শেষে সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, আন্দোলন বানচাল করতে অনেক শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সংগঠন ও হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিএনপি-জামায়াতের টাকায় খাওয়ানো হচ্ছে বলেও প্রচারণা চালানো হচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন। লিখিত বক্তব্যে উপাচার্যের সঙ্গে সমিতি কোনো ধরনের আলোচনায় বসবে না বলেও জানানো হয়। একই সঙ্গে তাঁদের অপসারণ করতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়। শিক্ষার্থীরা গতকাল প্রশাসনিক ভবনের দেয়ালে উপাচার্য ও সহ-উপাচার্যকে ধিক্কার জানিয়ে ব্যানার টানিয়েছেন। এতে শিক্ষার্থীরা লিখেছেন, ‘বেহায়াপনাকে নতুন মাত্রা দিল ভিসি ও প্রো-ভিসি’, ‘গদি ধরে মারো টান, ভিসি হবে খান খান’, ‘লাভ নাই, যতই ট্রাই করো যাইতে হইবো’, ‘অপসারণ চাই, অপসারণ ছাড়া উপায় নাই’, ‘জনাব, ভিসি আপনার লজ্জা-শরম থাকাই উচিত ছিল’ ইত্যাদি।নিজেদের মধ্যে মারামারির কারণে বুয়েট শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলেও ক্যাম্পাসে সক্রিয় রয়েছেন পদধারী সাবেক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁরা ছাত্রদের নানাভাবে হুমকি দিচ্ছেন। শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ডেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে নামের তালিকা দেওয়ার ভয় দেখাচ্ছেন।এদিকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত দুই ছাত্রের নিবন্ধন ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের বিষয়ে অনিয়ম পেয়েছে এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি। এই দুই ছাত্র হলেন ষষ্ঠ ব্যাচের পানিসম্পদ কৌশল বিভাগের ছাত্র মোহাম্মদ মোকাম্মেল হোসাইন ও কেমিকৌশল বিভাগের ছাত্র সৌমিত্র সরকার।সম্প্রতি ফেসবুকে ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই কমিটি গঠন করেছিল। পুরকৌশল অনুষদের ডিন মুহাম্মদ জাকারিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটির অন্য দুই সদস্য ছিলেন কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাসরুর আলী ও তড়িৎ-কৌশল বিভাগের এ বি এম হারুন-উর-রশিদ।তদন্ত প্রতিবেদন বলা হয়, দুই ছাত্রের নিবন্ধন ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের যে অভিযোগ উঠেছে, সে ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইনকানুনের বিচ্যুতি ঘটেছে।এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য দীপক কান্তি দাশকে আহ্বায়ক করে গঠিত কমিটি কর্মকর্তা-কর্মচারীদের ভূতাপেক্ষ নিয়োগেও কর্তৃপক্ষের অনিয়ম খুঁজে পায়। কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল কাসেমকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি প্রশাসন কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো বিধির কোনো ব্যত্যয় করেনি বলে মন্তব্য করে।শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, সর্বশেষ তদন্ত কমিটি নিয়ে প্রথম থেকেই শিক্ষক সমিতির আপত্তি ছিল। অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের বিষয়টি প্রমাণিত হলেও ওই প্রতিবেদনে কোনো অনিয়মই উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটিতে মূলত উপাচার্যের মতামতই তুলে ধরা হয়েছে।