ছুরিকাঘাতে চট্টগ্রাম কলেজের ছাত্র নিহত
চট্টগ্রাম নগরের হালিশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুদ চৌধুরী নামের চট্টগ্রাম কলেজের স্নাতক চতুর্থ বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হালিশহর থানাধীন জে-ব্লকের ইবনে সিনা স্কুলের পাশে তাঁকে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাসুদ চৌধুরী সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার আনোয়ার চৌধুরীর ছেলে। তিনি হালিশহর জে-ব্লকের বিডিআর মাঠসংলগ্ন এলাকায় থাকতেন। মাসুদ চট্টগ্রাম কলেজে ইসলামের ইতিহাসের ছাত্র ছিলেন।এ ঘটনায় নিহত মাসুদের চাচা নওয়াব আলী চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করা হয়। এক নম্বর আসামি মহিউদ্দিন কাদেরের সঙ্গে বিরোধের সূত্র ধরে মাসুদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হালিশহর থানা-পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে মাসুদ জে-ব্লক এলাকায় তাঁর বন্ধু পান্নার দোকান ‘পান্না স্টোর’-এ বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পান্নার সঙ্গে স্থানীয় যুবক মহিউদ্দিন কাদেরের পাওনা টাকা নিয়ে বাগিবতণ্ডা হয়। এ সময় পান্নার পক্ষ নিয়ে মাসুদও মহিউদ্দিনের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) শরীফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বাগিবতণ্ডার একপর্যায়ে মহিউদ্দিন চলে যান। ঘণ্টা খানেক পর দলবল নিয়ে তিনি আবার দোকানে ফিরে আসেন। পান্না এ সময় বাইরে ছিলেন। দোকানে মাসুদকে পেয়ে মহিউদ্দিন ও তাঁর লোকজন কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাঁরা মাসুদের বুকে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে হাসপাতালের চিকিত্সকেরা মাসুদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।