ছেলে অপহূত, মা-মেয়ে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের বাড়ি থেকে পুরান ঢাকায় স্কুলে আসার পথে পরাগ মণ্ডল নামের ছয় বছরের এক শিশুকে অপহরণ করেছে কয়েকজন সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা পরাগের মা, এক বোন ও তাঁদের গাড়ির চালককে গুলি করে।আজ রোববার সকাল সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পরাগ পুরান ঢাকার বাংলাবাজার এলাকার হিট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। আর তার দুই বোন পিনাকি সানফ্রান্সিসকো স্কুলে চতুর্থ শ্রেণী ও পিয়াল প্রথম শ্রেণীতে পড়ে। পরাগের বাবা বিমল মণ্ডল জিকো ব্যাটারি প্রতিষ্ঠানের মালিক।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গাড়ির চালক নজরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজ সকাল সাতটার দিকে তিনি গাড়ি নিয়ে স্কুলের উদ্দেশে বাচ্চাদের আনতে যান।এ সময় তিনি গাড়ি থেকে একটু দূরে একজন যুবককে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলতে দেখেন। এর পরপরই দুই যুবক এসে তাঁর কাছে গাড়ির চাবি চায়। কিন্তু তিনি তা দিতে না চাইলে তারা তাঁকে গুলি করে। গুলিটি তাঁর বাঁ হাতে লাগে। এরপর ওই যুবকেরা পরাগকে নিয়ে যেতে চাইলে তাদের সঙ্গে পরাগের মা-বোনদের ধস্তাধ্বস্তি হয়। এ সময় সন্ত্রাসীরা এলোমেলো গুলি ছোড়ে। পরাগের মা লিপি মণ্ডলের বুকে ও বোন পিনাকির পায়ে গুলি লাগে। এরপর তারা পরাগকে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়।বিমল মণ্ডলের মা সাবিত্রী মণ্ডল জানান, লিপিকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে আর পিনাকি ও গাড়ির চালক নজরুল ইসলামকে (৩৫) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে বিমল মণ্ডল স্ত্রীর সঙ্গে হাসপাতালে রয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পরপরই সাদা পোশাকে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে।ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, কী কারণে অপরহরণ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।