ছেলে মাদকাসক্ত তাই মায়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর পারছি না আমার পুলাডারে নিয়া। মদ খায়, গাঞ্জা খায়, খাইয়া ঘরে আইসা ভাঙচুর করে। ঘরের জিনিসপাতি চুরি কইরা নেয়। আমারে আর শান্তি দিল না। কী পাপ করছিলাম এই পুলারে জনম দিয়া...।’ আদালতপাড়ায় এক মা এভাবেই আকুতি করছিলেন। তাঁর স্বামী বেঁচে নেই। দুই ছেলেকে খুব কষ্টে লালন-পালন করে বড় করেছেন। কিন্তু বড় ছেলেটি সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়ে। ছেলেকে ফেরাতে সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে উপায় না দেখে নিজের ছেলের বিরুদ্ধে ঠুকে দিলেন মামলা।‘আর পারছি না আমার পুলাডারে নিয়া। মদ খায়, গাঞ্জা খায়, খাইয়া ঘরে আইসা ভাঙচুর করে। ঘরের জিনিসপাতি চুরি কইরা নেয়। আমারে আর শান্তি দিল না। কী পাপ করছিলাম এই পুলারে জনম দিয়া...।’ বলতে বলতেই কেঁদে ফেলেন মা। উকিলের চেম্বারে এসেছেন মামলা করতে। মামলাটি করবেন নিজের সন্তানের বিরুদ্ধে। শুনে আঁতকে উঠি। আপন মা মামলা করবেন তাঁর ছেলের বিরুদ্ধে। ছেলেকে পুলিশের হাতে তুলে দেবেন। মা চাইছেন, ছেলে জেলে থাকুক। বিস্ময়ভরা চোখে তাকাই মায়ের দিকে। দেখেই বোঝা যায়, মা সুখে নেই। অসহায়ত্বের অদ্ভুত ছাপ তাঁর চেহারায়, চোখের করুণ দৃষ্টিতে। হয়তো বা মন থেকে চাইছেন না তাঁর ছেলের ক্ষতি হোক, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হচ্ছেন ছেলের বিরুদ্ধে মামলা করতে। ২৩ জুন খুব সকালে আদালত শুরু হওয়ার আগেই এ মায়ের সঙ্গে দেখা। মায়ের সঙ্গে কথোপকথন হলো বেশ কিছুক্ষণ। কাঁপা কাঁপা কান্নাভেজা কণ্ঠেই বলতে থাকলেন তাঁর সব কষ্টের কথা।ছেলের বিরুদ্ধে মামলা করছেন কেন?‘দেয়ালে পিঠ ঠেইকা গেছে। আর পারতেছি না। ছেলে মদ খায়, ছেলে নেশা করে। কইরা লুটপাট করে। ঘরে হামলা চালায়। টাকা না দিলে গায়ে হাত তুলে।’কত দিন ধরে আপনার ছেলে নেশাগ্রস্ত বুঝতে পারলেন? ‘তিন-চার মাস যাবৎ বেশি উৎপাত করতেছে। আমি এর আগে বুঝবার পারি নাই। মানুষজন আইসা আমারে কয়। আর ছেলের উৎপাত দেইখা বুঝতে বাকি রইল না যে আমার ছেলে নেশা লইছে।’আপনার স্বামী কোথায়—জিজ্ঞেস করতেই সজোরে কান্না শুরু করেন। বলতে থাকেন, ‘আমার স্বামী মইরা গেছে আজ সাত বছর হইল। এরপর থেইকা কত্ত কইরা দুইটা পুলারে মানুষ করবার চেষ্টা করতাছি। আমার ছোট পুলাডা দশম শ্রেণীতে পড়ে। খুব ভালো ছাত্র। কিন্তু আমার বড় পুলার উৎপাতে সে-ও পড়তে পারে না ঠিকমতো। হের বইখাতাও বিক্রি কইরা দিছিল একবার। আমি চাই না আমার এই পুলার লেখাপড়ার ক্ষতি হোক।’আপনার ছেলেদের লেখাপড়ার খরচ কীভাবে জোগাচ্ছেন, কী করেন আপনি?‘আমার স্বামী গার্মেন্টসে চাকরি করত। স্বামী মইরা যাওনের পর আমি এ গার্মেন্টসে চাকরি লই। যা পাই, তা দিয়াই সংসার আর ছেলের লেখাপড়ার খরচ চালাই। খুব কষ্ট করি। তবুও ছেলেরা মানুষ হইব, এইডাই চাইছিলাম। বাড্ডায় একটা রুম সামান্য টাকায় সাবলেট নিয়া থাকি।’আপনার বড় ছেলে কি পড়াশোনা করেছে? ‘মেট্রিক পর্যন্ত পড়ছে। এরপর আর পড়ে নাই।’তো ছেলে কীভাবে মাদকাসক্ত হলো?‘সব বন্ধুর পাল্লায় পইড়া হইছে। বাপহারা পুলাগো আমি কোনো দিন শাসন করি নাই। বাপ নাই, আবার আমি যদি শাসন করি তাহলে তো কষ্ট পাইব। কিন্তু তলে তলে যে বন্ধুরা ওর সর্বনাশ করব, কে জানত!’মামলা করার কথা কেন ভেবেছেন?‘আমার পাশের বাসায় এক ভাবির পুলাও নেশাগ্রস্ত আছিল। ওই ভাবিও তার পুলার বিরুদ্ধে মামলা করছে। ওই পুলা এখন জেলে আছে। নেশা করতে পারে না। ভালো হইয়া গেছে। ওই ভাবিই আমারে মামলা করতে পরামর্শ দিল।’ছেলেকে মাদক পুনর্বাসন কেন্দ্রে দিন। জেলে পাঠালে তো আরও খারাপ প্রভাব পড়তে পারে ছেলের ওপর।‘মাদক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করাইলে নাকি অনেক টাকা লাগে। এত টাকা কই পামু। তাই জেলের ভাত খাইলে কয় দিনে ঠিক হইয়া যাইব।’