ছুটির ফাঁদে..
এবারের বিজয় দিবস, আশুরা ও সরকারি ছুটি মিলিয়ে মোট তিন দিনের ছুটি পেয়ে বন্ধুবান্ধবের সঙ্গে বান্দরবান যাওয়ার পরিকল্পনা করেছিলেন ইস্কাটনের বাসিন্দা জাহিদ হোসেন। কিন্তু চট্টগ্রামগামী ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ঢাকা স্টেশনে (কমলাপুর) গিয়ে দেখেন, ১৫ ডিসেম্বর রাতের ট্রেনের কোনো টিকিটই আর অবশিষ্ট নেই। অগত্যা কমলাপুরেই এক কালোবাজারির কাছ থেকে ১৫ ডিসেম্বর রাতের তূর্ণা নিশিথা ট্রেনের ১৪টি টিকিট কিনলেন তিনি। ১৫০ টাকা মূল্যের একেকটি টিকিট কিনতে হল ৩৫০ টাকা করে।কমলাপুরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়ার কাউন্টার খোলা হয় যাত্রা শুরুর দিনের ১০ দিন আগে ভোর চারটায়! ফলে যাত্রী আসার আগেই ট্রেনের টিকিট চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে। পরিচিত মামা-চাচা না থাকলে বাসের টিকিটও কপালে জোটে না। জলপথে চলাচলকারী জলযানের টিকিটও দুষ্প্রাপ্য হয়ে পড়ে ছুটির আগেভাগেই। পরিবহনকর্তারা যদিও বলছেন, তাঁদের অগোচরেই এসব হচ্ছে, কিন্তু ভুক্তভোগীদের দুর্দশা আর কালোবাজারিদের পোয়াবারো কিন্তু জানান দিচ্ছে ভিন্ন কথা।যাত্রীরা অভিযোগ করেন, ঢাকা শহরে ভোর চারটায় স্টেশনে এসে সাধারণ যাত্রীদের পক্ষে টিকিট কাটা দুরূহ। তাই তো যাত্রীদের হাতে পৌঁছানোর আগেই ট্রেনের টিকিট চলে যাচ্ছে স্টেশনে ঘাঁটি গাড়া কালোবাজারিদের হাতে।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা স্টেশনের কুলি সর্দার, কুলি, স্টেশনের দোকানি, স্টেশন এলাকার দালালের কাছে গেলে সব সময়ই টিকিট পাওয়া যায়। কালোবাজারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা রেলওয়ের কর্তা আর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘ম্যানেজ’ করেই বেশি দামে টিকিটগুলো পেয়েছেন। যদিও ঢাকা স্টেশনের স্টেশন ম্যানেজার মুজিবুর রহমান এককথায় জানিয়ে দিলেন, রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এসবের সঙ্গে জড়িত নন। শুধু তা-ই নয়, তাঁর স্টেশনের কোনো কর্মীর নামে এ ধরনের কোনো অভিযোগের প্রমাণ কেউ যদি দিতে পারে, তবে তিনি সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেবেন।ট্রেনের টিকিটের মতোই বাসের টিকিটেরও একই দশা। কুষ্টিয়া যাওয়ার জন্য আসাদগেটের হানিফ পরিবহনে ১০ দিন আগে গিয়েও ১৫ ডিসেম্বর রাতের কোনো টিকিট পাননি। ১৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম-কক্সবাজার যাওয়ার বেসরকারি বাস কোম্পানিগুলোর টিকিট আরও আগে শেষ হয়ে গেছে। নৌপথে লঞ্চের ক্যাবিনের টিকিটও বড় কোনো ছুটির অনেক আগেভাগেই শেষ হয়ে যায়। ঢাকা ছেড়ে যাওয়ার লঞ্চগুলোতে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা থাকলেও সেগুলো তেমন একটা কার্যকর নয় বলে জানালেন চাঁদপুর-বরিশাল রুটে যাওয়া-আসা করা কয়েকজন যাত্রী।সপ্তাহের সরকারি ছুটির সঙ্গে বিজয় দিবসের ছুটি মিলিয়ে ঢাকা ছাড়ার টিকিট কাটতে গিয়ে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে। শুধু বড় ধরনের ছুটির আগের দিন নয়, সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবারের টিকিট কাটতে গিয়েও যে দুরবস্থায় পড়তে হয়, সেটা নিয়মিত যাঁরা ঢাকার বাইরে যাওয়া-আসা করেন, তাঁরাই ভালো জানেন।‘যখন দু-তিন দিন সরকারি ছুটি থাকে একটানা, তখন আমাদের পরিবহনমালিকেরা কিংবা বাস-ট্রেন কর্তৃপক্ষ স্পেশাল ট্রেন বা বাস চালু করে না কেন? ওরা তো ঠিকই জানে যে কোন সময় যাত্রীর চাপ বেশি থাকে।’—টিকিট না পেয়ে মন্তব্য করছিলেন রহমত আলী নামের এক সরকারি চাকুরে।তবে নগরবাসী যত যা-ই বলুক না কেন, যানজটে আটকা নগরজীবনের অবসাদ মুছে দেওয়ার ক্ষমতা যাদের হাতে, তাদের ঘোর তো কাটে না। তাদের ঘুম ভাঙলেই একটু স্বস্তিতে ছুটি কাটাতে ঢাকা ছাড়তে পারবে নগরের বাসিন্দারা—এ ধরনের মন্তব্য করলেন অনেকেই।