শিশু সামিউলকে খুন করেছে কে, পুলিশ এখনো তা নিশ্চিত হতে পারেনি। সামিউলের মা আয়েশা হুমায়রা গ্রেপ্তারের পর পুলিশকে বলেছেন, তিনি নন, তাঁর প্রেমিক শামসুজ্জামান আরিফ এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তবে তিনি নিজে ঘটনার আগে-পরে কিছুই জানতেন না।আদাবর থানা সূত্র জানায়, গতকাল শুক্রবার আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে আনা হয়েছে। নিজের ছেলেকে খুনের অভিযোগে গত বৃহস্পতিবার পুলিশ আয়েশাকে গ্রেপ্তার করে। তবে আরিফকে পুলিশ এখনো খুঁজে পায়নি। গতকাল আয়েশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদাবর থানার অপারেশন কর্মকর্তা আজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে আয়েশা আরিফের সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি জানান, ১৯ ও ২০ জুন আরিফের সঙ্গে তাঁর অনৈতিক কাজ সামিউল দেখে ফেলে। সামিউল তার বাবাকে এসব কথা বলে দেবে বলে জানায়। তাঁর ধারণা, এ কারণেই আরিফ তাঁর ছেলেকে খুন করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী শাহান হক জানান, আরিফ গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল, সে তথ্য বেরিয়ে আসবে।আয়েশা পুলিশকে জানান, তিন বছর আগে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের ৬ নম্বর সড়কে আরিফের স্ত্রীর বিউটি পারলার ছিল। ওই বিউটি পারলারে আসা-যাওয়া করার সময় আরিফের স্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর একই এলাকায় তাঁরা পাশাপাশি ফ্ল্যাটে থাকাকালে আরিফের সঙ্গে ধীরে ধীরে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিউটি পারলারের ব্যবসা সচল রাখতে আরিফ তাঁর কাছ থেকে একে একে ১৫ লাখ টাকা নেন। তাঁর স্বামীকে বিভিন্নভাবে বুঝিয়ে আরিফকে এই টাকা ধার দেন তিনি। গত তিন বছরেও আরিফ তাঁকে পাওনা টাকা দেননি। এ নিয়ে তাঁর স্বামী আদাবর থানায় জিডি করেন। অনৈতিক সম্পর্কের বিষয়টি তাঁর স্বামী পরে জানতে পারেন। এ নিয়ে তাঁর সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো ছিল না এবং আরিফের সঙ্গেও তাঁর দ্বন্দ্ব দেখা দেয়। এরপর গত বছর তাঁরা ওই বাসা ছেড়ে নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে ওঠেন। ওই বছরই বিউটি পারলারটি বন্ধ করে আরিফ তাঁর স্ত্রীকে নিয়ে বাড্ডার নুরের চালায় চলে যান। আয়েশা পুলিশকে জানান, ৮ নম্বর সড়কের বাসায় ওঠার পর ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে তিনি স্বামীর কাছে ক্ষমা চান। আট-নয় মাস ধরে আরিফ তাঁর সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন। এরপর তাঁদের মধ্যে আবার অনৈতিক সম্পর্ক শুরু হয়। আরিফ তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়ে তাঁকে বিয়ে করারও প্রস্তাব দেন। এতে তিনি রাজি হন। পাঁচ-ছয় মাস আগে তাঁর স্বামীর অনুপস্থিতিতে মালপত্র নিয়ে তিনি আরিফের বাসায় যেতে চেয়েছিলেন। পরে স্বামীর অনুরোধে তিনি থেকে যান। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মঞ্জুরুল কবীর সাংবাদিকদের বলেন, তাঁদের ধারণা, মায়ের অনৈতিক কাজ দেখে বাবাকে জানানোর ভয় দেখানোর কারণে আরিফ শিশুটিকে হত্যার পরিকল্পনা নেন।ডিসি বলেন, ছেলের লাশ শনাক্তের পর মা মুষড়ে পড়েননি। বরং ঘটনাস্থল থেকে তিনি সরাসরি বাসায় এসে কাপড়চোপড় নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে থানার অপারেশন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে থানাহাজতে আয়েশাকে ছেলের জন্য কাঁদতে দেখা যায়। গতকাল আদাবর থানায় গৃহকর্মী শাহানারা বেগম বলেন, তিনি দুই মাস আগে এই বাসায় কাজ নেন। স্বামী-স্ত্রী কথা বললেও তাঁরা আলাদা কক্ষে থাকতেন। স্বামী সকালে বাসা থেকে বের হওয়ার পর তাঁর স্ত্রীও বাইরে যেতেন। স্বামী রাতে ফেরার আগে আয়েশা বাসায় ফিরতেন। সারা দিন সামিউলকে তিনিই দেখাশোনা করতেন। পুলিশ কর্মকর্তারা জানান, গৃহকর্মী শাহানারাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তাঁকে ছেড়ে দেওয়া হবে।শিশু সামিউলের বাবা কে আর আজম হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়েশা হুমায়রা (২৭) ও স্ত্রীর প্রেমিক শামসুজ্জামান আরিফকে আসামি করেন। মামলায় বলা হয়, পাবনার আটগড়িয়ার বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে শামসুজ্জামান আরিফের (৩৮) সঙ্গে আয়েশা হুমায়রার তিন বছর ধরে পরকীয়া চলে আসছে। আরিফের সঙ্গে আয়েশার অনৈতিক সম্পর্ক সামিউল জেনে ফেলে। সামিউল এ কথা বাবাকে বলে দিতে চেয়েছিল। এ কারণে শিশুটিকে হত্যা করে লাশ গুম করা হয়। গতকাল শুক্রবার সামিউলদের বাসায় তালা লাগানো দেখা যায়। বাড়ির নিরাপত্তাকর্মীরা জানান, বৃহস্পতিবার স্বজনেরা সামিউলের লাশ গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশার মাঝবাড়িতে নিয়ে গেছে। রাতে লাশ দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।গত মঙ্গলবার নবোদয় হাউজিংয়ের এ ব্লকের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির সামনে থেকে সাড়ে পাঁচ বছরের খন্দকার সামিউল নিখোঁজ হয়। দুই দিন পর বাসার অন্তত ১০০ গজ দূরে ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রীন উডস স্কুলের নার্সারি শ্রেণীতে পড়ত।