গ্রন্থমেলায় লেখক, প্রকাশকের উপস্থিতি স্বাভাবিক। সংগীতশিল্পীরাও আসেন গান শোনাতে। সেই তুলনায় সিনেমার নায়কদের দেখা যায় না সচরাচর। কিন্তু গতকাল রোববার জনপ্রিয় নায়ক ফেরদৌস এলেন গ্রন্থমেলায়। মেলায় তাঁর বই আসেনি। তিনি এসেছিলেন মোড়ক উন্মোচন করতে। মেলা চত্বরে প্রবেশ করতেই ভক্তদের কবলে পড়লেন। পাশ ঘেঁষে ছবি তোলা, বাড়িয়ে দেওয়া বই, খাতা, টুকরো কাগজে সই করার অজস্র আবদার। নিরাশ করতে চাননি কাউকে। এই করতে করতেই চলমান ভিড় নিয়ে উঠে গেলেন নজরুল মঞ্চে। আগের ছুটির দুই দিনের সরগরম পরিবেশের পরে গতকাল নিস্তরঙ্গ মেলায় জনপ্রিয় নায়কের উপস্থিতি খানিকটা হলেও হঠাৎ বৃষ্টির চাঞ্চল্য সৃষ্টি করেছিল।ফেরদৌস বললেন, ‘বইমেলায় আসার ইচ্ছে থাকে সব সময়ই, কিন্তু নানা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। হাতে সময় পাওয়ায় আজ চলে এসেছি। হঠাৎ বৃষ্টি এবং নামে গত বছর একটি গল্পের বই বের হয়েছিল। সেটাই চলছে। এবার আমার কোনো বই নেই।’একঘেয়ে ঘ্যানঘ্যান‘অমর একুশের গ্রন্থমেলা/ লেখক পাঠকের মিলনমেলা...’ এ রকম একটি ভাবসংগীত (থিম সং) এবার প্রবর্তন করেছে গ্রন্থমেলা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরই সেই গানটি বাজতে শুরু করে। এর পর থেকে চলছে তো চলছেই। অন্য গানের মেলা চত্বরে প্রবেশ নিষেধ। এমনকি এবার ‘রবীন্দ্রনাথ’ মেলামঞ্চের আয়োজনের মূল প্রতিপাদ্য হলেও তাঁর গানও মাইকে প্রচার মানা। শুধু বিকেল থেকে অঙ্গুলিমেয় শ্রোতার সামনে সুদীর্ঘ আলোচনা পর্বের পরই কবির গান মেলায় পরিবেশিত হয়।গতকালও তথ্যকেন্দ্র থেকে অনবরত বাজানো হচ্ছে সেই ভাবসংগীতের একঘেয়ে ঘ্যানঘ্যান। কর্তৃপক্ষ ভাবতেই পারছে না তাদের এই সৃষ্টি মেলায় আসা লোকেদের কতটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘মাঝেমঝে মৃদু শব্দে রবীন্দ্রনাথের গানও বাজাতে পারতো’ বিরক্ত হয়ে বললেন জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক আগামীর প্রকাশক ওসমান গনি।চীনা ভাষাচীনা ভাষা শিখতে আগ্রহীরা বেশ ভিড় জমাচ্ছিল বহেড়াতলায় ছোট পত্রিকা চত্বরে কনফুসিয়াস ক্লাসরুমে। তাই বলে এটি সত্যি সতি শ্রেণীকক্ষ নয়। চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির যৌথ ব্যবস্থাপনায় চীনা ভাষা শিক্ষার ক্লাস চলছে ওই বিশ্ববিদ্যালয়ে। স্টলটি তাদেরই। সিআরআইয়ের শহীদুল কায়সার জানালেন, চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের জন্য অনেকেই সেখানে যাচ্ছেন। পড়তেও যাচ্ছে অনেক ছাত্র। তাই চীনা ভাষা শিক্ষার কোর্স চালু করা হয়েছে। এর বিশেষত্ব হলো, বাংলা মাধ্যমে কোর্সটি পরিচালনা করা হচ্ছে। স্পোকেন কোর্স তিন মাসের, ছয় মাসের সার্টিফিকেট ও এক বছরের ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা সম্পন্ন করে ছাত্ররা চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারে।