ছেলে-মেয়ের মধ্যে পার্থক্য করেননি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা’ শব্দটি যে এত মধুর, তা অনুভব করি মেয়ের আধো আধো উচ্চারণে ‘মা’ ডাক শুনে। একমাত্র মেয়েকে বড় করতে গিয়ে পদে পদে বুঝেছি, মায়ের দায়িত্ব পালন করা কত কঠিন আর নিজের বড় হওয়ার সময়টুকু মনে করে ভেবেছি, কত অবলীলায় আমার মা পালন করে গেছেন এই দায়িত্ব। হ্যাঁ, আমার মা পুতুল রানী দাশ। কত বিশেষণে ভূষিত করব তাঁকে? একজন মা গৃহকর্ত্রী-সমাজকর্মী-সংস্কৃতিকর্মী-হস্তশিল্প পারদর্শী মুক্তিযোদ্ধা নাকি রত্নগর্ভা?যৌথ পরিবারের মেজো বউ আমার মাকে দেখেছি বিপদে-আপদে, ভালোমন্দ—সব পরিস্থিতিতে পরিবারের সবাইকে আগলে রাখতে। বাড়ির বিয়ে, পূজা—যেকোনো অনুষ্ঠানে সবার পাশে মেজো বউ। পরম নির্ভরতায় সবাই সব দায়িত্ব সঁপে দিয়ে নিশ্চিত হতে পারত। মাত্র ১৬ বছর বয়সে চট্টগ্রামের বিরাট দাশ পরিবারে এসে নিজগুণেই নিজের জায়গা করে নিয়েছিলেন। বাবার সব কাজে পাশে থাকতেন। পরিবারের দায়িত্বের পাশাপাশি নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করেছিলেন। পাড়ার মহিলাদের নিয়ে গড়ে তুলেছিলেন মহিলা সমিতি। কত গৃহবধূ, অল্প বয়সী মেয়েদের দেখেছি মহিলা সমিতিতে সেলাই করে সংসার, পড়ার খরচ চালাতে। লেডিস ক্লাব, ইনার হুইল ক্লাব, বাওয়ার মেম্বার হয়ে সামাজিক কর্মকাণ্ডের পরিধি আরও বেড়ে যায়। চট্টগ্রামে ঘূর্ণিঝড়, বন্যা—যেকোনো দুর্যোগে নিজের সংগঠন নিয়ে সবার আগে এগিয়ে গেছেন। আমাদের গ্রামের মেয়েদের খাবার পানি সংগ্রহ করতে অনেক দূরে যেতে হতো। একবার পূজায় গ্রামে গিয়ে এটা দেখে ইনার হুইল ক্লাবের মাধ্যমে পাড়ার মধ্যেই একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন। এ ছাড়া শীতবস্ত্র, বই বিতরণ ও নানা উন্নয়নমূলক কাজ করে গেছে তিনি।মানসিক বিকাশের জন্য সংস্কৃতিচর্চা একান্ত জরুরি—এটা অনুভব করে চট্টগ্রামের পাথরঘাটায় আমার বাবা চিত্তরঞ্জন দাশের সঙ্গে মিলে পাড়ার ছেলেমেয়েদের নিয়ে গড়ে তোলেন ‘শিশুমেলা’। প্রতিবছর রবীন্দ্র-নজরুলজয়ন্তীসহ নানা অনুষ্ঠানে আমরা ব্যস্ত থাকতাম। শিল্পচর্চার বীজ তখনই আমাদের মধ্যে মনের অজান্তে রোপা হয়ে গিয়েছিল। একবার পাড়ার ৩০ জন মেয়ে একসঙ্গে একটা নাচে অংশ নিয়েছিলাম। কী যে আনন্দ হয়েছিল! পরবর্তীকালে রবীন্দ্রজয়ন্তী সংসদ ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে যুক্ত হন।অযথা বসে থেকে সময় নষ্ট করা একেবারেই পছন্দ করতেন না। বাকি সব কাজের মধ্যে হাত দুটো কখনোই থেমে থাকতে দেখিনি। সর্বক্ষণ হাতে সেলাই। হয় উল বোনা, নাহয় কাঁথা সেলাই অথবা শাড়িতে এমব্রয়ডারি কিংবা ক্রস-স্টিচের কাজ। সেলাইয়ে ডিপ্লোমাও পেয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, নাতি-নাতনি—সবার বিয়েতে উপহারের জন্য কাঁথা তৈরি করে গেছেন। টেলিভিশন দেখতে দেখতেও হাত চালাতেন। এসবের ফাঁকে চলত আচার বানানো, সস বানানো, ডালের বড়ি বানানো। