ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত
পূর্বশত্রুতার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একপক্ষের ছুরিকাঘাত ও মারধরে অপরপক্ষের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মী রাজ ও রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘চন্দ্রমুখী’ বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দিয়ে যাচ্ছিল। হলের দক্ষিণ পাশে প্রধান ফটকের সামনে আগে থেকে ছাত্রলীগ কর্মী রিহানের নেতৃত্বে জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ ছাত্রলীগ কর্মী অবস্থান নেয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাসটির গতিরোধ করে বাসের ভেতরে থাকা ৬০-৭০ শিক্ষার্থীকে নিচে দাঁড় করিয়ে রাখে। রিহান তাঁর দলবল নিয়ে ওই বাসে থাকা রাজকে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেন এবং তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেন। তারা রুবেল নামের অপর ছাত্রলীগ কর্মীকেও রড দিয়ে মারধর করে জগন্নাথ হলের দিকে পালিয়ে যায়। এ সময় রুবেলের মাথা ফেটে যায়। ঠিক এমন সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রাইভেটকার ওই রাস্তা দিয়ে আসার সময় এ ঘটনা দেখে শিক্ষকেরা রাজ ও রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘রিহান গত পরশুর (শুক্রবার) ঘটনার কারণে আজ আমাদের পিটিয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আহতদের চিকিত্সা দেওয়া হচ্ছে।’ গত শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন পক্ষের কর্মী রিহানের সঙ্গে ছাত্রলীগের আরেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান পক্ষের কর্মী মো. রুবেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে আজ রিহান তাঁদেরকে মারধর করেন।