ছুরিকাঘাতে গাড়িচালক খুন
রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে মেহেদী হাসান (৩৩) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রেন্ট-এ কারের চালক ছিলেন।পুলিশ ও মেহেদীর পরিবারের ধারণা, দুর্বৃত্তরা মেহেদীকে ছুরিকাঘাতে খুন করে তাঁর কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে তুরাগ থানার পুলিশ উত্তরার ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি রাস্তার পাশ থেকে মেহেদী হাসানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা তুরাগ থানায় গিয়ে মেহেদী হাসানের লাশ শনাক্ত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মর্গ সূত্র জানায়, মেহেদীর সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।মেহেদীর পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী সপরিবারে তুরাগ থানার রানাভোলা এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি তাঁর বড় ভাই মিজানুর রহমানের রেন্ট-এ কারের প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। প্রতিদিনের মতো মেহেদী প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফেরেননি।নিহত মেহেদীর ফুপাতো ভাই মনির হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তার পাশে মেহেদীর লাশ পাওয়া গেলেও গাড়িটি পাওয়া যায়নি।ঘটনা তদন্তকারী তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান জানান, মেহেদীর লাশ পাওয়া গেলেও গাড়িটি পাওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি হত্যা মামলা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে।মেহেদীর স্ত্রীর নাম আরজু বেগম। তাঁর গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার তুলাতুলিতে।