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে আচার, সস, কাঁথা, বড়ি, উলের বোনা জিনিস উপহার দিতে কী যে পছন্দ করতেন!স্বাধীনতাযুদ্ধে মাকে দেখেছি সম্পূর্ণ একরূপে। কী অসীম সাহস নিয়ে পুরো পরিবারকে বাঁচিয়েছিলেন। ৭৫ বছরের শাশুড়ি, আট মাসের অন্তঃসত্ত্বা জা, পরিবারের ছোট-বড় মিলে ২০ জন ছেলেমেয়ে ও অন্যান্য আত্মীয়কে নিয়ে কোনো অভিভাবক ছাড়া একা সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে মানিকছড়ির পাহাড় টপকিয়ে সাবরুম বর্ডার পার হয়ে সবাইকে বাঁচিয়েছেন। আমার বাবা, কাকা, জ্যাঠা—কেউ সেই সময় আমাদের সঙ্গে ছিলেন না। এখনো ভাবতে অবাক লাগে, কোথা থেকে মা এত শক্তি, সাহস পেয়েছিলেন। কলকাতায় গিয়েও বসে থাকেননি। আমাদের নিয়ে মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে যুক্ত হন এবং শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে স্বাধীনতার পক্ষে কাজ করেন। ছেলেমেয়ে বড় করতে গিয়ে ছেলে ও মেয়ের মধ্যে কখনো পার্থক্য করেননি। আমরা সব সময় সমমর্যাদা পেয়েছি। উচ্চশিক্ষার জন্য দিদি ও আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মায়ের সিদ্ধান্তে পাঠানো হয়। আমাদের পরিবার থেকে আমরাই প্রথম বাইরে আসি। আমরা তিন বোনই অত্যন্ত স্বাধীনভাবে মানুষ হয়েছি। মেয়েদের স্বাধীনতায় বিশ্বাস করতেন বলে ছেলের বউদেরও স্বাধীনভাবে কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছেন ও সাহায্য করেছেন। ছেলেমেয়েদের সব দিকে পারদর্শী করতে অত্যন্ত সজাগ ছিলেন তিনি। খেলাধুলা, পড়াশোনা, সেলাই, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সব সময় ব্যস্ত রাখতেন। তাঁর সুফলও পেয়েছেন শেষ বয়সে। সার্থক তাঁর নারীজীবন। ছয় ছেলেমেয়ে—সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ছেলে উদয় শংকর দাশ লন্ডনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিবিসিতে সংবাদ পাঠ করেন, অভিনয় ও আবৃত্তিশিল্পী, বড় মেয়ে শীলা মোমেন চট্টগ্রামে ফুলকির অধ্যক্ষা ও সংগীতশিল্পী, মেজো মেয়ে শর্মিলা বন্দ্যোপাধ্যায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার, ছোট মেয়ে শাশ্বতী দাশ প্রফেসর, চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও সংগীতশিল্পী।মেজো ছেলে রবিশংকর এনওয়াইকে-লাইন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার, ছোট ছেলে কৌশিক শংকর দাশ চলচ্চিত্র ও টিভি নাটকের পরিচালনার সঙ্গে যুক্ত এবং সংগীতশিল্পী। ছেলেমেয়েদের সার্থকভাবে মানুষ করার জন্য তাঁকে ২০০৯ সালে রত্নগর্ভা উপাধি দেওয়া হয়।প্রার্থনা করি মায়ের মতো যেন নিজেদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপৃত রাখতে পারি। আমাদের কর্মকাণ্ডের মধ্যেই মায়ের আদর্শ, মা বেঁচে থাকবেন।