ছুরিকাঘাতে সাবেক ব্রিটিশ মন্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও সদ্য ক্ষমতাচ্যুত লেবার পার্টি সরকারের সাবেক ট্রেজারি মন্ত্রী স্টিফেন টিমসকে পূর্ব লন্ডনে তাঁর নির্বাচনী এলাকার অফিসে ছুরিকাঘাত করা হয়েছে। লেবার পার্টির একজন মুখপাত্র ও পুলিশ গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান।বেশ কয়েকটি আঘাতে গুরুতরভাবে আহত টিমসকে (৫৪) একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি মৃত্যুর আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে, বলেন তাঁর দলের আরেক মুখপাত্র। দীর্ঘ ১৩ বছর ক্ষমতায় থাকার পর গত সপ্তাহে লেবার পার্টি ক্ষমতাচ্যুত হয়।পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যায়। টিমস তখন পূর্ব লন্ডনের একটি লাইব্রেরিতে তাঁর নির্বাচকমণ্ডলীর সঙ্গে একটি মাসিক সভায় মতবিনিময় করছিলেন। এ ঘটনায় ২১ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। টিমস ১৯৯৪ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি টেলিযোগাযোগশিল্প ও একটি স্থানীয় কাউন্সিলে কাজ করতেন। লেবার পার্টি ক্ষমতায় থাকাকালে তিনি প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও তাঁর পূর্বসূরি টোনি ব্লেয়ারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের স্নাতক টিমস ১৯৭৯ সাল থেকে পূর্ব লন্ডনে বসবাস করে আসছেন।