মোড়ক উন্মোচনরোববার নজরুল মঞ্চে পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে জ্যোতিপ্রকাশ থেকে নূর-উল আলমের টিভি নাটকের চিত্রনাট্যগ্রন্থ দংশন-এর মোড়ক উন্মোচন করেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস। বিভাস থেকে প্রকাশিত জুলিয়া কানিজের কবিতার বই নিসর্গিক নক্ষত্রের রাতের মোড়ক উন্মোচন করেন কবি খোন্দকার আশরাফ হোসেন।নতুন বইগতকাল মেলায় লোকসমাগম যেমন কম ছিল, তেমনি আগের দুই দিনের চেয়ে নতুন বইয়ের সংখ্যাও কমেছে। এদিন বই এসেছে ৯৭টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিল সময় থেকে মুনতাসীর মামুনের মাদ্রিদে তিন বাঙাল। বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম দীর্ঘদিন স্পেন-প্রবাসী। আরও এক নন্দিত শিল্পী হাশেম খান ও লেখক বেড়াতে গিয়েছিলেন স্পেনে। তাঁদের ভ্রমণ অভিজ্ঞতার সঙ্গে শিল্পকলার নানা বিষয় নিয়ে এই বই। বইয়ের সঙ্গে তিন বাঙালও উপস্থিত ছিলেন স্টলে। প্রথম দিন বইটির সঙ্গে শিল্পী মনিরুল ইসলামের ‘এচিং’ও শুভেচ্ছামূল্যে। সময় থেকে আরও এসেছে আনিসুল হকের চারটি উপন্যাসের সংগ্রহ চারঅনন্যা, এশিয়া পাবলিকেশনস থেকে আনু মাহ্মুদের অর্থনীতিবিষয়ক বাংলাদেশের শিল্প-কৃষি-অর্থনীতি, ডা. তাজুল ইসলামের মনোরোগবিষয়ক মন ও মানুষ-২। অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের উপন্যাস বৃষ্টি নেমেছিল, রাবেয়া খাতুনের গল্প টুকরো ছবির অ্যালবাম, দন্ত্যস রওশনের উপন্যাস আমার বন্ধুর বোন। নান্দনিক থেকে মাকিদ হায়দারের কাব্য কফিনের লোকটি, হাবীবুল্লাহ সিরাজীর ছড়া ছয় লাইনের ভূত। রোদেলা থেকে জাকির তালুকদারের উপন্যাস পিতৃগণ। অন্যপ্রকাশ থেকে বরেন চক্রবর্তীর ভ্রমণকাহিনি আইনস্টাইনের বাড়ি ভ্যানগঘের হলুদ ভুবন। ইত্যাদি থেকে হায়াৎ মামুদ সম্পাদিত উন্মোচিত হাসান (হাসান আজিজুল হকের আলাপচারিতা)। সন্দেশ থেকে সৌরীন নাগ অনূদিত সিগ্মুন্ড ফ্রয়েডের মোজেস ও একেশ্বরবাদ। আহমদ পাবলিশিং থেকে আলমগীর জলিলের গবেষণাগ্রন্থ বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। ঝিঙে ফুল থেকে আসলাম সানীর কবিতা এইতে আমার দেশ। বাংলা একাডেমী থেকে এসেছে আমিনুর রহমানের লেখা জীবনীগ্রন্থ ভাষা সংগ্রামী গাজীউল হক। তাম্রলিপি থেকে সুব্রত দেবনাথ সম্পাদিত গণিতবিষয়ক গণিতের রাজ্যে পাই। নবরাগ প্রকাশনী পরিবেশন করছে হেরিটেজ রাজশাহী থেকে প্রকাশিত মাহবুব সিদ্দিকীর গবেষণা আম।মেলামঞ্চগতকাল মেলামঞ্চের আলোচ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের কৃষি, সমবায় এবং গ্রামোন্নয়ন চিন্তা’। প্রবন্ধ উপস্থাপন করেন হাসনাত আবদুল হাই। আলোচনা করেন আবদুস সাত্তার মণ্ডল, আতিউর রহমান, খোন্দকার ইব্রাহিম খালেদ ও মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন আনিসুর রহমান। সন্ধ্যায় রবীন্দ্রসংগীত গেয়ে শোনান রোকাইয়া হাসিনা, ফাহিম হোসেন চৌধুরী, মাহিউজ্জামান চৌধুরী ও অদিতি মহসিন। আবৃত্তি করেন হাসান আরিফ। বাধ্যতামূলক মেলার ‘থিম সং’ শুনতে শুনতে ত্যক্তবিরক্ত শ্রোতারা বেশ খানিকটা রেহাই পেয়েছিল কবিগুরুর গান শুরু হলে।