আমি আর কথা না বাড়িয়ে আইনজীবীর কাছ থেকে মামলার আরজিটি নিয়ে দেখলাম। মামলাটি সিআর ফৌজদারি। ধারা দেওয়া হয়েছে দণ্ডবিধির ৩২৩/৩৭৯/৫০৬। আরজিতে লেখা আছে, ‘আসামি বাদিনীর গর্ভজাত সন্তান বটে। আসামি প্রায়ই বাদিনীর ওপর হাত তোলে এবং অত্যাচার করে। মাঝে মাঝে নেশা করার জন্য ঘরের জিনিসপত্র চুরি করে এবং উৎপাত চালায়। এ ছাড়া মাঝেমধ্যে হুমকি দিয়া আসিতেছে।’আরজির আরেকটি প্যারায় লেখা আছে:‘এমতাবস্থায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিতে মর্জি হয়।’আমি খুব আগ্রহ নিয়ে এ মামলার শুনানি শুনতে সিএমএম আদালতে যাই। দুপুরের পর শুনানি শুরু হয়।সাক্ষীর কাঠগড়ায় মা। বিচারক জিজ্ঞেস করছেন, ‘নিজের ছেলের বিরুদ্ধে কেন মামলা করলেন?’ মায়েরও যথারীতি একই কথা, ‘ছেলে নেশা করে, যন্ত্রণা দেয়।’বিচারক জিজ্ঞেস করেন, ‘ছেলেকে পুলিশ গ্রেপ্তার করুক, আপনি চাচ্ছেন?’‘জি হুজুর, আমি চাই। ওই কয় দিন জেলের ভাত খাইলে, কয় দিন কষ্ট করলে মনে হয় ঠিক হইয়া যাইবে। তবে একটা অনুরোধ, পুলিশরে একটু বইলা দিয়েন, যেন পুলাডারে না অত্যাচার করে।’মায়ের একদিকে ছেলেকে জেলে দেওয়ার ইচ্ছা, আবার ছেলেকে যেন না মারা হয়, এই আকুতি দেখে আপ্লুত না হয়ে থাকা যায় না।বিচারক আইনজীবীকে জিজ্ঞেস করেন, বাদী সজ্ঞানে এসেছেন তো? আইনজীবীও হ্যাঁ-সূচক উত্তর দেন।বিচারক মায়ের করা মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।জানতে পারি, ১৫ দিনের মধ্যেই ছেলেকে গ্রেপ্তার করে বাড্ডা থানার পুলিশ। আদালতে চালান দিলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছেলেটি এখন জেলে আছে। একটা শঙ্কা কাজ করে। ছেলেটি জেলের অন্য অপরাধীদের সঙ্গে থেকে আরও প্রভাবিত হবে কি? জেল থেকে ছাড়া পেয়ে ভয়ংকর কোনো সন্ত্রাসীতে পরিণত হবে না তো? নাকি জেলে থাকায় সাজা পেয়ে নিজের ভুল বুঝতে পারবে ছেলেটি? মায়ের কষ্ট বুঝে ছেলেটি কি নেশা থেকে ফিরে আসবে? মামলাটির ভবিষ্যৎ কী হবে? মামলায় চার্জ গঠন, সাক্ষী—এসব পর্যায় শেষে কি চূড়ান্ত সাজা নির্ধারিত হবে? মামলাটির আইনজীবীর সঙ্গে কথা বলি। তিনি জানান, সাক্ষী পর্যায়ে মা যদি ছেলের পক্ষে সাক্ষ্য দেন, তাহলে ছেলেটি ছাড়া পেতে পারে। নেশা করে ছেলেটি অপরাধ করেছে। এই অপরাধের সাজা সে পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাজার চেয়ে ছেলেটিকে ভালো পথে ফিরিয়ে আনা কি উচিত নয়? বেসরকারি পুনর্বাসন কেন্দ্রগুলোতে অনেক টাকার দরকার হয়। এখানে একজন দরিদ্র মা কী করে টাকা দিয়ে ভর্তি করাবেন? সরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসনের কথা আইনে আছে এবং স্বল্প খরচেই তা করা যায়। কিন্তু এ বিধি তো অনেকটাই অকার্যকর।পাদটীকা:দণ্ডবিধির ৩২৩ ধারায় ইচ্ছাপূর্বক কাউকে আঘাত করার শাস্তির কথা উল্লেখ আছে। এ জন্য এক বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা এক হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। এটি জামিনযোগ্য অপরাধ। দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির শাস্তি নির্ধারিত আছে। এ জন্য দায়ী ব্যক্তি তিন বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এটি জামিন-অযোগ্য ধারা। দণ্ডবিধি ৫০৬ ধারায় অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি হিসেবে দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। যদি হুমকিটি মৃত্যু বা গুরুতর আঘাত আইনের কারণ হয়ে থাকে, তাহলে সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এটি জামিনযোগ্য অপরাধ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী, মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা নেওয়ার কথা বলা আছে।[email protected]