ছুরি-কাঁচিতেই পুতিনের তারুণ্য !
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাল রোববার ষাটে পা দিচ্ছেন। মজার ব্যাপার হলো, ১০ বছর আগের চেয়ে বেশি তরুণ তিনি। তবে রুশ প্রেসিডেন্টের অবয়বে তারুণ্য এমনি এমনি আসেনি। এ জন্য চিকিৎসকদের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে তাঁকে।গুজব আছে, মুখের বিভিন্ন রেখা, ভাঁজ ও দাগ সরাতে পুতিন গত বছর চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। সে সময় অস্ত্রোপচার করে নিজেকে বদলেছিলেন তিনি।পুতিনের প্রেস সচিব জানিয়েছেন, জন্মদিনে কোনো উৎসব করবেন না পুতিন। এ সময়টা তিনি পরিবারের সঙ্গে নিভৃতে কাটাবেন। ঝামেলা এড়াতে সেন্ট পিটার্সবার্গে নিজ শহরে জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এ ছাড়া সাবেক সোভিয়েত শাসকদের চেয়ে নিজেকে আলাদা করতে চান বলেই তিনি নিজেকে ভিন্ন ঢঙে উপস্থাপন করতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সাবেক শাসকদের মতো ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইচ্ছা তাঁর নেই। ৬০ বছরে এসে রুশ প্রেসিডেন্ট নিভৃতে জন্মদিন উদযাপনের চিন্তা করলেও বিভিন্ন সময়ে নিজের উদ্যমের পরিচয় দিয়েছেন তিনি। জুডোতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেসিডেন্ট তুষারঢাকা পর্বতে স্কি খেলোয়াড় হিসেবেও আলোচিত। গত বছর একদল সঙ্গী নিয়ে কৃষ্ণসাগর থেকে একটি প্রাচীন গ্রিক পাত্র উদ্ধারে অংশ নিয়েছিলেন। ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে এক আসনের গাড়ি নিয়ে ঘুরেছেন। এ বছরের শুরুর দিকে তুষারময় পাহাড়ে একদল অনভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে ‘লিজেন্ডস অব রাশিয়া’র মতো বড় হকি দলকে হারিয়ে দেন। এ ছাড়া গত মাসে সাইবেরিয়া অঞ্চলের একদল বিপন্ন সাদা বক সংরক্ষণে সেখানে বিমানযোগে যান তিনি। দ্য হিন্দু।