বইমেলার সময় হরতাল নতুন কিছু নয়। তবে গতকাল সোমবার বইমেলার অষ্টাদশ দিনে জামায়াতে ইসলামী আহূত হরতালটি মেলায় নিয়ে আসে ছুটির দিনের আমেজ। ফলে আগের দিনের বৃষ্টিবিঘ্নিত মেলার তুলনায় গতকাল বেচাকেনাও বেশ ভালো হয়েছে। না, বেচাকেনা নিয়ে খুশি নন প্রকাশকেরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি শাহবাগে যে আন্দোলন শুরু হয়েছে, তার প্রতি প্রকাশকদের সমর্থন খুবই স্পষ্ট বলে জানালেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। তিনি বলেন, ‘যে দলই করি না কেন, এই একটা দাবিতে আমরা এককাট্টা। আমরা সবাই চাই মানবতাবিরোধীদের বিচার, সর্বোচ্চ শাস্তি।’শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী বলেন, ‘আসলে লেখক-প্রকাশক-পাঠক আমরা যাঁরা বইমেলাটাকে জমিয়ে রাখি, তাঁদের মনোযোগের কেন্দ্রে এখন শাহবাগের প্রজন্ম চত্বর। আমি নিজে এখন পর্যন্ত যত সময় মেলায় ছিলাম, তারও অনেক বেশি সময় কাটিয়েছি প্রজন্ম চত্বরে।’ তাঁর মতে, যদি মেলা এক সপ্তাহের জন্য বাড়ানো যেত, তাহলে খুব ভালো হতো।একুশে ফেব্রুয়ারি থেকে বাকি দিনগুলো সকাল থেকে মেলা শুরু করে দেখা যেতে পারে বলে অভিমত দিলেন সুবর্ণ প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদ মাহ্ফুজুল হক।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘মার্চে মেলা বাড়ানো সম্ভব নয়। তবে একুশের দিন থেকে প্রতিদিন বেলা ১১টায় মেলা চালু রাখার প্রস্তাব হয়তো ভেবে দেখা যাবে।’মেলার সময় বাড়ানো নিয়ে অবশ্য লেখকদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। আনিসুল হক বললেন, ‘মন্দ কী? প্রকাশকেরা চাইলে লেখকেরা তো সম্মতি জানাবেনই।’আনিসুল হকের সঙ্গে কথা হয় প্রথমা প্রকাশনের স্টলে। প্রথমা থেকে এবার মেলায় এসেছে তাঁর উপন্যাস উষার দুয়ারে ও কাব্যগ্রন্থ তোমাকে না পাওয়ার কবিতা। মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিন মেলায় এনেছে প্রথমা। নজিরবিহীন নিপীড়নে মানুষের দুঃখ, সংঘাত ও মৃত্যু সরেজমিনে প্রত্যক্ষ করতে জিম্বাবুয়েতে গিয়ে মেলামেশা করেন হরেক রকম মানুষের সঙ্গে। তথ্য সংগ্রহের অভিযোগে তিনি বহিষ্কৃত হন। আবার বিপুল ঝুঁকি নিয়ে ফিরে যান, নিভৃতে নিজেকে প্রশ্ন করেন—হীরা ও স্বর্ণের বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটি কেন তার ৪০ লাখ মানুষের আহার জোটাতে পারছে না? লেখকের সহজ ভাষা, অতুলনীয় রসবোধ আর মানুষের প্রকৃত সত্তা তুলে ধরার ক্ষমতা ভ্রমণগল্পগুলোকে আকর্ষণীয় করে তুলেছে।নতুন বই: মেলায় গতকাল ৬৫টি নতুন বই এসেছে। নতুন বইগুলোর একটি প্রবাসী লেখক-প্রকাশক বিশ্বজিত সাহার হুমায়ূন আহমেদের শেষ দিনগুলোর মোড়ক উন্মোচন হয় গতকাল। এই বইটি এনেছে বাংলাপ্রকাশ।আবুল মাল আবদুল মুহিতের বই বঙ্গবন্ধু ও বাংলাদেশ ও আবদুল্লাহ আবু সায়ীদের বক্তৃতা সংগ্রহ: প্রথম খণ্ড সময় প্রকাশন, মুনতাসীর মামুনের বীরাঙ্গনা ১৯৭১ ও খোদেজা খাতুনের মুক্তিযুদ্ধে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা সুবর্ণ, শাহীন আখতারের গল্পের বই শিস ও অন্যান্য গল্প ও শেলী নাজের কাব্যগ্রন্থ সুচের ওপর হাঁটি বেঙ্গল পাবলিকেশন্স, কামরুজ্জামান জাহাঙ্গীরের প্রবন্ধ কথাশিল্পের জল-হাওয়া, মুজিব মেহদীর কবিতা ত্রিভুজাসম্ভাষ ও শামীম রুনার শিশুসাহিত্য গান নামের মেয়েটি শুদ্ধস্বর, আসমা আব্বাসীর উচাটন মন ঘরে রয় না অনন্যা, আনোয়ার আহমেদের বাংলার মুসলিম সমাজ ও সমসাময়িক সংবাদপত্র (১৯০৫-১৯৪৭) গোধূলি প্রকাশনী, শাশ্বত স্বপনের গল্পের বই ভাদ্র ভাসান জিনিয়াস, দেবব্রত মুখোপাধ্যায়ের দি হরিপদ টিমের শেষ পর্ব শেষ অভিযান পাঠসূত্র মেলায় এনেছে।সাহিত্য পুরস্কার ২০১২: বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ ঘোষণা করা হয়েছে গতকাল। এবার কবিতায় সানাউল হক খান ও আবিদ আনোয়ার, কথাসাহিত্যে হরিশংকর জলদাস, প্রবন্ধে সনৎকুমার সাহা, গবেষণায় খোন্দকার সিরাজুল হক, অনুবাদে ফকরুল আলম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে মাহবুব আলম, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে তপন চক্রবর্তী এবং শিশুসাহিত্যে মাহবুব তালুকদার পুরস্কার পেয়েছেন। ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে। মেলামঞ্চে: মেলার মূল মঞ্চে গতকাল ‘মোহাম্মদ মনিরুজ্জামান: কৃতি ও কীর্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন রফিকউল্লাহ খান। আসাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন মোহাম্মদ রফিকউজ্জামান, খোন্দকার আশরাফ হোসেন ও বিশ্বজিৎ ঘোষ। আজ বিকেল চারটায় রয়েছে আবু হেনা মোস্তফা কামালের ওপর আলোচনা অনুষ্ঠান।প্রকাশনা উৎসব: প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি গ্রন্থের প্রকাশনা উৎসব আজ বিকেল চারটায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা করবেন জিল্লুর রহমান সিদ্দিকী, ওয়াহিদউদ্দিন মাহমুদ, সালমা খান ও বিনায়ক সেন।