ছুটির দিনেও হিলি স্থলবন্দর আজ সচল
ঈদকে সামনে রেখে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর বন্দর সচল রয়েছে। দুপুর ১২টার দিকে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ ওঠা-নামার কাজ শুরু হয়।বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল প্রথম আলোকে বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে কাঁচা পণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি স্বাভাবিক রাখতে বন্দরটি আজ সচল রাখা হয়েছে। পানামা পোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।এদিকে বন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট মো. তালেব উদ্দীন বলেন, বন্দরের বাংলাহিলি কান্টসম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য কাস্টমস কার্যালয়ে আবেদন করেন। কাঁচা পণ্য দ্রুত আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সুবিধার্থে বন্দরে আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।