ছুরি মেরে ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই
পাথর ব্যবসায়ী হেলালউদ্দিনকে (৩৫) ছুরি মেরে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আজ শুক্রবার রাজধানীর বাড্ডায় লোকজনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী বাড্ডার নতুনবাজারে পাথর ব্যবসায়ী হেলালের পথরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইকারীদের হাতে অস্ত্র থাকায় ঘটনাস্থলের আশপাশে লোকজন এগিয়ে যাওয়ার সাহস পাননি। হাসপাতালে চিকিত্সাধীন হেলাল সাংবাদিকদের বলেন, বাড্ডার নয়ানগরে তার পাথরের ব্যবসা প্রতিষ্ঠান। সেখান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা-সংক্রান্ত ব্যাপারে নতুনবাজারে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় আবুল ও দীন ইসলামের নেতৃত্বে পাঁচ ছিনতাইকারী তাঁকে ছুরি মেরে ব্যাগে ভর্তি পাঁচ লাখ টাকা নিয়ে যায়। যোগাযোগ করা হলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আহত হেলাল বাড্ডার ভাটারা ইউনিয়ন শাখা যুবদলের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের সভাপতি দেলোয়ারের সঙ্গে বিরোধ চলে আসছে। দলীয় কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে।