ছুটির বাজারে কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের অন্য যেকোনো দিন আসুন, এখানে একটা ব্যস্ত রাস্তা ছাড়া আর কিছুই নজরে পড়বে না। কিন্তু শুক্রবার যদি এ রাস্তায় আসেন তো দেখতে পাবেন ভিড় কাকে বলে! ক্রেতা-বিক্রেতার ভিড়ে পা ফেলা দায়। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় প্রতি শুক্রবার চোখে পড়ে এমন চিত্র। বিশাল এ রাস্তার এক পাশজুড়ে বসে হলিডে মার্কেট, যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হকাররা এসে জড়ো হন সকাল থেকে। ক্রেতারাও আসেন ঢাকা শহরের নানা জায়গা থেকে। সারা দিন ধরে চলে বেচাকেনা। জুমার দিন বলে মাঝখানে একটা বিরতি দিতে হয়। তারপর আবার শুরু হয় বেচা-বিক্রি। চলে একেবারে সন্ধ্যা পর্যন্ত।এত বড় মার্কেটে জিনিসপত্রের কিন্তু অভাব নেই। তাজা ফল, শাকসবজি, শুঁটকি থেকে শুরু করে খোলা নুডল্স, কাচের কাপ-প্লেট, থানকাপড়, জুতা-স্যান্ডেল এমনকি শীতের পোশাক পর্যন্ত মেলে এখানে। হকারদের সঙ্গে কথা বলে জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু হওয়া মার্কেটটা বেশ কয়েক বছর ধরেই এখানে বসছে। তাঁদের কথা শুনে প্রশ্ন জাগে, যদি এখানে শুধু শুক্রবার তাঁরা পণ্য বিক্রি করতে আসেন, তো সপ্তাহের অন্যান্য দিন কী করেন?জবাব দিলেন কাপড় বিক্রেতা এনামুল হক, ‘সারা সপ্তাহই আমরা হকারি করি। আমার দোকান আছে মালিবাগে। কিন্তু শুক্রবার সেইখানে কোনো বেচা-বিক্রি হয় না। তয় এইখানে আইলে বিক্রি হয় প্রচুর। তাই হেইদিনডা আমরা এহানে চইলা আহি দোকান লইয়া।’হলিডে মার্কেটে এত এত হকার জড়ো হওয়ার এটাও বোধহয় একটা কারণ। কাপড় বিক্রেতা মোহাম্মদ সেলিমও সে কথাই বললেন, ‘কাপড় নিয়া বসলে অন্যখানে যা বিক্রি হয়, এখানে এক দিনে তার ডবল বিক্রি হয়। আমরা লাভ করি কম, সেল হয় অনেক বেশি। এই বিক্রি দিয়াই সংসারের খরচ খরচা উইঠা আসে।’দেখা গেল, ক্রেতাদের ভেতরও কেনাকাটার উৎসাহটা প্রকট। বিশেষ করে প্রচুর নারী ক্রেতা ঘুরে-ফিরে বেড়াচ্ছিলেন এ হলিডে মার্কেটে। তাঁদেরই একজন ডলি মুমতাজ। হলিডে মার্কেট নিয়ে তাঁর উচ্ছ্বাসের শেষ নেই। বললেন, ‘আমার বাসা যেমন এ এলাকায়। চাকরি করি না বলে ঘর থেকে বের হওয়া প্রায় হয়ই না। তাই সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করতে মার্কেটে যেতে হয়। সেখানে আবার সামান্য জিনিসেরও আকাশ-চড়া দাম রাখে। আবার অন্য কোথাও গিয়ে ফুটপাত থেকে কিনব, সে সুযোগটাও পাই না। বাসার কাছে এই হলিডে মার্কেটটা তাই আমার অনেক কাজে আসে।’মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় হলিডে মার্কেটের মতো আরেকটা মার্কেটের দেখা মিলল সেগুনবাগিচায়, মৎস্য ভবনের রাস্তায়। শুক্রবার প্রচুর লোকজন আর হকার আসেন এখানেও। তবে এখানে থানকাপড় আর পোশাক-আশাকের দোকানই বেশি। এখানে যাঁরা কেনাকাটা করতে আসেন, তাঁরা কিন্তু তুলনামূলকভাবে বেশ অবস্থাসম্পন্ন। অর্থাৎ ফুটপাতের জিনিস বলে যে ক্রেতা সমাবেশ কেবল নিম্নবিত্তেই আটকে থাকবে তা নয়। তাই এই হলিডে মার্কেটের হকাররা দামটা বেশ চড়িয়ে হাঁকান। লোকজনও মুলামুলি করে কেনে। অনেকেই খুশি এ রকম একটা মার্কেটে আসতে পেরে। সে কথাই বেরিয়ে এল সুলতানা বেগমের মুখ থেকে, ‘আমরা যাঁরা চাকরিজীবী, তাঁদের জন্য সময় করে কেনাকাটা করতে যাওয়াটা একটু কঠিন। কিন্তু শুক্রবার বন্ধের দিন বলে যথেষ্ট সময় দিয়ে কেনাকাটা করতে পারি। আর বাসার এত কাছে যদি একটা হলিডে মার্কেট থাকে, তাহলে কেনাকাটা করাটা আরও সহজ হয়ে যায়।’