রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রদলের চারজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্রদলের আহত ওই চার নেতা-কর্মী হলেন: ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী কামরুল ইসলাম, কর্মী ও আরবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী পারভেজ বিশ্বাস, সমাজকর্ম চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও আরবি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মমতাজ উদ্দিন কলাভবনের সামনের চায়ের দোকানে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে সাত-আটজন নেতা-কর্মী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর চড়াও হন। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ছাত্রদলের ওই চারজন নেতা-কর্মী আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাকেরা জানান, পারভেজের মাথায় ও পিঠে সেলাই দেওয়া হয়েছে এবং কামরুলের চোখের নিচে অস্ত্রোপচার করা হয়েছে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালামের ভাষ্য, ‘নিজেদের কমিটি নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তারা নিজেরাই মারামারি করে। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের গালিগালাজ করে। এতে উত্তেজিত হয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের মারধর করেছে।’ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রদলের শান্তিপূর্ণ অবস্থানে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।